১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হৃদয় ও চাঁদকে ছাড়িয়ে আফগান ব্যাটসম্যানের বিশ্ব রেকর্ড

যুব ওয়ানডেতে আরও একটি সেঞ্চুরি করলেন ১৭ বছর বয়সী ফায়সাল খান।

হৃদয় ও চাঁদকে ছাড়িয়ে আফগান ব্যাটসম্যানের বিশ্ব রেকর্ড
যুব ওয়ানডেতে ২২ ম্যাচে ৬টি সেঞ্চুরি করে ফেললেন ফায়সাল খান। ছবি: এসিবি ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 07:46 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

যুব বিশ্বকাপে ফায়সাল খানের ব্যাটে রানের জোয়ার চলছেই। যুব ওয়ানডেতে আরেকটি সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড ছুঁয়েছেন আফগানিস্তানের ১৭ বছর বয়সী এই ব্যাটসম্যান।  

আসরের দ্বিতীয় সেমি-ফাইনালে বুধবার হারারেতে ভারতের বিপক্ষে ৯৩ বলে ১১০ রানের দারুণ ইনিংস খেলেন ফায়সাল। ১৫ চারে গড়া তার ইনিংসটি। 

বিশ্বকাপে এটি তার টানা দ্বিতীয় সেঞ্চুরি। কোয়ার্টার-ফাইনালে পরিণত হওয়া সুপার সিক্সের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪২ বলে ১৬৩ রান করেছিলেন তিনি, যেটি যুব ওয়ানডেতে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

যুব ওয়ানডে ক্যারিয়ারে সব মিলিয়ে ফায়সালের সেঞ্চুরি হলো ছয়টি, যা সর্বোচ্চ। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়ে তাওহিদ হৃদয় ও উন্মুক্ত চাঁদের (পাঁচ সেঞ্চুরি) পাশে বসেছিলেন তিনি। এই দুজনকে ছাড়িয়ে এবার সামি আসলামের সঙ্গী হলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

পাকিস্তানের হয়ে যুব ওয়ানডেতে সামি ছয়টি সেঞ্চুরি করেছিলেন ৪০ ম্যাচে। তাকে ফায়সাল ছুঁয়ে ফেললেন ২২ ম্যাচ খেলেই। 

চলতি বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে চারশ রানের মাইলফলকও ছুঁয়েছেন ফায়সাল। ছয় ইনিংসে দুটি করে সেঞ্চুরি ও ফিফটিতে তার রান এখন ৪৩৫। সমান ইনিংসে ৩৯৯ রান করে তালিকার দুই নম্বরে আছেন ইংল্যান্ডের বেন মেইস।

সেমি-ফাইনালে ফায়সালের পাশাপাশি সেঞ্চুরি করেন উজাইরউল্লাহ নিয়াজাইও (৮৬ বলে ১০১*)। জোড়া শতকে ভারতকে ৩১১ রানের লক্ষ্য দেয় আফগানিস্তান।