২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভ: আফগানিস্তানকে উড়িয়ে ফাইনালে দ. আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ৯ উইকেটে জিতেছে এইডেন মার্করামের দল।

শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2024, 06:02 AM

Updated : 26 Aug 2026, 09:52 AM

একবার না পারিলে দেখো 'আটবার'

বিশ্বকাপের সেমি-ফাইনালের সঙ্গে যেন একরকম সাপে-নেউলে সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। চলতি বিশ্বকাপের আগে সাতবার সেরা চারে নাম লিখিয়েও ফাইনালে উঠতে পারেনি তারা। অষ্টমবারে ভাঙতে পারল তারা। প্রথমবার উঠল শিরোপার লড়াইয়ে।

এর আগে ১৯৯২, ১৯৯৯, ২০০৭, ২০১৫ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমি থেকে বিদায় নেয় তারা। ১৯৯৯ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে টাই করেও এর আগের ফলের ভিত্তিতে বাদ পড়ে তারা। টি-টোয়েন্টি ২০০৯ ও ২০১৪ বিশ্বকাপে সেরা চারে খেলেছিল তারা।

৯ উইকেটের জয়ে প্রথমবার ফাইনালে দ. আফ্রিকা

ব্যাটিং-বোলিংয়ে দাপুটে পারফরম্যান্সে প্রথম সেমি-ফাইনালে অনায়াস জয় পেল দক্ষিণ আফ্রিকা। নিজেদের ইতিহাসে যে কোনো সংস্করণের বিশ্বকাপে প্রথমবার তারা পৌঁছে গেল ফাইনালে।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে প্রোটিয়াদের জয় ৯ উইকেটে। আফগানদের মাত্র ৫৬ রানে গুটিয়ে দিয়ে ৮.৫ ওভারে ম্যাচ জিতে নেয় এইডেন মার্করামের দল।

সব মিলিয়ে পুরো ম্যাচে খেলা হয়েছে ১২৪ বল। বিশ্বকাপের নক আউটে বলের হিসেবে এটিই সবচেয়ে সংক্ষিপ্ত ম্যাচ। ২০১৪ সালে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সেমি-ফাইনালের নিষ্পত্তি হয়েছিল ২০৩ বলে। 

ছোট লক্ষ্য তাড়ায় শুরুতে কুইন্টন ডি ককের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ৩ ওভার দারুণ বোলিং করে আফগানিস্তান। তবে আর বিপদ ঘটতে দেননি রিজা হেনড্রিকস ও মার্করাম। 

হেনড্রিকস ২৫ বলে ২৯ ও মার্করাম ২১ বলে ২৩ রান করে দলকে প্রথমবার ফাইনালে তোলেন। 

এর আগে বিশ্বকাপের নক আউটে সর্বনিম্ন স্কোরের বিব্রতকর রেকর্ড গড়ে আফগানরা। তাদের সর্বোচ্চ ১৩ রান আসে অতিরিক্ত থেকে। দুই অঙ্ক ছুঁতে পারেন শুধু আজমতউল্লাহ ওমারজাই (১২ বলে ১০)।

নতুন বলে পাওয়ার প্লেতে ৩ উইকেট নেন মার্কো ইয়ানসেন। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। এছাড়া কাগিসো রাবাদা ও আনরিক নরকিয়া ধরেন ২টি করে শিকার। শেষ ৩ উইকেট নিয়ে লেজ মুড়িয়ে দেন তাব্রেইজ শামসি।

সংক্ষিপ্ত স্কোর: 

আফগানিস্তান: ১১.৫ ওভারে ৫৬ (গুরবাজ ০, জাদরান ২, নাইব ৯, ওমারজাই ১০, নাবি ০, খারোটে, জানাত ৮, রাশিদ ৮, নুর ০, নাভিন ২, ফারুকি ২*; ইয়ানসেন ৩-০-১৬-৩, মহারাজ ১-০-৬-০, রাবাদা ৩-১-১৪-২, নরকিয়া ৩-০-৭-২, শামসি ১.৫-০-৬-৩) 

দক্ষিণ আফ্রিকা: ৮.৫ ওভারে ৬০/১ (ডি কক ৫, হেনড্রিকস ২৯*, মার্করাম ২৩*; নাভিন ৩-০-১৫-০, ফারুকি ২-০-১১-১, রাশিদ ১-০-৮-০, ওমারজাই ১.৫-০-১৮-০, নাইব ১-০-৮-০)

ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী

পাওয়ার প্লেতে দক্ষিণ আফ্রিকার ১ উইকেটে ৩৪

শুরুর চাপ সামলে অনায়াসেই রান করছেন রিজা হেনড্রিকস ও এইডেন মার্করাম। পাওয়ার প্লের শেষ ৩ ওভারে দুজন মিলে নিয়েছেন ২৮ রান।

৬ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৩৪ রান। হেনড্রিকস ১৬ বলে ১৫ ও মার্করাম ১২ বলে ১২ রানে অপরাজিত। 

