২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬ বছর পর ফিরে গিলের ১১, উজ্জ্বল শ্রেয়াস

ভিজায় হাজারে ট্রফিতে ফেরাটা সুখকর হলো না ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়কের।

৬ বছর পর ফিরে গিলের ১১, উজ্জ্বল শ্রেয়াস
শুবমান গিল (বাঁয়ে) ও শ্রেয়াস আইয়ার। ফাইল ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2026, 08:24 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

একই দিনে মাঠে ফিরে ভিন্ন অভিজ্ঞতা হলো শুবমান গিল ও শ্রেয়াস আইয়ারের। ৬ বছর পর ভিজায় হাজারে ট্রফিতে খেলতে নেমে ব্যর্থ হলেন ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক গিল। চোটে কাটিয়ে লম্বা সময় পর ফেরা সহ-অধিনায়ক শ্রেয়াস খেললেন পঞ্চাশোর্ধ ইনিংস।

ভারতের ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্টে মঙ্গলবার ভিন্ন দুই ম্যাচে মাঠে নামেন গিল ও শ্রেয়াস। চলতি আসরে এটি শ্রেয়াসের প্রথম ম্যাচ। আর গিল তো এই টুর্নামেন্টে খেলতে নামলেন ২০১৯ সালের পর।

জয়পুরে গোয়ার বিপক্ষে ২১২ রানের লক্ষ্য তাড়ায় পাঞ্জাবের ইনিংস শুরু করতে নামেন গিল। গত অক্টোবরের পর ৫০ ওভারের ক্রিকেটে প্রথমবার খেলতে নেমে ২ চারে ১২ বলে স্রেফ ১১ রান করে আউট হয়ে যান ডানহাতি এই ব্যাটসম্যান।

২০১৭ সালে লিস্ট ‘এ’ অভিষেকেও ১১ রান করেছিলেন গিল। পরের ম্যাচেই অবশ্য সেঞ্চুরি উপহার দেন তিনি। এরপর সময়ের সঙ্গে সমৃদ্ধ করেন এই সংস্করণে নিজের ক্যারিয়ার।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১১৪ ম্যাচে ১৪ সেঞ্চুরি ও ২৬ ফিফটিতে ৫ হাজার ৯৩ রান করেছেন গিল। আন্তর্জাতিক ওয়ানডেতে ৫৮ ম্যাচে ৮ সেঞ্চুরিতে তার রান ২ হাজার ৮১৮।

গত অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ক্যাচ ধরতে গিয়ে বেকাদায় পড়ে গুরুতর চোটে পড়েন শ্রেয়াস। পরে তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়। স্ক্যানে তখন তার প্লীহায় ক্ষত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়ে। অবস্থার অবনতি হলে আইসিইউতেও রাখা হয় ভারতীয় ব্যাটসম্যানকে।

ওই চোটে এতদিন মাঠের বাইরে ছিলেন শ্রেয়াস। হিমাচল প্রদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে খেলায় ফেরেন তিনি। মুম্বাইয়ের অধিনায়ক এদিন ৩ ছক্কা ও ১০ চারে ৫৩ বলে ৮২ রান করেন।

নিউ জিল্যান্ডের বিপক্ষে আসছে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে শ্রেয়াসকে। তবে ফিটনেস পরীক্ষায় উতরেই কেবল খেলতে পারবেন তিনি। সেই পথে বড় এক ধাপ এগোলেন দারুণ ইনিংসটি খেলে।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬৪ ম্যাচ খেলে এটি শ্রেয়াসের ৪২তম ফিফটি। সঙ্গে ১৫ সেঞ্চুরিতে ৬ হাজার ৬৬৭ রান করেছেন তিনি। আর ওয়ানডেতে ৭৩ ম্যাচ খেলে তার রান ২ হাজার ৯১৭, সেঞ্চুরি পাঁচটি, ফিফটি ২৩টি।

মাঠে ফেরার ম্যাচে গিল ও শ্রেয়াস দুজনই পেয়েছেন জয়ের স্বাদ। গোয়াকে ৬ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। আর হিমাচল প্রদেশের বিপক্ষে ৭ রানের জয় পেয়েছে মুম্বাই।