২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাসকিনের ওপরে শুধু মাহমুদউল্লাহ ও সাকিব

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ম্যান অব ম্যাচের রেকর্ডে তাসকিন আহমেদ এখন যৌথভাবে তিনে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 11:05 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

বল হাতে নিয়ে প্রথম ডেলিভারিতেই উইকেট। একটু বিরতির পর দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেও প্রথম বলে উইকেট। বোঝাই যাচ্ছিল, দিনটিই তাসকিন আহমেদের। সেটিকে সত্যি প্রমাণ করেই যেন নিজের শেষ দুই ওভারেও দেখা পেলেন দুটি শিকারের। চার উইকেট নিয়ে অভিজ্ঞ এই পেসারই দলের সেরা পারফরমার।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৮ উইকেটের জয়ে ম্যান অব দা ম্যাচের স্বীকৃতি জিতেছেন তাসকিন। এই রেকর্ডে তিনি এগিয়েছেন এক ধাপ।

এই নিয়ে চারবার সেরা হলেন তাসকিন। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ-সেরার রেকর্ডে যৌথভাবে জায়গা করে নিলেন তিনি তিনে।

এখানে তার সঙ্গী লিটন কুমার দাস, মুশফিকুর রহিম ও সৌম্য সরকার। ম্যাচ সবচেয়ে কম খেলেছেন তাসকিনই (৭৭)। সৌম্য খেলেছেন ৮৭ ম্যাচ, মুশফিক ১০২টি ও লিটন ১০৮টি।

তাদের ঠিক ওপরেই আছেন মাহমুদউল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেট থেক অবসরে যাওয়া সাবেক অধিনায়ক পাঁচবার সেরা হয়েছেন ১৪১ ম্যাচ খেলে।

রেকর্ডে সবার ওপরে অনুমিতভাবেই সাকিব আল হাসান। অন্য অনেক রেকর্ডের মতো এখানেও তিনি অন্যদের ধরাছোঁয়ার বাইরে। ১২৯ ম্যাচ খেলে ১২ বার ম্যান অব দা ম্যাচ হয়েছেন দেশের সর্বকালের সেরা ক্রিকেটার।

২২ বার সেরা হয়ে বিশ্বরেকর্ডটি মালেয়েশিয়ার ভিরানদিপ সিংয়ের। সিকান্দার রাজা সেরা হয়েছে ১৭ বার, ভিরাট কোহলি ও সুরিয়াকুমার ইয়াদাভ ১৬ বার করে।

তাসকিনের চার উইকেটের ম্যাচে ২৯ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন লিটন কুমার দাস। একটি রেকর্ডে বাংলাদেশের বর্তমান অধিনায়ক স্পর্শ করেছেন সাবেক অধিনায়ককে। 

টি-টোয়েন্টিতে লিটনের ত্রয়োদশ ফিফটি এটি। বাংলাদেশের হয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ডে সাকিব এতদিন ছিলেন একা। এবার তার সঙ্গী হলেন লিটন।

আট ফিফটিতে এই রেকর্ডের দুইয়ে মাহমুদউল্লাহ। 

আটবার পঞ্চাশ ছুঁয়েছেন তামিম ইকবালও। এর একটিকে তিনি রূপ দিয়েছেন শতরানে।