২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টিতে প্রথমবার চূড়ায় রাজা, ওয়ানডের সিংহাসনে ফিরেছেন রোহিত

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার।

টি-টোয়েন্টিতে প্রথমবার চূড়ায় রাজা, ওয়ানডের সিংহাসনে ফিরেছেন রোহিত
সিকান্দার রাজা (বাঁয়ে) ও রোহিত শার্মা। ফাইল ছবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 06:21 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সিকান্দার রাজার ব্যাটে-বলে আলো ছড়ানোর প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়ে। এই সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষে উঠছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার। আর ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে সিংহাসনে ফিরেছেন ভারতের রোহিত শার্মা।

যথারীতি বুধবার ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে এক ধাপ এগিয়েছেন রাজা। ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় রোহিতেরও উন্নতি এক ধাপ।

ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। তবে র‍্যাঙ্কিংয়ের হালনাগাদে বিবেচনায় এসেছে তাদের সবশেষ তিনটি ম্যাচ।

গত বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে ৬৭ রান হারানোর পথে বড় অবদান রাখেন রাজা। ৪৭ রানের ইনিংস খেলার পর অফ স্পিনে ২৩ রান দিয়ে নেন এক উইকেট। পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে ২ শিকার ধরেন ৩৯ রান খরচায়। পরে রান তাড়ায় করেন ২৩ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচে মঙ্গলবার ৩৭ রান করেন রাজা। পরে ৪ ওভার করে দেন স্রেফ ১৭ রান, ছিলেন উইকেটশূন্য।  

২০২২ সাল থেকে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে আছেন রাজা। ধারাবাহিক পারফরম্যান্সে ১৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার শীর্ষে ওঠার স্বাদ পেলেন ৩৯ বছর বয়সী ক্রিকেটার। তার উন্নতিতে এক ধাপ নিচে নেমে এখন দুইয়ে পাকিস্তানের সাইম আইয়ুব।  

গত সেপ্টেম্বরে ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে চূড়ায় উঠেছিলেন রাজা। এখন আছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতের আভিশেক শার্মা। ৮ ধাপ এগিয়ে চতুর্থ স্থানে সাহিবজাদা ফারহান। ৫ ধাপ উন্নতি করে এখন ২৯তম স্থানে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।

এই সংস্করণের বোলারদের তালিকায় যথারীতি চূড়ায় ভারতের ভারুন চক্রবর্তী।

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই ওয়ানডে খেলতে পারেননি ড্যারিল মিচেল। এক ধাপ পিছিয়ে এখন দুইয়ে নিউ জিল্যান্ডের এই ব্যাটসম্যান। তার অবনতিতে শীর্ষে ফিরেছেন রোহিত।

গত অক্টোবরে প্রথমবার ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন রোহিত। গত সপ্তাহে তাকে সরিয়ে জায়গাটি নিজের করে নেন মিচেল।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রাশিদ খান।