২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লোকে কোহলিকে দেখে রোনালদো-মেসি, জোকোভিচ-নাদালের মতোই’

রোনালদো-মেসিদের মতোই কোহলিকে প্রাণশক্তিতে ভরপুর ভিরাট কোহলি, বললেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও ভারেতর সাবেক অলরাউন্ডার রাভি শাস্ত্রি।

‘লোকে কোহলিকে দেখে রোনালদো-মেসি, জোকোভিচ-নাদালের মতোই’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে ভিরাট কোহলি। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2025, 12:32 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

ফুটবলের মতো বৈশ্বিক খেলা নয় ক্রিকেট। টেনিসের মতো বিশ্বময় অমন পরিচিত বা আবেদনও ক্রিকেটের নেই। তবে সব খেলাতেই কিছু খেলোয়াড় তো নিজের খেলার সীমানা ছাড়িয়ে নিজেকে তুলে নেন বিশ্বসেরাদের কাতারে। প্রাণশক্তিতে ভরপুর ভিরাট কোহলিকে তেমন একজনই মনে করেন ধারাভাষ্যকার ও ভারতের সাবেক অলরাউন্ডার রাভি শাস্ত্রি। 

কোহলির শ্রেষ্ঠত্ব নিয়ে সংশয় আছে সামান্যই। যদিও টেস্ট ক্রিকেটে  তার গত কয়েক মাসের পারফরম্যান্সে তাকে নিয়ে কিছু প্রশ্ন উঠছিল, কিন্তু ওয়ানডেতে তিনি যে ভিন্ন একজন, সেটির প্রমাণ মিলেছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো অপরাজিত সেঞ্চুরির পর সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ম্যাচ-সেরা হয়েছেন ৮৪ রানের ইনিংস খেলে। 

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে আইসিসি রিভিউ-এ রাভি শাস্ত্রি বললেন, কোহলি ফিরে এসেছেন একদম আপন রূপে।

“তার শৃঙ্খলা, ম্যাচ পরিস্থিতি নিয়ে সচেতনতা (তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে)…। আমার মনে হয়, গত তিন-চার বছরে সে চেষ্টা করছিল, নিজেকে ছাড়িয়ে কিছু করতে। যে কাজে সে ভালো, সেটিকে অতিক্রান্ত করার চেষ্টা করছিল এবং কখনও কখনও এতে নিজেকেই হারিয়ে ফেলতে হয়।”

“তবে এখন সে সেটাই করছে, যেটা সবচেয়ে ভালো করে। সিঙ্গলস নিচ্ছে, মাঠে গড়িয়ে শট খেলছে, প্রয়োজন পড়লে বড় শট খেলছে। খেলাটির ইতিহাসের সেরা ক্রিকেটাররা এমনই করে থাকে, বিশেষ করে রান তাড়ায়। সহজেই সিঙ্গল নিতে পারলে কোনো চাপ থাকে না।”

পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিতে কোহলি চার মেরেছিলেন মাত্র সাতটি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানের ইনিংসে বাউন্ডারি ছিল পাঁচটি। চার ম্যাচে ২১৭ রান করলেও অবিশ্বাস্যভাবে কোনো ছক্কা আসেনি তার ব্যাট থেকে। কিন্তু তার এই ৩৬ বছর বয়সেও তার ফিটনেস, তার রানিং বিটুইন দা উইকেট, সবকিছুতেই তিনি ঈর্ষনীয় যে কোনো তরুণ ক্রিকেটারের জন্য। 

তার প্রাণশক্তির প্রশংসা ক্যারিয়ারজুড়েই হয়ে আসছে। এই জায়গায় তাকে বিশ্বসেরা খেলোয়াড়দের কাতারেই দেখেন শাস্ত্রি। 

“লোকে খেলাটা দেখে, যখন তারা প্রাণশক্তিতে ভরপুর কোনো ক্রীড়াবিদকে দেখে। সেটা হোক রোনালদো বা মেসি, কিংবা জোকোভিচ বা নাদাল… যে প্রাণশক্তি তারা বয়ে আনে… একটা জাদুকরী ব্যাপার আছে তাদের, যা লোকের মন্ত্রমুগ্ধ করে তোলে। তারা এই ছেলেদের খেলতে দেখতে চায়। কোহলি এমনই একজন।”

এই টুর্নামেন্টেই ইতিহাসের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার ওয়ানডে রান স্পর্শ করেছেন কোহলি, ছাড়িয়ে গেছেন শাচিন টেন্ডলকারের রেকর্ড। সেঞ্চুরি সংখ্যায় টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন তো আগেই, এবার তা বাড়িয়ে নিয়েছেন আরও। 

কোহলির শ্রেষ্ঠত্বের আলোচনায় তার ফিটনেস, কঠোর পরিশ্রম, খাদ্যাভাস নিয়ে ত্যাগ, সবকিছুই আলোচিত হয় বারবার। এখানেও টেন্ডুলকারের কথা মনে পড়ছে শাস্ত্রির। 

“এটায় ফুটে ওঠে, কী পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয় একজন ব্যক্তিকে। টেন্ডুলকারের মধ্যেও আমি এট দেখেছি। সে খেতে খুব ভালোবাসত, অনেক কিছুই করতে পছন্দ করত, যা আর দশটা ছেলে করছে। কিন্তু সবকিছুকেই ‘না’ বলতে পেরেছিল সে।”