২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড সিরিজে খেলতে প্রস্তুত কোহলি

হাঁটুর চোট থেকে সেরে উঠেছেন ভারতের ব্যাটিং গ্রেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 08:31 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

হাঁটুর চোট কাটিয়ে উঠেছেন ভিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তারকা এই ব্যাটসম্যানকে পাবে ভারত।

গত বৃহস্পতিবার প্রথম ওয়ানডে খেলতে পারেননি কোহলি। তাক ছাড়াই অবশ্য ম্যাচটি ৪ উইকেটে জিতে তিন ওয়ানডের সিরিজে এগিয়ে যায় স্বাগতিকরা। 

দ্বিতীয় ম্যাচে রোববার মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। আগের দিন ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক নিশ্চিত করেন কোহলির সুস্থ হয়ে ওঠার বিষয়টি।

“কোহলি ফিট হয়ে উঠেছে, সে আজ আমাদের সঙ্গে অনুশীলন করেছে। সে খেলতে প্রস্তুত।”

নাগপুরে প্রথম ম্যাচের আগের দিন অনুশীলনের সময় হাঁটুতে চোট পান কোহলি। তার জায়গায় একাদশে সুযোগ পান শ্রেয়াস আইয়ার। ছয় মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ৯ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৫৯ রান করেন তিনি।

কোহলি ফিট হয়ে ওঠায় এখন মধুর সমস্যায় পড়েছে ভারত। তাকে জায়গা দিতে হয়তো বাদ পড়তে পারেন ইয়াশাসভি জয়সয়াওল। এতে রোহিত শার্মার সঙ্গে ওপেন করতে পারেন আগের ম্যাচে তিনে নেমে ৮৭ রান করে ম্যাচ সেরা হওয়া শুবমান গিল। আর যদি শ্রেয়াস বাদ পড়েন, তাহলে তিন ও চার নম্বরে খেলবেন কোহলি ও গিল।

গত বছরের অগাস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ওয়ানডে সিরিজ খেলছে ভারত। দীর্ঘদিন ধরে ছন্দের খোঁজে থাকা ভারতীয় ব্যাটিং গ্রেটের নিজেকে শানিয়ে নেওয়ার মঞ্চ হবে এটি।