আকবরের ফিফটি ও আরিফুলের বোলিং ঝলকে জয়ের সুবাস পাচ্ছে রংপুর
জয়ের জন্য শেষ দিনে রংপুরের চাই ৪ উইকেট, রাজশাহীর প্রয়োজন ২০১ রান।
পঞ্চাশ ছাড়ানো ইনিংসে দলকে পথ দেখালেন আকবর আলি। বল হাতে জ্বলে উঠলেন আরিফুল হক। তাদের নৈপুণ্যে রাজশাহীর বিপক্ষে দারুণ এক জয়ের সম্ভাবনা নিয়ে শেষ দিনের অপেক্ষায় রংপুর।
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে ২৬৩ রানের লক্ষ্য দিয়ে রাজশাহীকে চেপে ধরেছে রংপুর। ৬২ রানেই প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নিয়েছে তারা।
চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের চাই ৪ উইকেট। আর রাজশাহীর প্রয়োজন ২০১ রান।
প্রথম ইনিংসে দুই দলই করে ১৮৯ রান। পরে দ্বিতীয় ইনিংসে আকবরের ফিফটি ও বাকিদের সম্মিলিত অবদানে ২৬২ রান করে রংপুর। ১২ চারে ৭৭ রান করেন অধিনায়ক আকবর।
চমৎকার বোলিংয়ে স্রেফ ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথ করে দিয়েছেন আরিফুল। ব্যাট হাতেও তিনি রেখেছেন অবদান। প্রথম ইনিংসে ১০৩ রানের ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার।
৪ উইকেটে ৮৩ রান নিয়ে সোমবার দিন শুরু করে রংপুর। আব্দুল গাফফার ও নাঈম সিলাম পারেননি বেশিক্ষণ টিকতে। এরপর তাইবুরকে নিয়ে দলের রান বাড়ান আকবর।
দুইজনের জুটিতে আসে ৭৭ রান। ৭৪ বলে ফিফটি করা আকবরের বিদায়ে ভাঙে তাদের যুগলবন্দি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আরিফুল এবার ফেরেন ১৭ রান করে। পঞ্চাশের সম্ভাবনা জাগিয়ে বিদায় নেন তাইবুর।
রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মোহর শেখ। অধিনায়ক সানজামুল ইসলাম ধরেন ৩ শিকার।
রান তাড়ায় নামা রাজশাহীকে শুরুতেই চেপে ধরেন আব্দুল গাফফার। দুই ওপেনার মিজানুর রহমান ও সাব্বির হোসেন তার শিকার। এরপর আরিফুল দেখান ঝলক। তার মিডিয়াম পেসে বিদায় নেন হাবিবুর রহমান, প্রিতম কুমার ও ওয়াসি সিদ্দিক।
পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান আরিফুল। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি তিনি।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)
রংপুর ১ম ইনিংস: ১৮৯
রাজশাহী ১ম ইনিংস: ১৮৯
রংপুর ২য় ইনিংস: ৮২.১ ওভারে ২৬২ (আগের দিন ৮৩/৪) (গাফফার ১৯, নাঈম ৮, আকবর ৭৭, তানবির ৪০, আরিফুল ১৭, রবিউল ০, হাসিম ৭*; আলি ১৯.১-৩-৬৭-২, মোহর ১৯-২-৪৯-৪, কিবরিয়া ১০-০-৫২-০, সাব্বির ১১-২-৩০-১, সানজামুল ১৮-৬-৩২-৩, মেহেরব ২-০-৬-০, ওয়াসি ৩-০-১৩-০)
রাজশাহী ২য় ইনিংস: (লক্ষ্য ২৬৩) ১৯.৪ ওভারে ৬২/৬ (মিজানুর ১, সাব্বির ১৩, হাবিবুর ১৭, ফরহাদ ৯, মেহেরব ৯*, প্রিতম ২, ওয়াসি ০, কিবরিয়া ৮*; রবিউল ৪-০-১৮-০, গাফফার ৬-৩-১৫-২, রিজওয়ান ২-০-৮-০, মামুন ৪.৪-২-৮-১, আরিফুল ৩-০-১০-৩)
খালেদ-নাবিলের বোলিংয়ে বড় লিড পেল সিলেট
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এনামুল হক আরেকটি শতকের সম্ভাবনা জাগালেন। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না নিতে। ফিফটি উপহার দিলেন আফিফ হোসেন। তাতেও লাভ হলো না খুব একটা। সৈয়দ খালেদ আহমেদ ও নাবিল সামাদের দারুণ বোলিংয়ে বড় লিড পেল সিলেট।
কক্সবাজার একাডেমি মাঠে সোমবার খুলনাকে ২৭৩ রানে গুটিয়ে দিয়েছে সিলেট। প্রথম ইনিংস শেষে ২২৩ রানের লিড পেয়েছে তারা। খুলনাকে ফলো-অন করানোর সুযোগ আছে তাদের সামনে।
খুলনার হয়ে ৫ ছক্কা ও ৭ চারে ৮৮ রানের ইনিংস খেলেন এনামুল। ৫৩ রানের ইনিংস খেলার পথে ১ ছক্কা ও ৪টি চার মারেন আফিফ। মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ১ ছক্কা ও ৬ চারে ৪৭ রান।
সিলেটের হয়ে তিনটি করে উইকেট নেন খালেদ ও নাবিল। দীর্ঘ দেড় বছর পর স্বীকৃত ক্রিকেটে খেলতে নেমে একটি উইকেট নেন এবাদত হোসেন।
এনামুল ও অমিত মজুমদারের ব্যাটে ভালো শুরু পায় খুলনা। ৬০ বলে ১০ রান করা অমিতকে ফিরিয়ে ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন খালেদ। নিজের পরের ওভারের প্রথম বলে ইমরুল কায়েসকে বোল্ড করে দেন এই পেসার।
মিঠুনকে নিয়ে ৯৯ রানের জুটি গড়েন এনামুল। মিঠুনের বিদায়ের পর তিনিও আর পারেননি কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখতে। এরপর আফিফকে কিছুক্ষণ সঙ্গ দেন নুরুল হাসান সোহান, জিয়াউর রহমান।
ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি আফিফ। ১৬ রানে শেষ ৫ উইকেট হারায় খুলনা।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)
সিলেট ১ম ইনিংস: ৪৯৬/৭ ডিক্লে.
