বিসিবি নির্বাচন: তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি সাবেক ক্রীড়া উপদেষ্টা
বিসিবি নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে, আলোচনার জন্য ডাকা হলেও কমিটির সামনে হাজির হননি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
জাতীয় ক্রীড়া পরিষদে এসে একে একে বের হলেন তদন্ত কমিটির সদস্যরা। একজন সহকারী গিয়ে গাড়ির বনেট থেকে বের করে আনলেন একাগাদা দলিল দস্তাবেজ। সেই কাগজপত্রে কী আছে, বিস্তারিত খোলাসা করলেন না তদন্ত কমিটির প্রধান। শুধু জানালেন, নিরপেক্ষভাবে নির্বাচনের প্রক্রিয়াগুলো তুলে ধরার চেষ্টা করেছেন তারা। তবে এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অংশ যিনি, সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াকে ডাকা হলেও তিনি কমিটির সামনে হাজির হননি।
গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ‘অনিয়ম ও কারসাজির অভিযোগ’ খতিয়ে দেখতে গত মাসে এই কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানে নেতৃত্বে ৫ সদস্যের কমিটির অন্যরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সেলিম ফারুক, যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি অ্যাডমিন ও দক্ষিণ) ডিএমপি মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান এবং সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিষ্টার সালেহ আকরাম।
১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল কমিটি। তারা রোববার জমা দেন সেই প্রতিবেদন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কমিটির প্রধান বলেন, সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলে তারা প্রতিবেদন দিয়েছেন।
“তদন্ত শেষ করে তদন্ত জমা দেওয়ার জন্য এসেছিলাম আজকে। তদন্ত জমা দিয়ে গেলাম। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সর্বোচ্চ চেষ্টা করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যা পেয়েছি আমরা, সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি। আমরা কাউকে অভিযুক্ত না করে, নিরপেক্ষভাবে যা নির্বাচন সংক্রান্ত যা পেয়েছি, সে সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম।”
“রিপোর্ট দেখলে আপনারা সব বুঝতে পারবেন এর মধ্যে কী আছে না আছে। আমরা কাউকে অভিযুক্ত করিনি। আমরা নিরপেক্ষভাবে নির্বাচন সম্পর্কে আলোচনা করে রিপোর্ট করেছি।”
প্রতিবেদনের ‘ফাইন্ডিংস’ সম্পর্কে জিজ্ঞেস করা হলে বিস্তারিত বলতে চান নি তিনি, “এটা আমাদের বলা উচিত না। এটা বোর্ডে আমরা জমা দিলাম তো, এটা মন্ত্রণালয়ের কাছে থাকল। ওখান থেকে যতটুকু দরকার, যা দরকার, উনারা রিপোর্ট দিয়ে জানিয়ে দেবেন আপনাদেরকে।”
গত অক্টোবরে বিসিবির এই নির্বাচনকে ঘিরে নানা অভিযোগ ও আপত্তি চলে আসছে নির্বাচনের আগে থেকেই। ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র তুললেও পরে ‘সরকারের একটি অংশের’ প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ান সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নির্বাচনে সরকারের ‘নগ্ন হস্তক্ষেপের’ অভিযোগ তুলে সরে দাঁড়ান আরও অনেকেই।
এই বোর্ডকে অবৈধ দাবি করে গত মাস পাঁচ ধরেই সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে আছে ঢাকার বেশির ভাগ ক্লাব।
নির্বাচনে অনিয়ম ও হস্তক্ষেপ সংক্রান্ত অভিযোগগুলোতে আঙুল উঠেছিল মূলত সেই সময়ের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার দিকে। তাকেও ডাকা হলেও তিনি আসেননি বলে জানালেন তদন্ত কমিটির প্রধান।
“আসলে ডেকেছিলাম বলতেম, আসলে উনার কোন বক্তব্য বা উনি কিছু বলতে চান কি না, সেজন্য। উনাকে ‘অ্যাকিউজ’ করার জন্য না। উনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেননি।”
তদন্ত কমিটির এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াকে ফোনে জানানো হয়, তার কাছে কী কী জানতে চাওয়া হবে বা কোন ধরনের আলোচনা হবে। এরপর তাকে সময় দেওয়া হলেও তিনি আর আসেননি বা কোনো ধরনের যোগাযোগ করেননি।
তদন্ত প্রতিবেদন জমা পড়ার পর সামাজিক মাধ্যমে আসিফ মাহমুদ ব্যাখ্যা করেছেন কমিটির সামনে তার না যাওয়ার কারণ।
“আমি কেন বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দেইনি: প্রথমত, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির ওপর এখতিয়ার বহির্ভূত ভাবে তদন্ত করছে মন্ত্রণালয়। দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়ত, উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি এবং সংশ্লিষ্ট সকলে আদালত অবমাননা করছেন। চতুর্থত, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরের বোর্ডে ডিরেক্টর পদের লোভ, লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন।”
“যখন আমাকে তদন্ত কমিটি থেকে সাক্ষাৎকাদের বিষয়ে জানানো হলো, উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তারা তদন্ত করতে পারেন কি না জানতে চেয়ে কোন সদুত্তর পাইনি। কীভাবে সরকার চালাতে হয়, কীভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না। আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হব না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দেইনি।”
তদন্ত কমিটির প্রধান বললেন, কাউকে অভিযুক্ত করার জন্য নয়, স্রেফ আলোচনার জন্যই তারা ডেকেছিলেন এবং তাদের পর্যবেক্ষণ প্রতিবেদনে তুলে ধরেছেন।
“আমরা জুডিশিয়াল ইনকোয়ারি করিনি। কোনো অ্যাকিউজ করিনি, কোন চার্জ ফ্রেম করনি আমরা কাউকে অভিযুক্ত করে কাউকে তার বিরুদ্ধে আমরা ক্রিমিনাল ট্রায়ালে যেমন ৩৪২ এর মাধ্যমে নিয়ে আসতে হয়, জানতে হয়, আমরা এই প্রক্রিয়ায় যাইনি। এটা আমাদের সিস্টেমে ছিল না।”
“আমরা তদন্ত করে দেখছি সিস্টেমগতভাবে আইনে যেভাবে বলা আছে, সেভাবে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কী হয়নি, এইটুকুই আমরা রিপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। আর কিছু না। আমরা যেগুলো জিনিস পেয়েছি... সিস্টেম অনুযায়ী যা আছে, সেভাবে যা হয়েছে কি হয়নি, সেটুকু আমরা রিপোর্ট করার চেষ্টা করেছি।”
বিসিবির নির্বাচন সুন্দরভাবে করার জন্য এবং গঠনতন্ত্র সংশোধনের জন্য কিছু সুপারিশও করা হয়েছে বলে জানালেন তদন্ত কমিটির প্রধান।
