মাদক পাচারের গুরুতর দায় থেকে মুক্তি ম্যাকগিলের
বড় আকারের মাদক পাচারের মামলা থেকে খালাস পেলেন সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনার, তবে শাস্তি কিছু পেতে হবে তাকে।
কোকেন সরবরাহ করার একটি ঘটনায় সম্পৃক্ত হওয়ার ব্যাপারটি জানতেন স্টুয়ার্ট ম্যাকগিল। তবে নিজের রেস্টুরেন্টে এত বিশাল পরিমাণের মাদকের বিনিময় হচ্ছে, তা জানতেন না সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনার।
সিডনির একটি ডিস্ট্রিক্ট আদালতের বিচারকের রায় এমনটিই। ২০২১ সালের এপ্রিলের সেই ঘটনায় বৃহৎ পরিসরে মাদক পাচারের দায় থেকে মুক্তি দেওয়া হয়েছে ম্যাকগিলকে।
ম্যাকগিলের শ্যালক ও সাবেক এই স্পিনারের নিয়মিত ওষুধ সরবরাহকারীর মধ্যে ৩ লাখ ৩০ হাজার অস্ট্রেলিয়ান ডলার মূল্যের এক কেজি কোকেন সরবরাহের সেই চুক্তিটি হয়েছিল।
নিজের রেস্টুরেন্টে সেই বৈঠকের ব্যবস্থা করে দিয়েছিলেন ম্যাকগিল। তবে এরকম কোনো চুক্তি হবে, তিনি জানতেন না বলেই আদালতকে জানান।
প্রসিকিউটররা নিশ্চিত হয়েছেন, ম্যাকগিলের সম্পৃক্ততা ছাড়া এরকম চুক্তি হওয়া সম্ভব নয়। তবে তার সরাসরি জড়িত থাকার ব্যাপারটি প্রমাণ করা যায়নি। এক কেজি কোকেন পাচারের চুক্তিটি সম্পর্কে ম্যাকগিল জানতেন, এই অভিযোগ বাতিল করে দেন বিচারক। তবে মাদক সরবরাহে ভূমিকা রাখার জন্য ছোট কোনো শাস্তি তাকে পেতে হবে।
তার সেই শাস্তির রায় আপাতত আট সপ্তাহের জন্য মুলতবি রাখা হয়েছে। রায় পড়ার সময় আদালতে নির্লিপ্ত দেখা গেছে ৫৪ বছর বয়সী সাবেক স্পিনারকে।
এই মামলায় ২০২৩ সালে জেলেও যেতে হয়েছিল তাকে।
ম্যাকগিল ছিলেন দারুণ প্রতিভাবান লেগ স্পিনার। বিশাল টার্ন করাতে পারতেন, তার গুগলি ছিল জাদুকরী। একসময় তার স্ট্রাইক রেট ছিল টেস্ট ইতিহাসের সেরাদের কাতারে। তবে ভীষণ দুর্ভাগাও বলা হতো তাকে, কারণ জন্ম হয়েছিল তার শেন ওয়ার্নের সময়ে! বেশির ভাগ সময় তাই বাইরেই থাকতে হয়েছে তাকে।
তার পরও কখনও ওয়ার্নের অনুপস্থিতিতে, কখনও তার সঙ্গী হয়ে ৪৪ টেস্ট খেলতে পেরেছেন তিনি ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত। একটা সময় পর্যন্ত তার পরিসংখ্যান ওয়ার্নের চেয়েও ভালো ছিল।
শেষ পর্যন্ত ৪৪ টেস্টে ২০৮ উইকেট নিতে পেরেছেন তিনি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১২ বার, ম্যাচে ১০ উইকেট দুইবার।
ক্যারিয়ার সেরা বোলিং করেছিলেন বাংলাদেশে এসে। ২০০৬ সালে ফতুল্লা টেস্টে ১০৮ রানে নিয়েছিলেন ৮ উইকেট।
