পিএসএল
Published : 08 Jan 2026, 10:30 PM
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নতুন দুই দলকে অন্তর্ভুক্ত করেছে কর্তৃপক্ষ। টুর্নামেন্টের আগামী আসর থেকে দেখা যাবে হায়দরাবাদ ও শিয়ালকোটের ফ্র্যাঞ্চাইজি।
নিলামের মাধ্যমে দল দুটি বিক্রি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান ও স্বাস্থ্যসেবা সংস্থা এফকেএস এবং রিয়েল এস্টেট কনসোর্টিয়াম ওজেড ডেভেলপারস নিলামে জয়ী হয়েছে।
দুটি দলই পিএসএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজিটি ১৭৫ কোটি পাকিস্তানি রুপিতে কিনেছে এফকেএস। আর ওজেড ডেভেলপারস ১৮৫ কোটি রুপিতে কিনতে পেরেছে শিয়ালকোটের ফ্র্যাঞ্চাইজি।
আগামী আসর থেকে আট দল নিয়ে হবে পিএসএল। নতুন দুই দলকে অভিনন্দন জানিয়ে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, দুই নতুন মালিক কেবল তাদের দুটি ফ্র্যাঞ্চাইজির অভিভাবক নন, পাকিস্তান ক্রিকেটেরও অভিভাবক।
আগামী বছর কমপক্ষে আরেকটি ফ্র্যাঞ্চাইজি বিক্রি হবে। আসছে আসরে মুলতান সুলতান্স পরিচালনা করবে পিসিবি। পরের আসরে নিলামে তোলা হবে এই ফ্র্যাঞ্চাইজিকে।
পিএসএলের একাদশ আসর শুরু হবে আগামী ১৬ মার্চ। এক মাসের বেশি সময়ব্যাপী অনুষ্ঠেয় আসরের পর্দা নামবে আগামী ৩ মে।