১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক সতীর্থের মৃত্যুর খবর শুনে মর্মাহত কোহলি ও ইউভরাজ

৩৬ বছর বয়সে মারা গেছেন ভারত অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার আমানপ্রিত সিং গিল।

সাবেক সতীর্থের মৃত্যুর খবর শুনে মর্মাহত কোহলি ও ইউভরাজ
আমানপ্রিত সিং গিল, ইউভরাজ সিং ও ভিরাট কোহলি। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 06:10 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

ভারত অনূর্ধ্ব-১৯ দল ও পাঞ্জাবের সাবেক ক্রিকেটার আমানপ্রিত সিং গিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভিরাট কোহলি ও ইউভরাজ সিং। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার চান্ডিগাড়ে মারা গেছেন আমানপ্রিত। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

আমানপ্রিত ছিলেন ডানহাতি মিডিয়াম পেসার। ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে পাঞ্জাবের হয়ে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তিনি উইকেট নেন ১১টি। ২০০৭ সালে কোহলি, রাভিন্দ্রা জাদেজা, মানিশ পান্ডে, পিয়ুস চাওলাদের সঙ্গে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেন তিনি।

ওই বছর ভারতের ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজ জয়ী দলের অংশ ছিলেন আমানপ্রিত। বাংলাদেশের বিপক্ষে ফাইনালে দুটিসহ পাঁচ ইনিংসে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। কলম্বোয় ওই সিরিজের অন্য দল ছিল স্বাগতিক শ্রীলঙ্কা।

আমানপ্রিতের মৃত্যুতে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন ভারতের ব্যাটিং গ্রেট কোহলি।

“আমানপ্রিত গিলের মৃত্যুর খবর শুনে আমি স্তম্ভিত ও মর্মাহত। তার পরিবার ও প্রিয়জনদের জন্য প্রার্থনা করছি। শান্তিতে ঘুমাও। ওম শান্তি।”

২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে তখনকার কিংস ইলেভেন পাঞ্জাব দলের অংশ ছিলেন আমানপ্রিত। সেই দলের অধিনায়ক ও সাবেক অলরাউন্ডার ইউভরাজ স্মরণ করলেন আমানপ্রিতের সঙ্গে একই ড্রেসিং রুমে কাটানো সময়ের কথা।

“আমানপ্রিত সিং গিলের মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। আমাদের (ক্যারিয়ারের) শুরুর দিনগুলোতে একসঙ্গে ড্রেসিং রুমে ছিলাম আমরা। সে ছিল শান্ত, পরিশ্রমী ক্রিকেটার, যে খেলাটিকে ভালোবাসত। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। শান্তিতে ঘুমাও। ওম শান্তি।”

পাঞ্জাবের সিনিয়র নির্বাচক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন আমানপ্রিত। তার প্রতি শ্রদ্ধা জানাতে আইপিএলে বুধবার রাতে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলার সময় কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন পাঞ্জাব কিংসের ক্রিকেটাররা।