মাঠে হোক বা বোর্ডে, তামিমকে সক্রিয় দেখতে চান বিসিবি সভাপতি
ক্রিকেট খেলোয়াড় হিসেবে কিংবা ক্রিকেট প্রশাসক হিসেবে, যে কোনো এক জায়গায় তামিম ইকবালকে ভূমিকা রাখতে বললেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে আছে প্রায় এক বছর ধরে। ভবিষ্যৎ নিয়েও আছে অনিশ্চয়তা। তবে অভিজ্ঞ ব্যাটসম্যানের সামনে আরও দুই-তিন বছরের ক্যারিয়ার পড়ে আছে বলে মনে করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শেষ পর্যন্ত তামিম যদি মাঠে না ফেরার সিদ্ধান্ত নেন, তাহলে তাকে ক্রিকেট বোর্ডে প্রশাসক হিসেবে দেখতে চান বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্তা সংস্থার নতুন প্রধান।
বাংলাদেশ দলে তামিম সবশেষ খেলেছেন গত সেপ্টেম্বরে দেশের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে। এরপর নানা নাটকীয় ঘটনাপ্রবাহে বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। বিশ্বকাপের পর তিনি বিপিএল খেলেছেন। সেখানে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়েছেন শিরোপা জয়ে। আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। পরে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। কিন্তু জাতীয় দলের কাছাকাছি তাকে দেখা যায়নি।
সম্প্রতি অবশ্য তাকে দেখা গেছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে। অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাকে মিরপুর স্টেডিয়ামের নানা কিছু ঘুরে দেখিয়েছেন তিনি। এই ঘটনাও দেশের ক্রিকেটে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
তার ভবিষ্যৎ নিয়ে কৌতূহলও জাগছে। তামিম কি জাতীয় দলে ফিরছেন নাকি তাকে দেখা যাবে ক্রিকেট বোর্ডে? এমন প্রশ্ন ঘুরছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদের প্রথম সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটি উঠল।
ফারুক বললেন, তামিমের ভাবনা জানা যাবে তার সঙ্গে কথা বলার পরই। তবে ব্যক্তিগত চাওয়া জানিয়ে রাখলেন নতুন সভাপতি।
“এক্ষেত্রে কিন্তু খেলোয়াড়ের চিন্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তামিম কী চিন্তা করছে, প্রথমে তার সঙ্গে কথা বলা দরকার, এদিক-সেদিক না ঘুরিয়ে। তামিম খুব সেন্সিবল ছেলে। আমার মনে হয়, বাংলাদেশে আমাদের সবসময়ের সেরাদের একজন।”
“আপনি যদি আমাকে বলেন, আমি তামিমকে আরও দুই-তিন বছর খেলতে দেখতে চাই। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে-আসবে না। ওর ফিটনেস(পরীক্ষা) হবে, দলে আসতে হলে কী করতে হবে, সেজন্য বিভাগগুলো আছে। সভাপতি হিসেবে অফ দা রেকর্ড যদি জিজ্ঞেস করেন, আমি কিন্তু দেখতে চাই আরও দুই বছর ক্রিকেট খেলুক। আমি চাই আর কী।”
তামিমের এখনকার অবস্থা বিবেচনায় ওয়ানডে ক্রিকেটেই তাকে সবচেয়ে উপযুক্ত মনে করেন বোর্ড প্রধান।
“কোন ফরম্যাটে খেলবে… আমার মনে হয় ৫০ ওভার সবচেয়ে উপযুক্ত। দীর্ঘ পরিসরের খেলতে পারলেও ভালো হতো অভিজ্ঞতাসহ। কিন্তু এটার যে কষ্ট, ওর শরীর নিতে পারবে না কি না, জানি না। এটা তামিমই বলতে পারবে। ’
শেষ পর্যন্ত তামিম যদি খেলোয়াড়ি অধ্যায় শেষ করে ফেলার সিদ্ধান্ত নেন, তাহলে তার জন্য নতুন দুয়ার খুলে রাখলেন ফারুক আহমেদ।
“খুব ভালো হয় যদি ও খেলতে পারে। আর যদি খেলতে না পারে, ও যদি বোর্ডে আসে, তাহলেও আমি খুব খুশি হব। তামিম আমার অন্তত বিশ বছরের ছোট হবে, আরও বেশি না হলেও। সে সাবেক অধিনায়ক, তার মানে নেতৃত্বের গুণ তার আছে। ’
“এসব ছেলে যত আসবে (বোর্ডে), তাদের যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু অনেক আইডিয়া আসবে, অনেক ভালো কিছু করতে পারবে। দেখি ওর সঙ্গে কথা বলে ওর পরিকল্পনা কী… এরপর আমরা এগিয়ে যেতে পারি।”
