লঙ্কানদের টি-টোয়েন্টি দল থেকে বাদ ওয়েলালাগে
প্রায় অপরিবর্তিত দল নিয়ে নিউ জিল্যান্ড সফরে যাচ্ছে শ্রীলঙ্কা।
সবশেষ সিরিজের দল থেকে কেবল একটি পরিবর্তন নিয়ে নিউ জিল্যান্ড সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে। প্রায় তিন বছর ধরে টি-টোয়েন্টিতে দেশের প্রতিনিধিত্ব না করা দিনেশ চান্দিমালকে ধরে রেখেছে লঙ্কানরা।
নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার ১৬ জনের দল দেয় শ্রীলঙ্কা। এই সংস্করণে সবশেষ তারা খেলে কিউইদের বিপক্ষেই, ঘরের মাঠে গত নভেম্বরে। ১-১ সমতায় শেষ হওয়া ওই সিরিজের দলে ছিলেন ১৭ জন। সেখান থেকে কেবল নেই ওয়েলালাগে।
২০২২ সালের ফেব্রুয়ারির পর দেশের হয়ে কোনো টি-টোয়েন্টি না খেলা অভিজ্ঞ চান্দিমালকে আরেকটি সিরিজে ধরে রাখল লঙ্কানরা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ফেরার পর কিউইদের বিপক্ষেও খেলেছিলেন ভানুকা রাজাপাকসা। কিন্তু দুই সিরিজে ৪ ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে একটিতেও ভালো করতে পারেননি তিনি। তবুও দলে জায়গা ধরে রেখেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
ওয়েলালাগেকে বাদ দেওয়ার কোনো কারণ উল্লেখ করেনি লঙ্কানরা। ধারণা করা হচ্ছে, নিউ জিল্যান্ডের পেস সহায়ক কন্ডিশনের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২১ বছর বয়সী এই ক্রিকেটার দেশের হয়ে এখন পর্যন্ত ৪টি টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ৬ উইকেট।
দুই দলের মাঠের লড়াই শুরু আগামী ২৮ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুইয়ে। দুই দিন পর একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টি। ২ জানুয়ারি নেলসনে হবে তৃতীয় ও শেষ ম্যাচ। আগামী ২০ ডিসেম্বর নিউ জিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়তে পারে লঙ্কানরা
নিউ জিল্যান্ড সফরে শ্রীলঙ্কার টি-টোয়েটি দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, আভিশকা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল, ভানুকা রাজাপাকসা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিন্দু উইক্রামাসিংহে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, আসিথা ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো।
