১৫ বছর বয়সেই আইপিএলে অনন্য কীর্তি সুরিয়াভানশির
ঝড়ো ফিফটির এমন এক রেকর্ড গড়েছেন ভারতের বিস্ময়-বালক, যা এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম।
বিস্ময়-বালক, কিশোর প্রতিভা, ভবিষ্যতের তারকা, এসব বিশেষণ বৈভাব সুরিয়াভানশির জন্য এখন পুরোনো হয়ে গেছে। প্রায় প্রতি ম্যাচে যেভাবে নিজেকে মেলে ধরছেন তিনি, নিত্য নতুন বিশেষণ খুঁজে হয়রান হতে হচ্ছে। সঙ্গে চলছে রেকর্ড বইয়ে তার আঁকিবুকি। রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী ব্যাটসম্যান এমন এক কীর্তি গড়েছেন, যা আইপিএলের ইতিহাসেই প্রথম।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের গুঁড়িয়ে শুক্রবার ৭ ছক্কায় ২৬ বলে ৭৮ রানের ইনিংস খেলেন সুরিয়াভানশি। ইনিংসটির পথে ফিফটি স্পর্শ করেন মাত্র ১৫ বলে।
এবারের আসরেই কদিন আগে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৫ বলে ফিফটি করেছিলেন তিনি। গত আসরে গুজরাট টাইটান্সের বিপক্ষে ফিফটি করেছিলেন ১৭ বলে। আইপিএলের সব আসর মিলিয়ে তিনিই প্রথম ব্যাটসম্যান, ১৮ বলের নিচে যার ফিফটি আছে তিনটি।
১৮ বলের নিচে দুটি করে ফিফটি আছে ৬ জন ব্যাটসম্যানের।
সব মিলিয়ে সুরিয়াভানশির টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৮ বলের নিচে ফিফটি হলো এখন ৪টি। টি-টোয়েন্টি ক্রিকেটের দুই কিংবদন্তি ক্রিস গেইল ও কাইরন পোলার্ডেরও আছে ৪টি করে। রেকর্ডে তাদের একটু ওপরে আছেন অবশ্য আভিশেক শার্মা (৫টি)। তাকে ছুঁতে খুব বেশি সময় লাগার কথা নয় সুরিয়াভানশির!
আইপিএলে ১৫ বল বা এর নিচে ফিফটি একাধিকবার করতে পেরেছেন সুরিয়াভানশি ছাড়া আর কেবল একজন ব্যাটসম্যান। ২০২৪ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৫ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার জেইক ফ্রেজার-ম্যাকগার্ক।
টি-টোয়েন্টি ক্রিকেটে তিনশর বেশি স্ট্রাইক রেটে পঞ্চাশোর্ধ্ব ইনিংস এই নিয়ে তিনটি উপহার দিলেন সুরিয়াভানশি। এখানেও তিনি রেকর্ডে প্রায় স্পর্শ করেই ফেলেছেন কাইরন পোলার্ডকে (৪টি)।
সুরিয়াভানশির বিধ্বংসী ইনিংসের পাশাপাশি এ দিন ৪৩ বলে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনে নামা ধ্রুব জুরেল। দ্বিতীয় উইকেটে দুজনে ১০৮ রানের জুটি গড়েন স্রেফ ৬.১ ওভারেই। জুটিতে ওভারপ্রতি এসেছে ১৭.৫১ রান। আইপিএলে শতরানের জুটিগুলোর মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম।
২০২৪ আসরে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অবিশ্বাস্যভাবে ৬.২ ওভারে ১৩১ রানের উদ্বোধনূ জুটি গড়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের আভিশেক শার্মা ও ট্রাভিস হেড।
এবার সুরিভানশি-জুরেলের তাণ্ডবে পাওয়ার প্লেতে ৯৭ রান তোলে রাজস্থান রয়্যালস, এই দলের ১৯ বছরের পথচলায় যা সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল গত আসরে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৮৯।
বেঙ্গালুরুর বিপক্ষে ইনিংসটি দিয়ে এবারের আসরের প্রথম ব্যাটসম্যান হিসবে ২০০ রান স্পর্শ করেছেন সুরিয়াভানশি। সর্বোচ্চ রানের অরেঞ্জ ক্যাপ এখন তার মাথায়। গড় ৫০, স্ট্রাইক রেট অকল্পনীয় (২৬৬.৬৬)।
রানের তালিকায় পরের দুটি নামও সুরিয়াভানশির দুই সতীর্থ। তার উদ্বোধনী জুটির সঙ্গী ইয়াশাসভি জয়সওয়ালের রান ১৮৩, ধ্রুব জুরেলের রান ১৭৬।
