২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের বিপিএল শুরুর ঘোষণা বিসিবির

তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী এপ্রিলে হবে প্রথম আসর।

মেয়েদের বিপিএল শুরুর ঘোষণা বিসিবির
বিশ্বকাপ বাছাই জিতে দেশে ফেরা দলকে অভিনন্দন জানাচ্ছেন রুবাবা দৌলা, যিনি নারী বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান। ছবি: বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 06:09 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

মেয়েদের বিপিএল চালুর দাবি ও আলোচনা দেশের ক্রিকেটে অনেক দিনের। নানা সময়ে আশ্বাসও মিলেছে বিসিবির পক্ষ থেকে। এবার টুর্নামেন্ট শুরুর আনুষ্ঠানিক ঘোষণাও এলো। টুর্নামেন্টের নাম উইমেন’স বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল)।

বিসিবির নারী বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, আগামী ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত হবে প্রথম আসরের খেলা। এটিকে দেশের নারী ক্রিকেটের পেশাদার উন্নতির পথে অগ্রগামী পদক্ষেপ মনে করছেন তারা।

মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেবে তিনটি দল। স্থানীয় ক্রিকেটারদের দল চূড়ান্ত হবে ড্রাফট পদ্ধতিতে। এছাড়া বিদেশি ক্রিকেটারদেরও চুক্তিবদ্ধ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।  

ডব্লিউবিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান করা হয়েছে বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলাকে। টুর্নামেন্টের সাংগঠনিক সব দিক দেখভাল করবে এই কাউন্সিল। 

ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা, ড্রাফটের নিয়ম, টুর্নামেন্টের ফরম্যাট, সূচি, ভেন্যু, সম্প্রচার ও বাণিজ্যিক চুক্তি সংক্রান্ত বাকি সবকিছু যথা সময়ে জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।