‘প্রথমের’ স্বাদ নিয়ে রুটের ১৩৫*, স্টার্কের ৬ উইকেট
অস্ট্রেলিয়ার মাটিতে রুটের প্রথম সেঞ্চুরিতে ৩২৫ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড।
ম্যাচের ষষ্ঠ বলেই আঘাত হানলেন মিচেল স্টার্ক। পরে আরও পাঁচ শিকার ধরলেন অস্ট্রেলিয়ার গতিময় পেসার। তার ছোবল সামলে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে টানলেন জো রুট। দারুণ সেঞ্চুরিতে সত্যি করলেন অধরা এক স্বপ্ন। অস্ট্রেলিয়ার মাটিতে তার প্রথম শতকে ভালো অবস্থায় থেকে দিনের খেলা শেষ করল ইংল্যান্ড।
অ্যাশেজের ব্রিজবেন টেস্টের প্রথম দিন বৃহস্পতিবার ৯ উইকেটে ৩২৫ রান করেছে ইংল্যান্ড।
ক্যারিয়ারের ৪০তম টেস্ট সেঞ্চুরিতে ১৩৫ রানে খেলছেন জো রুট। তার ২০২ বলের ইনিংসটি সাজানো ১ ছক্কা ও ১৫ রানে। শেষ ব্যাটসম্যান হিসেবে নেমে ২ ছক্কা ও ১ চারে ৩২ রানে অপরাজিত আছেন জফ্রা আর্চার।
শেষ উইকেটে ৬১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা, দিবা-রাত্রির টেস্টে যা রেকর্ড। গোলাপি বলের ম্যাচে দশম উইকেটে নিউ জিল্যান্ডের টম ব্লান্ডেল ও ব্লেয়ার টিকনারের ৫৯ রানের জুটি ছিল আগের সর্বোচ্চ।
দিনটি অনেক বেশি স্পেশাল রুটের জন্য। অস্ট্রেলিয়ায় আগের ২৯ ইনিংসে কোনো সেঞ্চুরি ছিল না তার। এবারের সফরের প্রথম ম্যাচেও দুই ইনিংসে ফেরেন ০ ও ৮ রানে। তাসমান সাগরপারের দেশটিতে ষোড়শ টেস্ট খেলতে নেমে অবশেষে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন তিনি।
রুটের কীর্তি গড়ার ম্যাচে বল হাতে আলো ছড়িয়ে ৭১ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন স্টার্ক। টেস্টে এনিয়ে ১৮ বার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন অভিজ্ঞ বোলার। আর গোলাপি বলের টেস্টে ষষ্ঠবার।
দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের দিন একটি রেকর্ডও গড়েন স্টার্ক। টেস্টে বাঁহাতি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন তার, ৪১৮টি। ছাড়িয়ে যান তিনি পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে (৪১৪)।
প্রথম ওভারে উইকেট নেওয়াকে শিল্পে পরিণত করেছেন স্টার্ক। পার্থে দুই ইনিংসেই প্রথম ওভারে জ্যাক ক্রলিকে ফেরানো বোলার এবার বিদায় করেন বেন ডাকেটকে। অ্যাঙ্গেলে বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালিয়ে স্লিপে ধরা পড়েন ডাকেট, পান গোল্ডেন ডাকের তেতো স্বাদ।
টেস্ট ক্যারিয়ারে ২৬ বার প্রথম ওভারে উইকেটের স্বাদ পেলেন স্টার্ক। ২৯ বার প্রথম ওভারে উইকেট শিকার ধরে রেকর্ডটি ইংলিশ কিংবদন্তি জেমস অ্যান্ডারসনের।
নিজের পরের ওভারে অলি পোপকে বোল্ড করে দেন স্টার্ক। গ্যাবায় টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ৫ রানেই হারায় টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে।
সেই ধাক্কা সামলে উঠে ইংলিশরা আগের ম্যাচের দুই ব্যর্থ ব্যাটসম্যান ক্রলি ও রুটের নৈপুণ্যে। তাদের ১৫২ বল স্থায়ী ১১৭ রানের জুটিতে অগ্রণী ছিলেন ক্রলি। ১১ চারে ৭৬ রান করা ইংলিশ ওপেনাকে কট বিহাইন্ড করে জমে যাওয়া যুগলবন্দি ভাঙেন দলে ফেরা মাইকেল নিসার।
হ্যারি ব্রুক ও রুট এরপর বাড়াতে থাকেন দলের রান। দ্বিতীয় সেশনে তাদের ৫৪ রানের জুটিতে ফাটল ধরান স্টার্ক, স্লিপে ধরা পড়েন ব্রুক (৪টি চারে ৩১)। রান আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন বেন স্টোকস। পরের ওভারে জেমি স্মিথের স্টাম্প ভেঙে দেন স্কট বোল্যান্ড।
ধৈর্যশীল ব্যাটিংয়ে ৮৩ বলে ফিফটি স্পর্শ করেন রুট। এই সময়ে তার ব্যাট থেকে আসে পাঁচটি বাউন্ডারি। পঞ্চাশের পর আরও কমে যায় তার রান তোলার গতি। ফিফটি থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে ৯৮ বল লাগে ডানহাতি ব্যাটসম্যানের।
৬৬তম ওভারে স্কট বোল্যান্ডকে লেগ সাইড দিয়ে চার মেরে কাঙ্ক্ষিত ঠিকানায় পা রাখেন রুট, ১৮১ বলে। তার সেঞ্চুরি ছোঁয়ার উদযাপনে ফুটে ওঠে, কতটা আকাঙ্ক্ষিত ছিল তার এই ইনিংস।
উইল জ্যাকসকে ফেরানো স্টার্ক পরের ওভারে ধরে জোড়া শিকার। তিনশর অনেক আগেই তখন গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে ইংল্যান্ড। কিন্তু দ্রুত রান তুলে দলের রান সোয়া তিনশ পর্যন্ত নিয়ে যান রুট ও আর্চার।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৭৪ ওভারে ৩২৫/৯ (ক্রলি ৭৬, ডাকেট ০, পোপ ০, রুট ১৩৫*, ব্রুক ৩১, স্টোকস ১৯, স্মিথ ০, জ্যাকস ১৯, অ্যাটকিনসন ৪, কার্স ০, আর্চার ৩২*; স্টার্ক ১৯-০-৭২-৬, নিসার ১৪-৩-৪৩-১, বোল্যান্ড ১৯-১-৮৭-১, ডগেট ১৪-১-৭৬-০, গ্রিন ৮-১-৪৩-০)
