Published : 23 Jan 2026, 05:50 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলে ফিরলেন বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। এই দুই তারকা ক্রিকেটারকে নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান।
বিশ্বকাপের অভিযানে নামার আগে শেষ পর্বের প্রস্তুতিতে এটাই হতে যাচ্ছে দুই দলের শেষ সিরিজ। ম্যাচ তিনটির জন্য শুক্রবার ১৬ সদস্যের দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না বাবব ও আফ্রিদি। সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল।
ওই সিরিজ দিয়েই দলে ফেরেন অলরাউন্ডার শাদাব খাব। এবারও জায়গা ধরে রেখেছেন তিনি। আবরার আহমেদ, মোহাম্মাদ নাওয়াজ ও উসমান তারিকের সঙ্গে স্পিন আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সামর্থ্য আছে শাদাবের।
লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ২৯ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজটি। একই মাঠে পরের দুটি ম্যাচ হবে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি।
এই সংস্করণে পাকিস্তানের মাটিতে দ্বিতীয়বারের মতো সিরিজ খেলতে আগামী বুধবার দেশটিতে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। এর আগে পাকিস্তানে একটিমাত্র টি-টোয়েন্টি খেলেছে অস্ট্রেলিয়া, ২০২২ সালের এপ্রিলে, সেটাও এই গাদ্দাফি স্টেডিয়ামে।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল: সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফাখার জামান, খাওয়াজা নাফে (উইকেটরক্ষক), মোহাম্মাদ নাওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান ও উসমান তারিক।