১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৬৭ বলে ১৫২, রাহুলের ব্যাটে তাণ্ডব

পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করার পর বিধ্বংসী ব্যাটিংয়ে দেড়শ পেরিয়ে যায় দিল্লি ক্যাপিটালসের ওপেনার।

৬৭ বলে ১৫২, রাহুলের ব্যাটে তাণ্ডব
পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করলেন দিল্লি ক্যাপিটালস ওপেনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2026, 02:06 AM

Updated : 26 Aug 2026, 03:29 PM

৩৯ বলে রান ৭৩, এরপর একের পর এক বাউন্ডারিতে ৪৭ বলেই লোকেশ রাহুল পৌঁছে গেলেন তিন অঙ্কে। 

পাঞ্জাব কিংসের বিপক্ষে শনিবার বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছেন রাহুল। আইপিএলের চলতি আসরে দিল্লি ক্যাপিটালস ওপেনারের এটাই প্রথম সেঞ্চুরি, টি-টোয়েন্টিতে সব মিলিয়ে তার অষ্টম।

এই সংস্করণে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে রাহুলের চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল ভিরাট কোহলি ও আভিশেক শার্মার। দুই জনের সেঞ্চুরি ৯টি করে। 

আইপিএলে এটি রাহুলের ষষ্ঠ সেঞ্চুরি। ভারতের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কোহলি (৮) ও জস বাটলারের (৭)।

দ্বিতীয় ওভারে প্রথম বাউন্ডারির দেখা পান রাহুল। জ্যাভিয়ার বার্টলেটের প্রথম দুই বলে মারেন দুটি চার। এরপর নিয়মিতই বাউন্ডারি আসতে থাকে তার ব্যাটে। দশম ওভারে সিঙ্গেল নিয়ে স্পর্শ করেন পঞ্চাশ, ২৬ বলে। 

পঞ্চাশ ছুঁয়ে রানের গতি আরও বাড়ান রাহুল। চতুর্দশ ওভারে আর্শদিপের বলে তিন চার ও এক ছক্কায় নেন ২০ রান। মার্কো ইয়ানসেনের পরের ওভারে তিন বলের মধ্যে ১০ রান নিয়ে স্পর্শ করেন সেঞ্চুরি। তার পরের পঞ্চাশ আসে ২১ বলে। 

নিজের আগের সেরা অপরাজিত ১৩২ ছাড়িয়ে এগিয়ে যেতে থাকেন রাহুল। শেষ পর্যন্ত ১৫২ রানে অপরাজিত থাকেন রাহুল। তার ৬৭ বলের ঝড়ো ইনিংস গড়া ৯ ছক্কা ও ১৬ চারে। 

আইপিএলে ভারতীয় কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ এটাই। সব মিলিয়ে এর বেশি রানের ইনিংষ খেলেছেন কেবল ক্রিস গেইল (১৭৫) ও ব্র্যান্ডন ম্যাককালাম (১৫৮*)। এই টুর্নামেন্টে স্থানীয় কারও আগের সর্বোচ্চ ছিল আভিশেকের ১৪১।