২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরে বাড়ল ম্যাচ সংখ্যা

পরিবর্তিত সূচিতে দুটি করে টেস্ট ও ওয়ানডে খেলবে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2025, 06:14 PM

Updated : 10 Sep 2026, 12:29 PM

পরিবর্তন আনা হয়েছে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজের সূচিতে। যোগ করা হয়েছে বাড়তি একটি ম্যাচ। এখন দুটি করে টেস্ট ও ওয়ানডে খেলবে তারা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়ার কথা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দ্বীপদেশটিতে সফরে এখন একটি ওয়ানডে বেশি খেলার সুযোগ পাবে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে যা তাদের বাড়তি সুবিধা দেবে।

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই শ্রীলঙ্কা। প্রতিযোগিতাটির ইতিহাসে এই প্রথম খেলতে পারছে না লঙ্কানরা।

শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার ওয়ানডে দুটি হবে আগামী ১২ ও ১৪ ফেব্রুয়ারি। দুই ম্যাচই গড়াবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

প্রাথমিকভাবে শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলার কথা ছিল অস্ট্রেলিয়া। সাদা পোশাকের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৯ জানুয়ারি। দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু ৬ ফেব্রুয়ারি। দুটি ম্যাচই মাঠে গড়াবে গলে।