Published : 19 Mar 2026, 04:25 PM
কোচিং স্টাফে নতুন সদস্য যোগ করেছে দিল্লি ক্যাপিটালস। আয়ারল্যান্ডের সাবেক অলরাউন্ডার জন মুনিকে নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা।
৪৪ বছর বয়সী মুনিকে নিযুক্ত করার কথা বৃহস্পতিবার জানিয়েছে দিল্লি। প্রধান কোচ হেমাং বাদানি, বোলিং কোচ মুনাফ প্যাটেল, সহকারী কোচ ইয়ান বেল ও ক্রিকেট পরিচালক ভেনুগোপাল রাওয়ের সঙ্গে কাজ করবেন মুনি।
এবারই প্রথম আইপিএলে দেখা যাবে কোনো আইরিশ কোচ।
কোচিংয়ে বেশ ভালো অভিজ্ঞতা আছে মুনির। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেন তিনি। ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট অভিষেকে আফগানদের কোচিংয়ে স্টাফে ছিলেন তিনি।
আফগানদের দায়িত্ব ছাড়ার পর, ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দলের সঙ্গে কাজ করেন মুনি। আর গত বছরের শুরুতে আয়ারল্যান্ড নারী দলের অস্থায়ী কোচ ছিলেন তিনি।
২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের হয়ে ৬৪ ওয়ানডে ও ২৭ টি-টোয়েন্টি খেলেন মুনি। তিনটি (২০০৭, ২০১১ ও ২০১৫) ওয়ানডে বিশ্বকাপ ও দুটি (২০০৯ ও ২০১০) টি-টোয়েন্টি বিশ্বকাপ আইরিশদের প্রতিনিধিত্ব করেন তিনি।
ওয়ানডেতে তিন ফিফটিতে ৯৬৩ রান করার পাশাপাশি পেস বোলিংয়ে ৪৮ উইকেট নেন মুনি। আর টি-টোয়েন্টিতে তার নামের পাশে উইকেট ১০টি, রান ২৩১।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর মুনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড থেকে লেভেল ওয়ান, টু ও থ্রি কোচিং সার্টিফিকেট নেন।
এখন পর্যন্ত একবারও আইপিএল শিরোপা জেতেনি দিল্লি। গত মৌসুমে প্লে অফও খেলতে পারেনি তারা, পঞ্চম স্থানে থেকে শেষ করে আসর।