‘উস্কানিমূলক অঙ্গভঙ্গি’ করায় ভারুনের শাস্তি
কলকাতা নাইট রাইডার্সের এই রহস্য স্পিনারকে জরিমানা করা হয়েছে।
আইপিএলের আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন ভারুন চক্রবর্তী। কলকাতা নাইট রাইডার্সের এই রহস্য স্পিনারকে আর্থিক জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
ইডেন গার্ডেন্সে বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে অপ্রীতিকর আচরণ করেন ভারুন। শাস্তিস্বরূপ ম্যাচ ফির ২৫ শতাংশ অর্থদণ্ড দিতে হচ্ছে ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারকে।
আইপিএল বৃহস্পতিবার বিবৃতি দিয়ে ভারুনের শাস্তির খবর জানিয়েছে। তবে সেখানে ঘটনা সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, আচরণবিধির ২.৫ ধারায় লেভেল-১ মাত্রার অপরাধ। যে ধারায় আউট হওয়া ব্যাটসম্যানকে উদ্দেশ্য করে কোনো কথা বলা কিংবা অঙ্গভঙ্গি করার কথা বলা হয়েছে, যেগুলো ব্যাটসম্যানকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে উস্কে দিতে পারে।
রান তাড়ায় চমৎকার ব্যাটিংয়ে ৪টি করে ছক্কা-চারে ২৫ বলে ৫২ রান করা ডেওয়াল্ড ব্রেভিসকে ফেরান ভারুন। পরে চেন্নাইয়ের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে মাঠ ছেড়ে যাওয়ার ইশারা করেন কলকাতার বোলার। ধারণা করা হচ্ছে, এই কারণেই শাস্তি পেয়েছেন তিনি।
ব্রেভিসের ফিফটি ও শিভাম দুবের ৪৫ রানের ইনিংসের সৌজন্যে কলকাতার ১৭৯ রান ২ বল ও ২ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় চেন্নাই। দুর্দান্ত বোলিংয়ে স্রেফ ১৮ রান খরচায় ২ উইকেট নেন ভারুন।
আইপিএলের প্লে-অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছে চেন্নাই। ১২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে তলানিতে তারা। কলকাতাও নেই শক্ত অবস্থানে। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে গত আসরের চ্যাম্পিয়নরা।
