ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘অমর’ গাভাস্কার
টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে সুনিল গাভাস্কারের ১০ হাজার রান ছোঁয়ার মুহুর্তটি সবসময়ের জন্য জীবন্ত হয়ে থাকছে মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই এখন সামনে চোখে পড়বে সুনিল গাভাস্কারকে। ব্যাট উঁচিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। ক্রিকেটের একনিষ্ঠ অনুসারী হলে, ওই মুহূর্তটিও চোখে ভেসে ওঠার কথা এক পলকেই। শুধু তার ক্যারিয়ারের নয়, ক্রিকেট ইতিহাসের স্মরণীয়তম মুহূর্তগুলোর একটি সেটি। টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে যখন স্পর্শ করেছিলেন ১০ হাজার রান!
এমনিতেই ওয়াংখেড়ে স্টেডিয়ামের ইতিহাসের সঙ্গে মিশে আছেন গাভাস্কার। এই মাঠে তার রেকর্ড দুর্দান্ত। তবে সেখানে গাভাস্কারকে খুঁজে পেতে আর ইতিহাসের আশ্রয় নিতে হবে না। কিংবদন্তি এই ক্রিকেটারের সুদৃশ্য ভাস্কর্য উন্মোচন করা হয়েছে ঐতিহাসিক এই স্টেডিয়ামে।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) উদ্যোগে শারদ পাওয়ার ক্রিকেট জাদুঘরের যাত্রা শুরুর দিনে গাভাস্কারের ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করা হয়।
আয়োজনে অতিথি হিসেবে প্রাণবন্ত উপস্থিতি ছিল স্বয়ং গাভাস্কারের। এছাড়া তার স্ত্রী, ছেলে সাবেক ক্রিকেটার রোহান গাভাস্কার, ছেলের বউ, নাতি-নাতনি ছিলেন উপস্থিত।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে গাভাস্কার সবশেষ টেস্ট ম্যাচটি খেলার ৪০ বছর পূর্ণ হবে আগামী বছর। এখনও এই মাঠে রানের তালিকায় তার কাছাকাছি নেই কেউ। এখানে ১১ টেস্টে ৫৬.১০ গড়ে ১ হাজার ১২২ রান তার। মুম্বাইয়েরই আরেক কিংবদন্তি সন্তান সাচিন টেন্ডুলকার ১১ টেস্টে ৯২১ রান নিয়ে আছেন দুইয়ে। এই মাঠে গাভাস্কারের টেস্ট সেঞ্চুরি ৫টি। আর কোনো ব্যাটসম্যানের ২টির বেশি নেই।
তবে শুধু এই মাঠই তো নয়, গাভাস্কারের এমন পারফরম্যান্সের স্বাক্ষী গোটা ক্রিকেট দুনিয়া। অভিষেক সিরিজেই ক্যারিবিয়ান রাঙিয়ে ৭৭৪ রানের রেকর্ড গড়ে টেস্ট ক্রিকেটে তার পথচলার শুরু। সেই রেকর্ড টিকে আছে ৫৪ বছর পরও। তারপর আরও অনেক কীর্তি, অর্জন ও রেকর্ডে রাঙিয়েছেন তিনি নিজের ক্যারিয়ার। নিজেকে তুলে নিয়েছেন ইতিহাসের উচ্চতায়।
তার রেকর্ড-অর্জনের অনেক কিছুই পরে টপকে গেছেন অন্য ব্যাটসম্যানরা। তবে তার ব্যাটসম্যানশিপ এখনও অনন্য। ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনারদের একজন, সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে তিনি সমাদৃত।
ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ের অংশ তিনি। তার নেতৃত্বেই ‘মিনি বিশ্বকাপ’ নামে খ্যাত হয়ে যাওয়া ১৯৮৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব ক্রিকেটে শিরোপা জয় করে ভারত।
গর্বিত একজন ‘মুম্বাইকার’ হিসেবেও নিজেকে সবসময় পরিচয় দিতে ভালোবাসেন গাভাস্কার। মুম্বাইয়ের (তখনকার বোম্বে) হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৭ ম্যাচে ২২ সেঞ্চুরিতে তার রান ৬৪.১০ গড়ে ৫ হাজার ৮৯৮। নিজের সেই শহরে, সেই মাঠেই অমর হয়ে রইলেন তিনি।
