চোট কাটিয়ে ফিরলেন অধিনায়ক লিটন, না খেলেই বাদ সৌম্য
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পাননি সৌম্য সরকার ও মোহাম্মাদ সাইফ উদ্দিন।
ওয়েস্ট টি-টোয়েন্টি সিরিজ খেলতে চার ক্রিকেটারের সঙ্গে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে পাঠানো হয় মোহাম্মাদ সাইফ উদ্দিনকে। সন্ধ্যায় এই অলরাউন্ডার জানতে পারলেন, তাকে রাখা হয়নি দলে!
সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকারও। তার বাদ পড়ার ঘটনাও বেশ কৌতূহল জাগানিয়া। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দলে থাকলেও তিনি যেতে পারেননি সংযুক্ত আরব আমিরাতের ভিসা না পাওয়ায়। কিন্তু খেলার সুযোগ না পেয়েই তাকে হারাতে হলো জায়গা।
চোট কাটিয়ে অনুমিতভাবেই ফিরেছেন লিটন কুমার দাস। গত কয়েক দিনে মিরপুরে ব্যাটিং অনুশীলন করেছেন টি-টোয়েন্টি অধিনায়ক। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজটি খেলতে বৃহস্পতিবার সকালে সাইফ উদ্দিনের সঙ্গে চট্টগ্রামে চলে গেছেন লিটন, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও পারভেজ হোসেন ইমন।
গত মাসে এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ফোর পর্বের ম্যাচে সাইড স্ট্রেইনের কারণে ছিটকে গিয়েছিলেন লিটন। সেই চোটের কারণে পরে খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজেও। তিন সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি।
ওয়ানডে সিরিজে থাকা টি-টোয়েন্টি দলের অন্যরা চট্টগ্রামে যাবেন শুক্রবার সকালে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে হবে এই টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের সিরিজের প্রথমটি সোমবার, পরের দুটি বুধ ও শুক্রবার।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসনে, জাকের আলি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম আহমেদ সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
