Published : 30 Nov 2025, 08:24 PM
রান তাড়ায় ইনিংস শুরু করতে নেমে দলের জয় সঙ্গে নিয়ে ফিরলেন ইশান কিষান। প্রতিপক্ষের বোলারদের গুঁড়িয়ে উপহার দিলেন দারুণ এক সেঞ্চুরি।
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে রোববার ত্রিপুরার বিপক্ষে অপরাজিত ১১৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কিষান। ৮ ছক্কা ও ১০ চারে ৫০ বলের ইনিংস সাজান ঝাড়কান্ডের অধিনায়ক।
কিষানের ২২৬ স্ট্রাইক রেটের খুনে ইনিংসে ১৮৩ রানের ১৫ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে ঝাড়কান্ড। আসরে তাদের টানা তৃতীয় জয় আসে ৮ উইকেটে।
টুর্নামেন্টে আগের দুই ম্যাচে জ্বলে উঠতে পারেননি কিষান। গত বুধবার দিল্লির বিপক্ষে ২৭ এবং শুক্রবার কার্নাটাকার বিপক্ষে ১৫ রান করেন তিনি।
এবার নিজেকে মেলে ধরে স্বীকৃত টি-টোয়েন্টিতে পঞ্চম সেঞ্চুরি করলেন ২৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান।
আহমেদাবাদে লক্ষ্য তাড়ায় শুরুটা বাজে হয় ঝাড়কান্ডের। ৩২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে চাপে পড়া দলকে টানেন কিষান ও ভিরাট সিং। তাদের অবিচ্ছিন্ন ১৫৩ রানের জুটিতে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় দলটি।
একটি ছক্কা ও চারটি চারে ৪০ বলে ৫৩ রান করেন ভিরাট। দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন কিষান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ত্রিপুরার শুরুটাও ভালো হয়নি। ৪১ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেন বিক্রামকুমার দাস ও ভিজায় শাঙ্কার।
১ ছক্কা ও ৬টি চারে ২৯ বলে ৪২ রান করে ফেরেন ওপেনার বিক্রামকুমার। ভিজায় খেলেন ১ ছক্কা ও ৮ চারে ৪১ বলে ৫৯ রানের ইনিংস। পরে মানিসাঙ্কার মুরাসিংয়ের ৫ ছক্কায় ২১ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসে ১৮০ পার করে ত্রিপুরা।