তপ্ত দুপুরে একার অনুশীলনে বড় বড় শটে নাঈমের প্রস্তুতি
শুক্রবার দুপুরের তীব্র গরমে ঐচ্ছিক অনুশীলনে বাকি ক্রিকেটাররা বিশ্রামে থাকলেও, একের পর এক বড় শট খেলে নিজেকে ঝালিয়ে নিলেন মোহাম্মদ নাঈম শেখ।
‘হাতে আর কোনো শক্তি নেই’- ঘর্মাক্ত শরীরে বেশ ক্লান্তি নিয়েই বললেন মোহাম্মদ নাঈম শেখ। অনুশীলন শেষ করে ফেরার সময় পরিচিত ফটো সাংবাদিকের ডাকে নাঈমের ওই উত্তর। অবশ্য শক্তি না থাকাই স্বাভাবিক! বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে শুক্রবার দুপুরে তপ্ত রোদের মাঝে প্রায় দেড় ঘণ্টার ব্যাটিং সেশনে যে টানা বড় শটই খেললেন বাঁহাতি এই ওপেনার।
ওপেনার হলেও, প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ইনিংস সূচনার দায়িত্ব পাননি নাঈম। চার নম্বরে নেমে ২৯ বলে অপরাজিত ৩২ রান করার পর জায়গা হারান একাদশ থেকে। তার ব্যাটিং অ্যাপ্রোচ ও স্ট্রাইক রেট নিয়ে সেদিন প্রশ্ন ওঠে অনেক। শুক্রবারের নিস্তরঙ্গ দুপুরে তাই বাউন্ডারি মারার দিকেই যেন বেশি ঝোঁক ছিল নাঈমের।
শ্রীলঙ্কা সফরে টানা খেলার মধ্যে থাকায় শুক্রবার ছিল বাংলাদেশের ঐচ্ছিক অনুশীলন। তবে নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে জানা যায়, অনুশীলনে আসবেন না কোনো ক্রিকেটার। এর কিছুক্ষণ পরই কিট ব্যাগ নিয়ে হাজির হন নাঈম। তবে সঙ্গে ছিল না দলের কোনো সদস্য, বল বয় ও থ্রোয়ার।
ব্যক্তিগত এক থ্রোয়ারকে নিয়ে শুরু হয় নাঈমের লম্বা সেশন। শুরু থেকেই একের পর এক বড় শট মারতে থাকেন তিনি। অল্প কিছু বলেই শুধু রক্ষণাত্মক খেলতে দেখা যায় তাকে। কোনো কোনো বলে ঠিক মাঝ ব্যাটে খেলতে না পারলেও থামেনি আগ্রাসী অনুশীলন। পরের বলে আবারও সীমানা ছাড়ার চেষ্টাই করেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান।
অনুশীলনের শেষ দিকে কিছুক্ষণ টি-টোয়েন্টি ক্রিকেটের সময়ের দাবি মেটানো রিভার্স সুইপ খেলতেও দেখা যায় নাঈমকে। নেট থেকে বের হওয়ার সময় তার সারা শরীর ঘামে ভেজা, তাই ছিল দ্রুত ফেরার তাড়া।
এর মাঝেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাঈম জানালেন, নিজের তাগিদ থেকে একার এই অনুশীলন সেশন করলেন তিনি।
“এটা আমার ব্যক্তিগত অনুশীলন ছিল। যখন দল নিয়ে কথা হয়, তখন দলের ভেতরেই থাকা উচিত। আমি এখন পর্যন্ত ওরকম (পাকিস্তান সিরিজে চার-পাঁচে খেলা) কিছু চিন্তাভাবনা করে আসিনি। আমার ব্যক্তিগত ট্রেনিং দরকার, তাই করতে এসেছি।”
সংযুক্ত আরব আমিরাতে ২০২২ সালের এশিয়া কাপের পর টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েন নাঈম। পরে ঘরোয়া ক্রিকেটে সাদা বলে রানের ফোয়ারা ছুটিয়ে শ্রীলঙ্কা সফর দিয়েই ফেরেন জাতীয় দলে।
