পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিরপুরে
আগে প্রকাশিত সূচিতে ভেন্যু ছিল না, সময়ও একদিন এগিয়ে আনা হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।
নিরাপত্তা শঙ্কায় ভারতে না যাওয়ায় চলমান আসরে খেলছে না বাংলাদেশ। বয়কটের আভাস দিলেও, শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট খেলছে পাকিস্তান। সুপার এইটেও জায়গা করে নিয়েছে তারা।
ফাইনালেও জায়গা করে নিলে আগামী ৮ মার্চ পর্যন্ত বিশ্বকাপে খেলবে পাকিস্তান। পরদিন বাংলাদেশে আসবে তাদের ওয়ানডে দল।
১১, ১৩ ও ১৫ মার্চ ওয়ানডে তিনটি হবে ক্রিকেটে বাংলাদেশের মূল ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগে প্রকাশিত সূচিতে ভেন্যু ছিল না, সময়ও একদিন এগিয়ে আনা হয়েছে।
তিনটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় বেলা সোয়া দুইটায়।
ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে প্রথম খেলেছিল বাংলাদেশ। দলটির বিপক্ষে এই সংস্করণে মোট ৩৯টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল; জিতেছে পাঁচটিতে, হেরেছে বাকি ৩৪টি।
১৯৯৯ বিশ্বকাপে প্রথমবার পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। পরের ১৫ বছর টানা হারে দলটি।
দুই দলের সবশেষ সাত ম্যাচের চারটিতেই জয় বাংলাদেশের। ২০১৫ সালে দেশে মাটিতে সবশেষ ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশড করে বাংলাদেশ। তিন বছর পর জেতে এশিয়া কাপের ম্যাচেও।
পরের তিন ম্যাচে অবশ্য হেরেছে বাংলাদেশ।
