চট্টগ্রামের মাঠে ‘ফিউচার স্টার্স’
বিসিবি সভাপতি তামিম ইকবালের উদ্যোগে ফিরে এলো ‘বল বয়’ সংস্কৃতি, যদিও তাদেরকে ভিন্ন নাম দিয়েছেন তিনি।
ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের জন্য যখন মাঠে প্রবেল করলেন দুই দলের ক্রিকেটাররা, তাদের পেছনেই দেখা গেল একদল কিশোর-কিশোরিকে। বাউন্ডারি সীমানার বাইরে সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন তারা। পরে আকাশী টি শার্ট ও ট্রাউজার। খেলা শুরুর ঠিক আগে তারা ছড়িয়ে পড়লেন সীমানার ঠিক বাইরে মাঠের নানা প্রান্তে। এতক্ষণে সবার বুঝে যাওয়ার কথা তাদের পরিচয়, তারা ‘বল বয়।’
একসময় ক্রিকেট ম্যাচের গুরুত্বপূর্ণ অনুসঙ্গ ছিল বল বয়। সময়ের পরিক্রমায় আধুনিক ক্রিকেটের নানা পারিপার্শ্বিকতায় এই সংস্কৃতি হারিয়েই গেছে প্রায়। বল বয় দেখা যায় এখন খুব কম সিরিজ বা টুর্নামেন্টেই। বাংলাদেশে সেটিই আবার ফিরিয়ে আনছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। মূলত তার উদ্যোগেই আবার ফিরে এলো ‘বল বয়।’
কদিন আগে মিরপুরে ওয়ানডে সিরিজের সময় তামিম জানিয়েছিলেন ‘বল বয়’ ফিরিয়ে আনার ভাবনার কথা। নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বাস্তব রূপ পেল সেটি।
তামিম অবশ্য তাদেরকে ভিন্ন নামে ডাকতে চান। সাবেক অধিনায়ক সামাজিক মাধ্যমে জানালেন এটির পেছনের ভাবনাও।
“বল বয়” শব্দটা ব্যক্তিগতভাবে কখনোই খুব একটা ভালো লাগত না আমার। ওরাই আমাদের ভবিষ্যৎ, তাই আমি ওদেরকে বলতে চাই “ফিউচার স্টার্স।" আশা করি, এই খুদে ক্রিকেটাররা ওদের প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে দেখে অনুপ্রাণিত হবে, ওদের স্বপ্নের সীমানা বড় হবে এবং একদিন বাংলাদেশের হয়ে খেলবে।”
“আমিও একসময় ওদের মতোই ছিলাম—আমিও ছিলাম একজন 'বল বয়।”
সাধারণ স্থানীয় বিভিন্ন একাডেমির উঠতি ক্রিকেটারদের বেছে নেওয়া হয় এই ভূমিকার জন্য। সাচিন টেন্ডুলকার থেকে শুরু করে বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল বা তামিম, যুগে যুগে অনেক তারকা ক্রিকেটার ছেলেবেলায় মাঠে থেকেছেন বল বয় হিসেবে।
এই 'ভবিষ্যতের তারকাদের' ভূমিকা এ দিন শুধু বল কুড়োনোই ছিল না, ম্যাচের মাঝবিরতিতে তাদেরকে শারীরিক কসরত করান বিসিবির ট্রেনার ইফতিখার আহমেদ।
