১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রান আউটের ঘটনায় মিরাজের ভুল দেখেন না মুশতাক

‘সালমান আগা ভেবেছিল বল ‘ডেড’ হয়ে গেছে, তবে বল আসলে তখনও খেলায় ছিল’, বললেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ ও পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 08:28 AM

Updated : 26 Aug 2026, 03:09 PM

রান আউটের সুযোগ দেখে কাজে লাগিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বল ‘ডেড’ হয়ে গেছে বলে ধরে নিয়েছিলেন সালমান আলি আগা। আলোচিত রান আউটের ঘটনায় মুশতাক আহমেদের পর্যবেক্ষণ এমনই। পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের অনেকেই যদিও এই ঘটনায় কাঠগড়ায় তুলছেন মিরাজকে। তবে বাংলাদেশ অধিনায়ক কোনো ভুল করেননি বলেই মনে করেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক।

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়-পরাজয় কিংবা নানা পারফরম্যান্স ছাপিয়ে সবচেয়ে আলোচিত ঘটনা সালমানের রান আউট। পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারে তাকে রান আউট করেন বোলার মিরাজ।

মিরাজের বল মিড অনের পুশ করেন রিজওয়ান। ফিল্ডিং করতে ছুটে যান বোলার। কিন্তু তার সামনে তখন নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান সালমান। ব্যাটসম্যান ক্রিজের বাইরে গিয়ে চেষ্টা করছিলেন বোলারকে আড়াল করতে, যাতে বল লং অনে যায় এবং সিঙ্গল নেওয়া যায়। কিন্তু মিরাজ পিছু ছাড়েননি। পা দিয়ে বল ঠেকিয়ে দেন তিনি। সালমান তখন চেষ্টা করেন নিচু হয়ে বল ধরতে। কিন্তু তার আগেই মিরাজ দ্রুতগতিতে বল ধরে আন্ডারআর্ম থ্রোয়ে সরাসরি স্টাম্পে লাগান বল। পাকিস্তানি ব্যাটসম্যান তখনও ক্রিজের বেশ বাইরে।

রিপ্লে দেখে আউট দেন টিভি আম্পায়ার। গ্লাভস, হেলটে ছুড়ে ফেলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে মাঠ ছেড়ে যান সালমান।

খেলা চলার সময়ই এই ঘটনা নিয়ে বিতর্ক ও আলোচনা ছড়িয়ে পড়ে ক্রিকেট বিশ্বজুড়ে। সাবেক ক্রিকেটার, বিশষজ্ঞ, বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ ক্রিকেট অনুসারীদের নানা মন্তব্যে ছেয়ে যায় সামাজিক মাধ্যম।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে এলেন মুশতাক আহমেদ। বাংলাদেশ দলে তিনি স্পিন বোলিং কোচ, তবে তার নিজের দেশ পাকিস্তান ও সেই দেশের স্পিন গ্রেট তিনি।

সেই দ্বৈত সত্তার কারণেই হোক বা নিজের সত্যিকারের ভাবনা থেকে, রান আউটের ঘটনায় দুজনের কারও দিকেই আঙুল তুলছেন না মুশতাক। 

“সবকিছু এত দ্রুত হয়ে গেছে, আমরা এমনকি বুঝতেও পারিনি, ওখানে কী হয়েছে। মিরাজ ভেবেছে, ব্যাটসম্যান ক্রিজের বাইরে… সে বল থামানোর চেষ্টা করছিল, বল সোজা মিরাজের পায়ে লাগে… আগা সালমান ভেবেছে, সে বল তুলে দিয়ে মিরাজকে সহায়তা করবে। কাজেই আমার মনে হয়… ঠিক জানি না সত্যি বলতে…।”

“মিরাজেরটি ছিল একদম সহজাত ঘটনা, বল তুলে রান আউট করার চেষ্টা করেছে, কারণ ব্যাটসম্যান ক্রিজের বাইরে ছিল। খুব দ্রুতই হয়ে গেছে এটা। আমার মনে হয়, কোনো পক্ষেরই ভুল ছিল না। আগা সালমান চেষ্টা করছিল মিরাজকে বল দিতে আর মিরাজ খেলায় একদম ডুবে ছিল এবং ভেবেছে এখানে সে একজনকে রান আউট করতে পারে।”

এই ম্যাচের ধারাভাষ্যে থাকা রামিজ রাজাসহ পাকিস্তানেরই অনেক সাবেক ক্রিকেটার তুলাধুনা করছেন করছেন মিরাজকে। ক্রিকেটীয় চেতনা ভঙ্গ করায় কাঠগড়ায় তোলা হচ্ছে তাকে। তবে মুশতাক সেখানে একমত নন তার স্বদেশিদের সঙ্গে। 

“বল তো তখনও খেলায় ছিল। আগা ক্রিজের বাইরে ছিল। বোলার হিসেবে সে চেষ্টা করছিল বল তুলে একজনকে রান আউট করতে। আগা তো ক্রিজ থেকে বেশ দূরে ছিল। আগা হয়তো ভেবেছে বল ‘ডেড’ হয়ে গেছে। সে খেয়াল করেনি। অনেক অনেক দূরে ছিল (ক্রিজ থেকে)। বল সরাসরি মিরাজের পায়ে লাগে, সে ভেবেছিল যে রান আউট করতে পারে।”

“সে নিজেও হয়তো নিশ্চিত ছিল না কী করছে… খেলার ভেতরে একদম ডুবে ছিল। সত্যি বলতে, আমার মনে হয় না মিরাজ ভুল করেছে।”

আউট হওয়ার পর মাঠে তীব্র প্রতিক্রিয়া দেখান সালমান। গ্লাভস, হেলমেট ছুড়ে মারেন মাঠে। বাংলাদেশের ক্রিকেটাদের সঙ্গে বেশ এক চোট লেগে যায় তার। মাঠ ছেড়ে যাওয়ার সময়ও ডাগ আউটের সামনে ব্যাট, হেলমেট ছুড়ে মারেন।

মুশতাকের ধারণা, হতাশা থেকেই এমন প্রতিক্রিয়া বেরিয়ে এসেছে সালমানের।  

“সে নিশ্চিতভাবেই হতাশ ছিল। সে ভেবেছিল, বল তুলে সে মিরাজকে সাহায্য করবে। যথেষ্ট ন্যায্য। তবে সে নিশ্চিত ছিল না, ক্রিজ থেকে কত দূরে ছিল। আগে যেমন বলেছি, দুই পক্ষই চেষ্টা করেছে ভালো হতে। তবে মিরাজ তখন বোলিং করছিল এবং সে খুব লড়িয়ে ছিল। সে চেষ্টা করেছে রান আউট করতে। আগা ভেবেছিল বল ‘ডেড’ হয়ে গেছে। তবে বল আসলে তখনও খেলায় ছিল।”