গত বছরের জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর হয়ে ১৩৫ স্ট্রাইক রেটে আসরের সর্বোচ্চ ৩১৬ রান করেন নাঈম। ধারাবাহিকতা ধরে রেখে বিপিএলের গত আসরে খুলনা টাইগার্সের জার্সিতে করেন টুর্নামেন্টের সর্বোচ্চ ৫১১ রান। স্ট্রাইক রেট ছিল প্রায় ১৪৫।
পরে পঞ্চাশ ওভারের ঢাকা প্রিমিয়ার লিগে ১২১.৮৯ স্ট্রাইক রেট ও ৬১.৮০ গড়ে করেন ৬১৮ রান। শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফেরেন তিনি। তবে পুরো সিরিজই তিনি কাটান বেঞ্চে।
টি-টোয়েন্টিতে একাদশে সুযোগ পেলেও নামতে পারেননি পছন্দের ওপেনিং পজিশনে। দুই উইকেট পড়ার পর নবম ওভারে ক্রিজে যান তিনি। ক্যারিয়ারে প্রথমবার চারে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও ২৯ বলে মাত্র একটি করে চার-ছক্কা মারতে পারেন বাঁহাতি ব্যাটসম্যান।
দেশে ফিরে নতুন সিরিজের আগে নাঈম বললেন, সম্পূর্ণ নতুন পজিশনে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তিনি।
“সত্যি বলতে, জাকের (আলি) চোটে পড়ায় আমার চারে খেলতে হয়েছে। আমার পাঁচে খেলার কথা ছিল। স্যারের সঙ্গে আলোচনা করে চারে খেলেছি। জাকের চোট পাওয়ায় আমি খেলেছি, এমনিতে খেলারই কথা ছিল না। যদি আগে থেকে জানতাম এরকম সুযোগ আসবে... সত্যি বলতে, এভাবে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না।”
“ওপেনিংয়ের জন্যই সবসময় প্রস্তুত থাকি। ব্যক্তিগত অনুশীলন করলাম, এখানেও ওপেনিংয়ে কীভাবে খেলব বা সুযোগ এলে কীভাবে কাজে লাগাব, ওটার জন্য প্রস্তুতি নিচ্ছি। সত্যি বলতে, ওইটার (চারে খেলা) জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। পরবর্তীতে যদি এভাবে সুযোগ আসে, অবশ্যই মাথায় থাকবে।”
শ্রীলঙ্কার বিপক্ষে জেতা দলে কোনো পরিবর্তন না করেই ঘরের মাঠে পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তাই নিয়মিত দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেনের উপস্থিতিতে নাঈমের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম।
আবারও তাই চার-পাঁচ বা মিডল অর্ডারে সুযোগ আসতে পারেন নাঈমের। তবে শুক্রবারের ব্যক্তিগত অনুশীলনে তেমন কোনো ভাবনা নিয়ে প্রস্তুতি নেননি বাঁহাতি ওপেনার।
“এখন পর্যন্ত যত দিন খেলেছি, ওপেনার হিসেবেই ব্যাটিং করেছি। তো ওই মানসিকতা নিয়েই (অনুশীলন) করলাম। এমন না যে, সেট হওয়ার পর মাঝের ওভারে কখনও খেলিনি। তবে হুট করে চার নম্বরে নামলে কীভাবে খেলতে হয়, মিডল অর্ডাররা কোন চ্যালেঞ্জ বেশি মোকাবিলা করে, ওই জিনিসটা আমার জানা থাকে না।”
“বাইরে থেকে অনেক সময় অনেক কিছু সহজ মনে হয়। এখন খেলে নতুন একটা অভিজ্ঞতা হলো। পুরোপুরি ভিন্ন একটা জায়গা। সব কিছু মিলিয়ে সব জায়গার ট্রেনিংই করি। তবে এখন যেটা ছিল, পুরোপুরি নিজের প্রস্তুতির জন্যই ছিল।”