খুলনা ১ম ইনিংস: ৮৭.৫ ওভারে ২৭৩ (আগের দিন ৩/০) (এনামুল ৮৮, অমিত মজুমদার ১০, ইমরুল ০, মিঠুন ৪৭, সোহান ২৪, আফিফ ৫৩, জিয়াউর ২৬, মেহেদি ০, টিপু ০, হালিম ১, সালমান ৪৮; এবাদত ১৫-২-৩০-১, খালেদ ১৪-৩-৫১-৩, তোফায়েল ১১-৪-১৭-০, নাবিল ২৪.৫-৩-৭৯-৩, নাঈম ১৬-৩-৫৯-২, রাহাতুল ৭-২-২৪-১)
শুভাগতর ৮৩, আবু হায়দারের ৩ উইকেট
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে লিড নেওয়ার পর, ঢাকা মেট্রোর দ্বিতীয় ইনিংসে ১৮৬ রানে ৬ উইকেট তুলে নিয়েছে ঢাকা বিভাগ।
৬ উইকেটে ২৫৪ রান নিয়ে দিন শুরু করা ঢাকাকে বেশিক্ষণ টানতে পারেননি শুভাগত হোম ও নাজমুল ইসলাম। ৬০ রান নিয়ে খেলতে নামা শুভাগত সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ফেরেন ৮৩ রানে। তার ৯৮ বলের ইনিংসে ১ ছক্কার সঙ্গে চার ১২টি।
তবে ৩১৫ রান করে ১১ রানের লিড পায় ঢাকা।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ঢাকা মেট্রোর ব্যাটিং লাইনআপে শুরুতেই ছোবল দেন রিপন মন্ডল। নিজের প্রথম বলে মাহফিজুল ইসলামকে কট বিহাইন্ড করার কয়েক ওভার পর এই পেসার ফিরিয়ে দেন আইচ মোল্লাকে।
এরপর এনামুল হকের ছোবলে দ্রুত আরও দুই উইকেট হারায় ঢাকা মেট্রো। ৮৩ রানে ৫ উইকেট হারানো দলটির হাল ধরেন আমিনুল ইসলাম ও তাহজিবুল ইসলাম। তাদের জুটিতে আসে ১০১ রান। ৯ চারে ৮২ রান করা আমিনুলের বিদায়ে ভাঙে জমে যাওয়া এই যুগলবন্দি।
৩১ রান করে অপরাজিত আছেন তাহজিবুল।
হাতে চার উইকেট নিয়ে ১৭৫ রানে এগিয়ে আছে ঢাকা মেট্রো।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৩০৪
ঢাকা ১ম ইনিংস: ৭৮.৩ ওভারে ৩১৫ (আগের দিন ২৫৪/৬) (শুভাগত ৮৩, নাজমুল ২৯, রিপন ১০, এনামুল ৭, সাকিল ১২*; আবু হায়দার ১৫-৪-৬৬-৩, আরিফ ১৯.৩-৪-৫৭-২, মারুফ ১৩-৪-৫৮-১, রকিবুল ২৫-৫-৭৭-২, আইচ ৫-০-৩৭-১, আমিনুল ১-০-৫-০)
ঢাকা মেট্রো ২য় ইনিংস: ৬৮ ওভারে ১৮৬/৬ (নাঈম ৪৮, মাহফিজুল ০, আইচ ১, আইয়ুব ১২, শামসুর ১, আমিনুল ৮২, তাহজিবুল ৩১*, আবু হায়দার ২*; সাকিল ৯-২-২২-০, রিপন ৮-২-২৪-২, এনামুল ১২-৩-৪৯-৩, শুভাগত ১৩-২-৩১-০, নাজমুল ১৬-৫-৩৩-১, তাইবুর ৩-১-৭-০, মোসাদ্দেক ৭-১-১৪-০)
