২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এর চেয়ে বাজে উইকেট গায়ানায় ছিল’

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে এর চেয়েও বাজে উইকেটে খেলেছিল বাংলাদেশ, বললেন স্পিনার রিশাদ হোসেন, উইকেট নিয়ে অভিযোগ নেই ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2025, 11:02 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

সেই কালো মাটির উইকেট, আবার পুরোনো বিতর্ক। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে যথারীতি আলোচনার কেন্দ্র বিন্দুতে মিরপুরের উইকেট। শনিবারের ম্যাচে দুই দলই স্পিনে ছটফট করেছে। পার্থক্য শুধু এক জায়গায়, বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন সেই ধাঁধা মেলালেন সবচেয়ে সুন্দরভাবে। রেকর্ড গড়া ও ক্যারিয়ারের সেরা বোলিংয়ে জিতলেন ম্যাচসেরার পুরস্কারও।

ম্যাচ শেষে দুই দলের সংবাদ সম্মেলনেই উইকেট নিয়ে প্রশ্ন হলো অনেক। উইকেট নিয়ে আপত্তির কিছু দেখছেন না রিশাদ। বাংলাদেশের জয়ের নায়ক মনে করিয়ে দিলেন, গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সফরে আরও বাজে উইকেটে পেয়েছিলেন তারা।

“উইকেট ওদের জন্য যেমন ছিল, আমাদের জন্যও একই। আমার মনে হয় দুই দলের জন্যই সমান ছিল। আপনি যদি মনে করেন, এর চেয়ে বাজে উইকেট গায়নায় ছিল—ওখানে আমরা কিন্তু অ্যাডজাস্ট করে খেলেছি। দুই দলের জন্য সমান থাকলে, কাভার করা যায়।”

রিশাদের আগে শেই হোপের সংবাদ সম্মেলনের বেশির ভাগ জুড়ে ছিল উইকেটের প্রসঙ্গই। শুরুতে রহস্যময় হাসিতে কিছু যেন বুঝিয়ে দিত চাইলেন তিনি। তবে তার কথায় উইকেট নিয়ে কোনো আপত্তি বা অভিযোগ নেই।

“আসলে উইকেট কঠিনই ছিল। এমন ধরনের পিচে ব্যাটার হিসেবে কখনও পুরোপুরি থিতু মনে হয় না। তাই হ্যাঁ, এটা কঠিন ছিল দুই দলের জন্যই। পিচে খুব একটা পরিবর্তন হয়নি, একটুও বদলায়নি। কিন্তু বাংলাদেশের স্পিনাররা যেভাবে নিখুঁত লাইন–লেংথে বল করেছে, সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।

“এখন আমাদের শেখার বিষয় হলো, কীভাবে তাদের লাইন–লেংথ এলোমেলো করা যায়। একটু বেশি ইতিবাচকভাবে খেলতে হবে, যাতে তারা ছন্দ না পায়। মাঝের ওভারে আমরা সত্যিই ভুগেছি, এটা বাস্তবতা। এখন এই ম্যাচটা ভুলে যেতে হবে, পরের ম্যাচে আরও ভালোভাবে ফিরে আসতে হবে।”