রাওয়ালপিন্ডিতে দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের জবাব
সাদমানের লড়িয়ে ৯৩ ও মুমিনুল-মুশফিক-লিটনের ফিফটিতে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের ব্যাটিং দেখে মুগ্ধ ধারাভাষ্যকার সিকান্দার বাখত দিনের খেলা শেষে টিভিতে বিশ্লেষণে দারুণ উপমা টানলেন। তার চোখে দিনটি ছিল মোহাম্মদ আলির বক্সিংয়ের মতো। শুরুতে প্রতিপক্ষকে ক্লান্ত-শ্রান্ত-বিরক্ত করে পরে পাল্টা আঘাত হানা! বাংলাদেশও সেরকম কিছুই দেখাল ব্যাটিংয়ে। সাদমান ইসলাম, মুমিনুল হক ও মুশফিকুর রহিমরা লড়াই করলেন দৃঢ়তায়। পরে আগ্রাসন আর নান্দনিকতার মিশেলে পাকিস্তানকে হতাশ করলেন লিটন কুমার দাস।
এই চার জনের ব্যাটিংয়ে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনটি নিজেদের করে নিল বাংলাদেশ। শুক্রবার দিন শেষ করে তারা ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে।
পাকিস্তানের প্রথম ইনিংসের রান ছুঁতে এখনও ১৩২ রান প্রয়োজন বাংলাদেশের। তবে ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান মুশফিক ও লিটনের ব্যাট আশা দেখাচ্ছে দলকে। বাইরে এখনও অপেক্ষায় মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের লড়াইয়ের শুরু সাদমানের ব্যাটে। প্রায় আড়াই বছর পর টেস্ট খেলতে নেমে ৯৩ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার। ১৮৩ বলের ইনিংসে ১২টি চার মারেন তিনি।
তার সঙ্গে কার্যকর জুটি গড়া মুমিনুল ফেরেন ঠিক ৫০ রানে। অভিজ্ঞতার সবটুকু মেলে ধরে ৫৫ রানে দিন শেষ করেন মুশফিক। পাকিস্তানি বোলারদের শর্ট বলের পরিকল্পনাকে ধ্বংস করে লিটন অপরাজিত ৫৮ বলে ৫২ রান করে।
দিনের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য খুব ভালো ছিল না। আগের দিনের ১১ রানের সঙ্গে স্রেফ আর এক রান যোগ করেই বিদায় নেন জাকির হাসান। নাসিম শাহর বলে উইকেটের পেছনে দুর্দান্ত ডাইভিং ক্যাচ নেন মোহাম্মদ রিজওয়ান।
সাদমান ও নাজমুল হোসেন শান্ত তাড়াহুড়ো না করে বেছে নেন সময় কাটানোর পথ। প্রথম ১২ ওভারে আসে ১২ রান। দিনের প্রথম বাউন্ডারি আসে ত্রয়োদশ ওভারে।
ধীরস্থির শুরুর পর শান্ত টিকতে পারেননি। খুররাম শাহজাদের রাউন্ড দা উইকেটে করা দুর্দান্ত ডেলিভারি বাংলাদেশ অধিনায়কের ব্যাট-প্যাডের ফাঁক গলে ছোবল দেয় স্টাম্পে।
মুমিনুল হক ক্রিজে গিয়ে শুরু থেকেই ছিলেন স্বচ্ছন্দ্য। অন্য প্রান্তে সাদমানও ততক্ষণে জমে গেছেন। দুজনে গড়ে তোলেন দারুণ জুটি। লাঞ্চের আগে আর উইকেট হারায়নি বাংলাদেশ।
লাঞ্চের ঠিক আগের বলে নাসিম শাহর শর্ট ডেলিভারিতে পুল করে বাউন্ডারি মেরে সাদমান পা রাখেন ফিফটিতে।
লাঞ্চের পর প্রথম বলে বাউন্ডারিতেই শুরু করেন মুমিনুল। অপর প্রান্তে সাদমান আত্মবিশ্বাসী হয়ে ওঠেন আরও। রানের গতিও বাড়তে থাকে। দুই বাঁহাতিকে থামাতে সালমান আলি আঘার অফ স্পিন কাজে লাগাতে চান পাকিস্তান অধিনায়ক। কিন্তু তাকে দুই ওভারে চার বার বাউন্ডারিতে পাঠিয়ে আক্রমণ থেকেই সরিয়ে দেন সাদমান।
