২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের হস্তক্ষেপের অভিযোগ তামিমের, বিসিবি ঘেরাও করার হুমকি ইশরাকের

বিসিবি নির্বাচনে ক্রীড়া উপদেষ্টা ও সরকারের একটি অংশ সরাসরি প্রভাব খাটাচ্ছে বলে অভিযোগ তামিম ইকবালের, সরকার বাড়াবাড়ি করলে বিসিবি ঘেরাওয়ের ঘোষণা ইশরাক হোসেনের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 08:38 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

বেশ কিছুদিন ধরেই ঢাক গুড়গুড় চলছিল। এবার প্রবল বর্ষণই হয়ে গেল। সামনের বিসিবি নির্বাচনে ক্রীড়া উপদেষ্টা ও সরকারের একটি অংশ সরাসরি প্রভাব খাটাচ্ছে বলে অভিযোগ করলেন তামিম ইকবাল। সরকার এমন বাড়াবাড়ি করতে থাকলে প্রয়োজনে বিসিবি ঘেরাও করার ঘোষণা দিলেন ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ও সম্ভাব্য পরিচালক পদপ্রার্থী বিএনপি নেতা ইশরাক হোসেন। 

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় রোববার সন্ধ্যায়। এ দিন বিকেলেই একটি সংবাদ সম্মেলনে আয়োজন করা হয় ঢাকার একটি হোটেলে। ব্যানারে লেখা ছিল ‘আসন্ন ক্রিকেট বোর্ডের নির্বাচনে কাউন্সিলর প্রেরণে সরকারি হস্তক্ষেপ ও সভাপতির নির্বাহী ক্ষমতার অপপ্রয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, আয়োজনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় এবং ক্লাবের সকল পর্যায়ের ক্রিকেট খেলোয়াড় ও সংগঠকবৃন্দ।

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম এবারের নির্বাচনে কাউন্সিলর হচ্ছেন ওল্ড ডিওইচএস ক্লাব থেকে। বিসিবি পরিচালক পদে নির্বাচনও করবেন তিনি। পরিচালক পদে নির্বাচিত হলে বিসিবি সভাপতির পদেও লড়বেন দেশের সফলতম ওপেনার। তিনি ও ইশরাক ছাড়াও এই সংবাদ সম্মেলনে ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, সম্ভাব্য পরিচালক পদপ্রার্থী ইসরাফিল খসরু (বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে), ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএস) ভাইস চেয়ারম্যান মাসুদুজ্জামানসহ আরও বেশ কজন।

বিসিবি নির্বাচনে বিভাগীয় ও জেলা ক্যাটেগরির কাউন্সিলর বা ভোটার মনোনয়নকে ঘিরেই মূলত তাদের অভিযোগ। কাউন্সিলর মনোনয়নের সময়সীমা বিতর্কিতভাবে বাড়ানো হয়েছে দুই দফায়। পছন্দের কাউন্সিলরদের মনোয়ন দিতে ক্রীড়া উপদেষ্টা ও সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে এবং সেই কারণে দফায় দফায় সময়সীমা বাড়ানো হচ্ছে অভিযোগ নানা প্ল্যাটফর্মে করে আসছিলেন তামিমরা। এবার বড় পরিসরে একসঙ্গে অভিযোগ জোরালভাবে তুললেন তামিমসহ সংবাদ সম্মেলন আয়োজনকারীরা।

সরকারের হস্তক্ষেপে ও বোর্ড পরিচালকদের মতামত উপেক্ষা করে বিসিবি সভাপতি একাই কাউন্সিলর মনোনয়নের সময় বাড়িয়েছেন বলে অভিযোগ তামিমের। 

“বিসিবি নির্বাচনে যা হচ্ছে তা আসলে নির্বাচন নয়, বরং সিলেকশন চলছে। আমার কাছে মনে হচ্ছে এই নির্বাচনে সরকার সরাসরি হস্তক্ষেপ করছে। এসব দেখে মনে হলো বিষয়টি সবাইকে জানানো উচিত। কিছু কাজ হয়েছে যার প্রমাণ আমার কাছে নেই, সেগুলো মৌখিকভাবে হয়েছে। আবার কিছু কাজ প্রমাণসহ দেখানো সম্ভব। ১৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গঠিত হয়। এরপর সব যোগাযোগ ও সিদ্ধান্ত কমিশনের মাধ্যমেই হওয়ার কথা।”

