২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে ও নিউ জিল্যান্ড সিরিজ শেষ মার্শের

সেপ্টেম্বরে ভারত সফরে এই অলরাউন্ডারকে পাওয়ার আশায় অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 03:30 PM

Updated : 30 Aug 2022, 03:30 PM

গোড়ালির গাঁটে চোট পেয়েছেন মিচেল মার্শ। চলতি জিম্বাবুয়ে সিরিজের বাকি অংশ ও আসছে নিউ জিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার।

জিম্বাবুয়ের বিপক্ষে গত রোববার প্রথম ওয়ানডেতে এই চোট পান মার্শ। পেস বোলিংয়ে ওই ম্যাচে ৬ ওভার করে ২২ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। ব্যাট হাতে করতে পারেন কেবল ২ রান। তিন ম্যাচ সিরিজের বাকি দুটি আগামী বুধবার ও শনিবার।

এরপর নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ম্যাচ তিনটি আগামী ৬, ৮ ও ১১ সেপ্টেম্বর।

মার্শের চোট যদিও গুরুতর নয় বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না দল। অস্ট্রেলিয়ার সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল তার। ফাইনালে হয়েছিলেন ম্যাচ সেরা।

আগামী অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠের বিশ্বকাপের আগে ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। সিরিজটি শুরু ২০ সেপ্টেম্বর। ওই সিরিজে মার্শকে পুরোপুরি ফিট পাওয়ার আশায় আছে তারা।

মার্শের বদলি হিসেবে কিপার-ব্যাটসম্যান জশ ইংলিসকে দলে ডেকেছে অস্ট্রেলিয়া। দা হানড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে খেলছিলেন তিনি গ্লেন ম্যাক্সওয়েলের বদলি হিসেবে।