মুমিনুল ফিফটি করেন ৭৫ বলে। এরপরই তার বিদায়ে ধামে ৯৪ রানের জুটি। শান্তর আউটের মতোই শাহজাদের ঠিক একই ধরনের ডেলিভারিতে প্রায় একইভাবে বোল্ড হন এই বাঁহাতি।
নিজের সবশেষ ইনিংসেও গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ঠিক ৫০ রানেই আউট হয়েছিলেন মুমিনুল।
সাদমান এগিয়ে যাচ্ছিলেন শতরানের দিকে। আরেকটি অর্ধশত রানের জুটি গড়েন তিনি মুশফিকের সঙ্গে।
তবে চা বিরতির ঠিক আগে সাদমানকে ফিরতে হয় হতাশ হয়ে। শান্ত-মুমিনুলের মতো ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড হন তিনিও। বোলার এবার ছিলেন মোহাম্মদ আলি।
সাকিব আল হাসানের শুরুটা সাবলিল হলেও টিকতে পারেননি। সবচেয়ে বাজে ভাবে আউট হন তিনিই (১৫)। অনিয়মিত বোলার সাইম আইয়ুবের অনেক বাইরের এক অতি নিরীহ বলে আলতো ড্রাইভে এক্সট্রা কাভারে সহজ ক্যাচ দেন অভিজ্ঞ অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটে প্রথম ওভারেই উইকেটের স্বাদ পান সাইম।
বাঁহাতি ব্যাটসম্যানের জন্য অফ স্পিন ও ডানহাতির জন্য লেগ স্পিন করছিলেন সাইম। লিটনকে শুরুতে একটু অস্বস্তিতেও ফেলেন তিনি। তবে থিতু হওয়ার পর লিটন আর পাত্তা দেননি কাউকে।
দ্বিতীয় নতুন বলে বাংলাদেশের ব্যাটিংয়ে ছোবল দিতে চেয়েছিল পাকিস্তান। উল্টো লিটনের পাল্টা আক্রমণে এলোমেলো হয়ে পড়েন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহরা।
বিশেষ করে নাসিম শাহর এক ওভারে তাণ্ডব চালান লিটন। প্রথম বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে দৃষ্টিনন্দন লফটেড শটে চার মারেন তিনি। এরপর লং লেগ ও স্কয়ার লেগ সীমানায় ফিল্ডার রেখে শর্ট বলের কৌশল বেছে নেন পাকিস্তানি ফাস্ট বোলার। লিটন জবাব দেন চাবুকের মতো ব্যাট চালিয়ে। দুর্দান্ত টাইমিংয়ে পুল করে বল পাঠান বাউন্ডারিতে। হুক করে ছক্কায় বল পাঠিয়ে দেন স্টেডিয়ামের বাইরে। হারানো বল আর ফেরত পাওয়া যায়নি। নতুন বল নিয়ে মাঠে আসেন আম্পায়ার। এবার আরেকটি পুল শটে বাউন্ডারি, সীমানার দুই ফিল্ডার নড়ার সময়ও পাননি।
ওভার থেকে আসে ১৮ রান। লিটন ফিফটিতে পৌঁছান ৫২ বলে।
আরেকপ্রান্তে আফ্রিদির তিন বলের মধ্যে দুটি বাউন্ডারিতে মুশফিক ফিফটি করেন ১০৪ বলে।
দিনের বাকি সময়টাও নির্বিঘ্নে কাটিয়ে দেন মুশফিক ও লিটন। দিন শেষে তুমুল করতালিতে দুজনকে ড্রেসিং রুমে বরণ করে নেন সতীর্থরা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ (ডি.)
বাংলাদেশ ১ম ইনিংস: ৯২ ওভারে ৩১৬/৫ (আগের দিন ২৭/০) (সাদমান ৯৩, জাকির ১২, শান্ত ১৬, মুমিনুল ৫০, মুশফিক ৫৫*, সাকিব ১৫, লিটন ৫২*; আফ্রিদি ১৮-৩-৫৫-০, নাসিম ২০-৪-৭৭-১, শাহজাদ ১৯-৩-৪৭-২, আলি ১৫-২-৪২-১, সালমান ১৫-১-৫৩-০, সাইম ৫-১-২৩-১)।
