২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে এমন অভিজ্ঞতা আগে হয়নি রাশিদ খানের

১২৩ ম্যাচের আইপিএল ক্যারিয়ারে বিরল এক অভিজ্ঞতা হলো আফগান তারকার।

আইপিএলে এমন অভিজ্ঞতা আগে হয়নি রাশিদ খানের
রাশিদ খান। ছবি: আইপিএল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2025, 01:06 AM

Updated : 26 Aug 2026, 12:23 PM

পাওয়ার প্লেতে এক ওভার বোলিং করে দিলেন স্রেফ ৪ রান। পরে আরেক ওভারে ৬ রান। এরপর আর বোলিং পেলেন না রাশিদ খান। তাতে আইপিএলে বিরল এক অভিজ্ঞতা হলো আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনারের।  

গুজরাট টাইটান্সের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শনিবার ২ ওভারে ১০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন রাশিদ। আইপিএলে ২০ ওভারের কোনো ইনিংসে তার কোটার চার ওভার পূর্ণ না হওয়ার প্রথম ঘটনা এটিই।

এই পরিসংখ্যানেই ফুটে উঠছে, কতটা গুরুত্বপূর্ণ তার বোলিং।

অবশ্য রাশিদের বাকি দুই ওভার ছাড়াই ২০ ওভারে মুম্বাইকে ১৬০ রানে থামিয়ে ৩৬ রানের জয় তুলে নেয় শুবমান গিলের নেতৃত্বাধীন গুজরাট। 

২০১৭ সাল থেকে নিয়মিত আইপিএলে খেলছেন রাশিদ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে এখন পর্যন্ত ১২৩ ম্যাচে ওভারপ্রতি ৬.৮৬ করে রান দিয়ে তার উইকেট ১৫০টি।