ট্রিপল সেঞ্চুরির অপেক্ষায় ওয়ানডের রাজা
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে দারুণ এক মাইলফলক স্পর্শ করবেন ভিরাট কোহলি।
এই গ্রুপের প্রেক্ষাপটে ম্যাচটির গুরুত্ব নেই বললেই চলে। জয়-হার যেটিই হোক বা গ্রুপে অবস্থান যেমনই থাকুক, ভারত সেমি-ফাইনাল ম্যাচটি খেলবে দুবাইয়ে, নিউ জিল্যান্ড খেলবে লাহোরে। তবে আপাত গুরুত্বহীন ম্যাচটিই ভিরাট কোহলির জন্য বিশেষ কিছু। সব ঠিকঠাক থাকলে দুবাইয়ে রোববার যদি তিনি মাঠে নামেন, তাহলে স্পর্শ করবেন ৩০০ ওয়ানডে খেলার মাইলফলক।
ভক্তরা ভালোবেসে তাকে ডাকেন ‘কিং কোহলি।’ তারা এই খেতাব সবচেয়ে বেশি মানিয়ে যায় ওয়ানডে ক্রিকেটের সঙ্গেই। এখানে সত্যিকার অর্থেই তিনি রাজা। এই সংস্করণের সবচেয়ে বেশি ৫১টি সেঞ্চুরি তার। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরি পরে সাচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে দ্রুততম ১৪ হাজার রানের রেকর্ড গড়েছেন তিনি। আরও কত রেকর্ড, অর্জন, কীর্তি এই সংস্করণে তার আছে, সেসব হিসাব করাও কঠিন। সর্বকালের সেরাদের আরেকজন, রিকি পন্টিং তো কদিন আগেই বলে দিয়েছেন, তার চোখে ওয়ানডের সর্বকালের সেরা ব্যাটসম্যান কোহলি।
শ্রেষ্ঠত্বের সেই আঙিনাতেই আরেকটি গৌরবের ঠিকানায় পা রাখবেন তিনি এই ম্যাচ দিয়ে। ২০০৮ সালে অনূধ্র্ব-১৯ বিশ্বকাপ খেলার পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন কোহলি। এই সংস্করণে নিজের প্রতিভা আর সামর্থ্যের ঝলক দেখিয়েই ক্রমে জায়গা করে নিয়েছেন অন্য দুই সংস্করণে। গ্রেটনেসের ঝলকও তিনি প্রথম দেখিয়েছেন ওয়ানডেতেই। বর্ণ্যাঢ্য সেই পথচলায় এবার তিনি পৌঁছে যাচ্ছেন তিনশ ম্যাচের মোড়ে।
ভারতের হয়ে তিনশ ওয়ানডে খেলা সপ্তম ক্রিকেটার হবেন কোহলি। ৪৬৩ ম্যাচ খেলে সবার ওপরে টেন্ডুলকার। ওয়ানডে ইতিহাসেই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার।
ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪৭ ম্যাচ খেলেছেন মাহেন্দ্র সিং ধোনি, ৩৪০ ম্যাচ খেলেছেন রাহুল দ্রাবিড়। সবার আগে তিনশ ছুঁয়েছেন যিনি, সেই মোহাম্মদ আজহারউদ্দিনের ক্যারিয়ার থেমেছে ৩৩৪ ম্যাচে। সৌরভ গাঙ্গুলি খেলেছেন ৩০৮ ম্যাচ। সবশেষ ২০১৭ সালে এই মাইলফলকে পা রাখা ইউভরাজ সিং খেলেছেন মোট ৩০১ ওয়ানডে।
ভারতের বর্তমান দলে তিনশ ছোঁয়ার সম্ভাবনা কোহলির পরে সত্যিকার অর্থে আছে রোহিত শার্মার। ভারতীয় অধিনায়ক ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত ২৭০টি।
তিনশতম ম্যাচের জন্য দুদিন আগেই সংবাদ সম্মেলনে কোহলিকে শুভেচ্ছা জানিয়ে রেখেছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান লোকেশ রাহুল।
“অনেক ওয়ানডে ম্যাচ, অনেক অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। সে কতটা দুর্দান্ত ক্রিকেটার ও ভারতীয় ক্রিকেটের কতটা দারুণ সেবক, এটা ফুটিয়ে তোলার উপযুক্ত ভাষা জানা নেই আমার। গত ম্যাচে তাকে শতরান পেতে দেখে খুবই ভালো লেগেছে। এই মুহূর্তে খুবই ভালো ব্যাট করছে সে এবং এটা স্রেফ সময়ের ব্যাপার ছিল যে, সে আবার বড় ইনিংস খেলবে ও ম্যাচ জেতানো সেঞ্চুরি করবে।”
রাহুলের মতে, দল হিসেবেও এখন দারুণ ছন্দে আছে ভারত। এই পথ ধরেই এগিয়ে যেতে চান তারা। কোহলি আরও অনেক ম্যাচ খেলবেন ও সেঞ্চুরি করবেন বলেও আশা তার।
“দল হিসেবে আমরা দারুণ অবস্থানে আছি এখন। রোহিত ভালো ফর্মে আছে, শুবমান-ভিরাট সত্যিই দারুণ ফর্মে আছে। শ্রেয়াসও অবদান রাখছে। গত ম্যাচ ৬০ করেছে সে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও বলে খুব ভালো হিট করছিল সে। সব মিলিয়ে দলকে ভালো মনে হচ্ছে এবং ভিরাট অবশ্যই তলের গুরুত্বপূর্ণ অংশ।”
“ভিরাট ও রোহিত দলের সিনিয়র ক্রিকেটার এবং বড় ম্যাচে সবসময়ই তাদের দিকে তাকিয়ে থাকে সবাই যে, তারা এগিয়ে আসবে ও রান করবে। অনেক বছর ধরেই তারা এটা করে আসছে। আশা করি, মধ্যে আরও অনেক ম্যাচ খেলবে সে (কোহলি) ও আরও অনেক সেঞ্চুরি উপহার দেবে।”
নিউ জিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস ম্যাচের আগের দিন কোহলিকে নিয়ে তার মুগ্ধতার কথা জানিয়ে রাখলেন ।
"অসাধারণ এক ক্রিকেটার তিনি। ব্যক্তিগতভাবেও তাকে কিছুটা জানি, আমার জন্য সেটা বিশাল ব্যাপার। অবশ্যই অবিশ্বাস্যরকমের কঠোর পরিশ্রম করেন তিনি। ক্রিকেট খেলাটির জন্য তিনি যা করেছেন, ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন এবং তাকে দেখে যেভাবে তরুণরা খেলায় আসছে, সবকিছুই দারুণ। সামনের দিনগুলোয় দীর্ঘদিন ধরে তাকে মনে রাখা হবে, অসংখ্য মানুষকে প্রেরণা জুগিয়ে যাবেন। ৩০০ ওয়ানডে দারুণ এক মাইলফলক, বিশেষ করে এই যুগে, যখন আগের মতো অত ওয়ানডে আর হয় না। তার জন্য দারুণ অর্জন।"