ভাস্কর্য উন্মোচনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গাভাস্কার শোনান তার রোমাঞ্চ আর গর্বের কথা। কৃতজ্ঞতা জানান এমসিএর প্রতি।
“সত্যি বলতে আমি ভাষা হারিয়ে ফেলেছি। এমন অনন্য সম্মান পেয়ে আমি অভিভূত। জাদুঘরের ঠিক বাইরেই এরকম একটি ভাস্কর্য, সবাই এমন সম্মান পায় না।”
“আগেও অনেকবার বলেছি, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আমার মায়ের মতো। স্কুলে যখন ক্রিকেট শুরু করলাম, বোম্বে স্কুলের হয়ে খেলতাম, তখন থেকেই হাত ধরে আমাকে এগিয়ে নিয়েছে এই সংস্থা। এরপরও রাঞ্জি ট্রফি ও আরও অনেক দূরের পথচলায়ও তারা ছিল আমার সঙ্গী। মুম্বাইয়ের হয়ে খেলতে পারা ছিল অনেক বড় আশীর্বাদ ও সম্মানের। কখনও স্বপ্নেও ভাবিনি যে এসব সত্যি হবে।”
ভাস্কর্য হিসেবে বেছে নেওয়া হয়েছে তার ১০ হাজার রান ছোঁয়ার উদযাপনের মুহূর্তটি। ১৯৮৭ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে যখন আর ১ রান প্রয়োজন, অফ স্পিনার ইজাজ ফাকিহর বল লেট কাট করে থার্ডম্যানের দিকে পাঠিয়েই ব্যাট উঁচিয়ে দৌড় শুরু করেন গাভাস্কার। দুই রান নিয়ে উদযাপন করেন আবার। দর্শকেরা তখন উন্মাতাল। অনেক দর্শক মাঠে ঢুকে গিয়ে জড়িয়ে ধরে অভিনন্দন জানান তাকে। দর্শকদের উন্মাদনায় খেলা বন্ধ থাকে মিনিট বিশেক।
শট খেলেই ব্যাট উঁচিয়ে দৌড় শুরু করার মুহূর্তটিই চিরজীবন্ত করে রাখা হয়ে ভাস্কর্যে।
ম্যাচটি ছিল অবশ্য আহমেদাবাদে। তবে অর্জনটি তো ভারতীয় ক্রিকেটের জন্যই গৌরবের। সেই উদযাপনের মুহূর্তটি ভাস্কর্যে রূপ দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন এমসিএ প্রধান আজিঙ্কা নায়েক।
“আমি তার কাছে জানতে চেয়েছিলাম, ভারতীয় ক্রিকেটে তার নিজের সেরা মুহূর্ত কোনটি। তিনি কিছু ছবি আমাকে দেখিয়েছিলেন। আমার মনে হয়েছে, এটিই তার জন্য, মুম্বাই ও ভারতীয় ক্রিকেটের জন্যও সবচেয়ে সেরা মুহূর্ত।”
গাভাস্কার নিজেও এতে দারুণ আপ্লুত।
“এটা আমাকে ওই মুহূর্তটিতে নিয়ে গেছে, যখন ওই বলটি করা হয়েছিল এবং আমি ১০ হাজার রান ছুঁয়েছিলাম। দারুণ সব স্মৃতি ফিরিয়ে এনেছে এই ভাস্কর্য।”
জাদুঘরটির নামকরণ করা হয়েছে এমসিএ ও আইসিসির সাবেক সভাপতি, মহারাষ্ট্রের চারবারের মুখ্যমন্ত্রী, কংগ্রেস সরকারের সাবেক প্রতিরক্ষা ও কৃষি মন্ত্রী শারাদ পাওয়ারের নামে। তার একটি ভাস্কর্যও থাকছে এখানে। ৮৫ বছর বয়সী একসময়ের দাপুটে এই রাজনীতিবিদও এ দিন সেখানে ছিলেন উপস্থিত।
জনসাধারণের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হবে আগামী ২২ সেপ্টেম্বর।
গাভাস্কার নিজে জাদুঘরে উপহার দিয়েছেন তার স্মৃতিময় দুটি ক্যাপ। ১৯৭৬ সালের স্মরণীয় সেই লর্ডস টেস্টের নিজের জার্সি উপহার দিয়েছেন ভারতীয় গ্রেট দিলিপ ভেংসারকার, ২০২৩ বিশ্বকাপের জার্সি ও ব্যাট দিয়েছেন রোহিত শার্মা। জাদুঘরটি ক্রমে সমৃদ্ধ করে তোলা হবে আরও নানা স্মারকে।
