শোয়েব আখতারের ওভারে বাবরের ১ ছক্কা ও ৩ চার
একটি প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হন পাকিস্তানের দুই প্রজন্মের দুই গ্রেট ক্রিকেটার।
পাকিস্তানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহে একটি প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হন দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। সেখানে গতি তারকা শোয়েব আখতারের এক ওভারে একটি ছক্কা ও তিনটি চার মারেন বাবর আজম।
পেশাওয়ারে শনিবার বাবরের নেতৃত্বাধীন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি পেশাওয়ার জালমি মুখোমুখি হয় লেজেন্ডস একাদশের। সাবেকদের দলটিকে নেতৃত্ব দেন ইনজামাম-উল-হাক।
ম্যাচটির আকর্ষণীয় মুহূর্তগুলোর একটি ছিল শোয়েব আখতার ও বাবর আজমের মুখোমুখি লড়াই। ৫০ বছর বয়সী শোয়েবের করা ওই ওভারে ১৮ রান নেন বাবর।
ওভারের প্রথম বলটি লেগ সাইড দিয়ে করেন শোয়েব, আসেনি কোনো রান। পরের ডেলিভারি ছক্কায় ওড়ান বাবর। তৃতীয় ও চতুর্থ বল দুটিও ছিল লেগ সাইডে, আলগা বলে চার মারেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান।
পঞ্চম ডেলিভারিতে সুযোগ তৈরি করেন শোয়েব। একটু আগে খেলে ফেলায় বাবরের ব্যাটের কানায় লেগে বল উঠে যায় উপরে। কিন্তু আশেপাশে ছিল না কোনো ফিল্ডার। ওভারের শেষ বলে পূর্বসূরিকে আরেকটি চার মারেন বাবর।
খেলোয়াড়ি জীবনে লম্বা রান-আপে গতির ঝড় তুলতেন শোয়েব। এদিন অবশ্য ছোট্ট রান-আপে বোলিং করেন তিনি, স্বাভাবিকভাবেই বলে ছিল না তেমন গতি।
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বলটি করার রেকর্ড শোয়েবের। ২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার বেগে বল করেছিলেন তিনি।
পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলেন শোয়েব। আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট ৪৪৪টি।
১৫ ওভারের প্রদর্শনী ম্যাচটিতে ২৩ বলে ৪১ রান করেন বাবর। তার দল তোলে ১৪৪ রান। পরে বল হাতেও তিনি ঝলক দেখান। পাকিস্তানের দুই ব্যাটিং গ্রেট আজহার আলি ও ইউনিস খানের উইকেট নেন বাবর।
লক্ষ্য তাড়ায় লেজেন্ডস একাদশ অষ্টম ওভারে ৫২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে দলকে টানেন ইনজামাম ও আজহার মাহমুদ। দুইজনেই থাকেন অপরাজিত। ৪৬ রান করেন ইনজামান, আজহার মাহমুদের ব্যাট থেকে আসে ৩৪।
তাদের অবিচ্ছিন্ন জুটিতে লক্ষ্যের খুব কাছে পৌঁছে যায় লেজেন্ডস একাদশ। শেষ পর্যন্ত যদিও ৬ রানে হেরে যায় সাবেকরা।
পাকিস্তানের পাঞ্জাবে চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় হাজারের বেশি গ্রাম তলিয়ে গেছে। বর্ষার টানা বৃষ্টি এবং প্রতিবেশী ভারত তাদের বাঁধগুলো থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার পর পূর্বাঞ্চলীয় প্রদেশটিতে বয়ে যাওয়া তিনটি প্রধান নদী ফুলে উঠে বন্যা পরিস্থিতি তৈরি হয়।