“আমি ১৭ সেপ্টেম্বর বিসিবিতে যাই। ওইদিনই ছিল মনোনয়ন জমার শেষ দিন। কিন্তু পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা আসে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার একাধিক পরিচালকের সঙ্গে কথা হয়েছে, তারা আমাকে বিষয়গুলো নিশ্চিত করেছেন। ওইদিন জানানো হয় কাউন্সিলর মনোনয়ন জমার তারিখ বাড়ানো হবে, প্রথমে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত, এরপর আবার দ্বিতীয় ধাপে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। প্রথমবার সময় বাড়ানোর প্রস্তাবে গ্রুপে তিন-চারজন পরিচালক একমত হন। কিন্তু দ্বিতীয়বার সময় বাড়ানোর সিদ্ধান্তটি একতরফাভাবে নেওয়া হয়। বিসিবির একজন কর্মকর্তা ছাড়া আর কেউ এ ব্যাপারে কোনো মত দেননি। তিনি (বিসিবি সভাপতি আমিনুল ইসলাম) নিজের ইচ্ছায় সময় বাড়িয়ে দেন।”

তামিমের দাবি, বিসিবির গঠনতন্ত্রের বাইরে গিয়ে কাউন্সিলর মনোনয়নে ডিসিদের চাপ দেওয়া হচ্ছে। 

“আমরা জানি, যেসব ক্রীড়া সংগঠক যোগ্য ও বিতর্কহীন, তাদের কাউন্সিলরশিপ দেওয়ার দায়িত্ব সাধারণত ডিসিদের থাকে। এভাবে বহুবার হয়েছে। কিন্তু এবার নতুনভাবে বলা হলো, অ্যাডহক কমিটির মাধ্যমেই মনোনয়ন দিতে হবে। অথচ বিসিবির গঠনতন্ত্রে এমন কিছু নেই।”

“আপনারা দেখেছেন, ইচ্ছে মতো অ্যাডহক কমিটিতে কাউকে ঢোকানো হচ্ছে, আবার কাউকে বাদ দেওয়া হচ্ছে। এভাবে নির্বাচন হলে সেটা আর নির্বাচন নয়, সেটা কেবল সিলেকশন।”

সম্প্রতি ঢাকা বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে হুট করেই পরিবর্তন এনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীনকে জায়গা দেওয়া হয়েছে। তারা দুজনই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ঘনিষ্ঠ বলে প্রচার আছে। তামিমের ইঙ্গিত সেদিকেই।

সরকারের হস্তক্ষেপের নানা কথার এক পর্যায়ে অবশ্য তামিম পরিষ্কার, ‘সরকারের সবাই নয়, একটি অংশ এসব করছে।”

ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ইশরাক হোসেন কোনো রাখঢাক না রেখে কঠিন প্রতিবাদের হুমকি দিয়ে রাখলেন। 

“বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপ স্পষ্ট। সরকার নিরপেক্ষ নয়, বরং নানাভাবে প্রভাব খাটাচ্ছে। এভাবে কোনো শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। আমরা চাই যোগ্য জেলা, বিভাগ ও খ্যাতনামা সংগঠকরাই কাউন্সিলর হিসেবে মনোনীত হোন। গঠনতন্ত্রে কোথাও নেই যে অ্যাডহক কমিটি থেকে মনোনয়ন দিতে হবে। যদি এ নিয়ে বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে।”

বিসিবিতে এখন কাজের পরিবেশ নেই উল্লেখ করে সিডিএম থেকে পদত্যাগের ঘোষণা দেন ভাইস-চেয়ারম্যান মাসুদুজ্জামান। তার অভিযোগ বিসিবি সভাপতি আমিনুলের বিরুদ্ধে। 

“সভাপতি কেবল নিজের লোকদের নিয়ে কাজ করেন। আমি দায়িত্ব নেওয়ার পর বহুবার চেষ্টা করেও নিজের অবস্থান খুঁজে পাইনি। তাই সিনিয়র ভাইস-চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আগামীকাল আনুষ্ঠানিকভাবে সিইও ও সভাপতির কাছে পদত্যাগপত্র পাঠাব।”

এভাবে হস্তক্ষেপ চলতে থাকলে আইনী লড়াইয়ের ঘোষণা দেন বিসিবির সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। 

কোনো পক্ষ আইনী পদক্ষেপ নিলে বিসিবি নির্বাচন অনিশ্চয়তায় পড়তে পারে বা স্থগিতও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মিমাংসা না হওয়া পর্যন্ত অ্যাডহক কমিটি দায়িত্ব পেতে পারে বিসিবি পরিচালনার। 

নির্বাচন বানচাল করে অ্যাডহক কমিটিকে দায়িত্বে আনতে ইচ্ছে করেই পর্দার আড়ালে এত খেলা চলছে, এমন শঙ্কার কথাও বলেন তামিম ইকবাল।