সাইফ হাসান যে কারণে টি-টোয়েন্টি দলে
গত জাতীয় লিগ টি-টোয়েন্টি যার স্ট্রাইক রেট ছিল ৭৭, বিপিএলে স্ট্রাইক রেট ছিল ১১৯, সেই সাইফ হাসানকে বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে রাখার কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক।
বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে সেই অর্থে কোনো চমক নেই। তবে কৌতূহলের যেটুকু আছে, বড় অংশ জুড়ে আছেন সাইফ হাসান। তার দলে থাকাটা অবাক করেছে অনেককেই। ১৬ জনের স্কোয়াড না হয়ে ১৫ জনের হলে, সাইফের জায়গা হতো কি না, সেই প্রশ্নও আছে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বললেন, ব্যাটে-বলে উপযোগিতা ভাবনায় রেখেই দলে নেওয়া হয়েছে সাইফকে।
একটা সময় পর্যন্ত দেশের ক্রিকেটে সাইফকে বড় দৈর্ঘ্যের ক্রিকেটের ব্যাটসম্যানই মনে করা হতো। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি টেস্ট ক্রিকেট দিয়েই। তবে খুব ভালো কিছু করতে পারেননি সাদা পোশাকে। সময়ের পরিক্রমায় নিজের খেলাকে ভেঙে ভিন্নভাবে গড়েছেন তিনি। বাংলাদেশের জয়ে ৫টি টি-টোয়েন্টিও খেলে ফেলেছেন। পারফর্ম করতে না পারায় বাদও পড়েছেন।
সেই সাইফ প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরলেন টি-টোয়েন্টি দিয়েই। তার টি-টোয়েন্টি ব্যাটিংয়ে যদিও উন্নতি হয়েছে অনেক, তবে আছে কিছু সংশয় ও প্রশ্নও। ছক্কা মারার বেশ দক্ষতা তিনি গড়ে তুলেছেন। কিন্তু তার শটের ভান্ডার খুব সমৃদ্ধ নয়। বড় শট খেলতে পারেন কেবল নিজের জোনে বল পেলেই। সিঙ্গল বের করার ক্ষেত্রেও আছে কিছু ঘাটতি।
এই সংস্করণে তার পারফরম্যান্সও খুব উল্লেখযোগ্য নয়। গত বিপিএলে ১৩ ইনিংসে ৩০৬ রান করেছেন তিনি ১১৯.০৬ স্ট্রাইক রেটে। এর আগের বিপিএলে ৮ ইনিংসে ১৪৫ করেছিলেন ১১৩.২৮ স্ট্রাইক রেটে।
গত মাসে গ্লোবাল সুপার লিগে তিন ইনিংসে করেছেন ৮৪ রান। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টিতে ছয় ইনিংসে ১৩২ রান করেছেন ১২১.১০ স্ট্রাইক রেট। গত জাতীয় লিগ টি-টোয়েন্টিতে তো তার পারফরম্যান্স ছিল ভীষণ নাজুক (সাত ইনিংসে ৪৭ রান, স্ট্রাইক রেট ৭৭.০৪)।
তার পরও কেন সাইফ দলে? দল ঘোষণার পর দিন শনিবার সংবাদ সম্মেলনে তা ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ।
“তাকে নেওয়ার সময় আরও অনেকেই আলোচনায় এসেছে। কোচ–অধিনায়ক, নির্বাচক মণ্ডলী, আমরা অনেক আলোচনা করেছি। আমাদের ওপরের দিকে (ব্যাটসম্যানদের মধ্যে) একটা গুরুত্বপূর্ণ বোলার দরকার ছিল। এক ওভার–দুই ওভারের একটা দায়িত্ব তিনি পালন করতে পারবেন।”
“তিন-চার নম্বরে অথবা ওপরের দিকে, যদি ওপেনার দরকার হয়, সে আলোকে সাইফের দিকে চোখ ছিল। এবার তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নম্বর চারে খেলার মতো ভালো ব্যাটসম্যান, একই সঙ্গে ওপরেও যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, প্রয়োজনে তিনি ওপেন করার সক্ষমতা রাখেন। আমরা এরকম ‘মাল্টিপল’ জায়গায় দায়িত্ব পালনের মতো ক্রিকেটার অনেক বেশি খুঁজছি। দলের সেটার প্রয়োজন অনেক বেশি।”
প্রধান নির্বাচকের তুলে ধরা পয়েন্টগুলো অবশ্য ঠিক। ওপেনিং থেকে চার-পাঁচ, সব জায়গায় ব্যাট করতে পারেন বা নানা সময়ে করেছেন সাইফ। টুকটাক বোলিং করতেন তিনি বয়স ভিত্তিক ক্রিকেট থেকেই। সেখানে বেশ উন্নতি করেছেন গত কয়েক বছরে। যদিও তার বোলিং অ্যাকশন নিয়ে কিছু সংশয়ের জায়গা ছিল। তবে অ্যাকশন নিয়ে কাজ করে এখন অনেকটাই রাউন্ড আর্ম অ্যাকশনে বোলিং করে থাকেন।
সাইফ সেরা একাদশের পরিকল্পনায় কতটা থাকবেন, সেই গভীরে যেতে চাইলেন না প্রধান নির্বাচক। তবে তাকে নানা জায়গায় কাজে লাগানোর ভাবনার কথাই বললেন তিনি আবার।
“প্রথম ১১ জন নির্বাচনের মুখ্য ভূমিকায় থাকে অধিনায়ক এবং প্রধান কোচ। আমাদেরও কিছু মতামত থাকে। ওপেনিংয়ে আমরা একটা থিতু জায়গায় আছি, আমাদের ওপেনিং জুটি নিয়ে… যদি কোনো ইনজুরি সমস্যা না আসে, সে জায়গায় অপেক্ষা করতে হবে সুযোগের জন্য। তাকে তৈরি থাকতে হবে সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য।”
“সাইফের ব্যাপারটা ওপরে এবং মাঝখানে… যেমন তাওহিদ হৃদয়ের যদি কোনো সমস্যা হয় বা চোটে পড়ে, এই দুটি জায়গাতেই তিনি কাভার করতে পারবেন। লিটন দাস আছেন, তিনিও যেকোনো সময় ওপেনিং করে দলের চাহিদা মেটাতে পারেন।”
অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের পর চার দিনের ম্যাচের বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডেও রাখা হয়েছে সাইফকে। তবে জাতীয় দলে সুযোগ পাওয়ায় এখন চারদিনের ম্যাচে আর খেলবেন না তিনি, দেশে ফিরে যোগ দেবেন সিলেটে ক্যাম্পে।