ফাইনালে উঠতে ১৪ ওভারে ২৩ রান প্রয়োজন প্রোটিয়াদের।

বড় সুযোগ হাতছাড়া আফগানিস্তানের

পরপর দুই ওভারে দুই উইকেট পেতে পারত আফগানিস্তান। কিন্তু রিভিউ না নিয়ে এইডেন মার্করামকে ফেরানোর সুযোগ হাতছাড়া করল তারা।

তৃতীয় ওভারে নাভিন-উল-হাকের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে পরাস্ত হন মার্করাম। বল জমা পড়ে রহমানউল্লাহ গুরবাজের গ্লাভসে। কট বিহাইন্ডের আবেদন করেন নাভিন। সাড়া দেননি আম্পায়ার।

আত্মবিশ্বাসী নাভিন রিভিউয়ের জন্য বোঝাতে থাকেন রাশিদ খানকে। উইকেটের পেছন থেকে ইশারায় গুরবাজ যেন বলার চেষ্টা করেন, তিনি কোনো আওয়াজ শুনতে পাননি। শেষ পর্যন্ত রিভিউ নেননি রাশিদ।

রিপ্লেতে দেখা যায়, ব্যাটের বাইরের কানা ছুঁয়েছিল বল। অর্থাৎ রিভিউ নিলে বিদায়ঘণ্টা বাজত প্রোটিয়া অধিনায়কের। 

এই সুযোগ হাতছাড়া হলেও ছোট পুঁজিতে শুরুটা ভালো করেছে আফগানিস্তান। ৩ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৬ রান। রিজা হেনড্রিকস ৪ বলে ১ ও মার্করাম ৬ বল খেলে রানের খাতা খোলার অপেক্ষায়।

হাসারাঙ্গাকে টপকে ফারুকির রেকর্ড

কুইন্টন ডি কককে বোল্ড করে এবারের আসরে ১৭তম উইকেট নিলেন ফাজালহাক ফারুকি।একইসঙ্গে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়লেন আফগানিস্তানের বাঁহাতি পেসার।

২০২১ সালে প্রথম বিশ্বকাপ খেলতে নেমে ৮ ইনিংসে ১৬ উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা। তার সমান ইনিংসেই রেকর্ডটি নিজের করে নিয়েছেন ফারুকি।

এর আগে রেকর্ডটি ছিল অজান্থা মেন্ডিসের। ২০১২ সালে ৬ ইনিংসে ১৫ উইকেট নেন শ্রীলঙ্কার রহস্য স্পিনার। পরে ২০২২ সালে হাসারাঙ্গাও নেন ১৫ উইকেট।

ডি কককে ফেরালেন ফারুকি

নিজের প্রথম ওভারেই আঘাত করলেন ফাজালহাক ফারুকি। ভেতরে ঢোকা ডেলিভারি বড় শটের খোঁজে বোল্ড হয়ে ড্রেসিং রুমে ফিরলেন কুইন্টন ডি কক।

৮ বলে ৫ রান করেন ডি কক। ক্রিজে রিজা হেনড্রিকসের সঙ্গী হলেন এইডেন মার্করাম।

৫৬ রানে অল আউট আফগানিস্তান

তাব্রেইজ শামসির স্টাম্পের ওপর করা ডেলিভারি স্লগ করতে গিয়ে ব্যাটে লাগাতে পারলেন না নাভিন-উল-হাক। বল প্যাডে লাগতেই জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়ে লাভ হয়নি নাভিনের। 

মাত্র ৫৬ রানে গুটিয়ে গেল আফগানিস্তান। টি-টোয়েন্টিতে এটিই আফগানদের সর্বনিম্ন স্কোর। ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৭২ রানে থেমেছিল তারা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালেও সর্বনিম্ন স্কোর এটি। এর আগে কোনো দল একশ রানের নিচে অল আউট হয়নি। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে গুটিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে টিকতেই পারেনি আফগান ব্যাটসম্যানরা। পাওয়ার প্লের ছয় ওভারে ড্রেসিং রুমে ফেরেন ৫ ব্যাটসম্যান। পরের ছয় ওভারের মধ্যে বাকি ৫ জনও আউট হন।

আফগানিস্তানের ইনিংসে সর্বোচ্চ ১৩ রান এসেছে অতিরিক্ত থেকে। ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন শুধু আজমতউল্লাহ ওমারজাই (১২ বলে ১০)।

পাওয়ার প্লেতে ৩ উইকেট নেন মার্কো ইয়ানসেন। কাগিসো রাবাদা ও আনরিক নরকিয়া ধরেন ২টি করে শিকার। শেষ ৩ উইকেট নিয়ে লেজ মুড়িয়ে দেন তাব্রেইজ শামসি।

সংক্ষিপ্ত স্কোর: 

আফগানিস্তান: ১১.৫ ওভারে ৫৬ (গুরবাজ ০, জাদরান ২, নাইব ৯, ওমারজাই ১০, নাবি ০, খারোটে, জানাত ৮, রাশিদ ৮, নুর ০, নাভিন ২, ফারুকি ২*; ইয়ানসেন ৩-০-১৬-৩, মহারাজ ১-০-৬-০, রাবাদা ৩-১-১৪-২, নরকিয়া ৩-০-৭-২, শামসি ১.৫-০-৬-৩)

রাশিদকে বোল্ড করলেন নরকিয়া

আগের ওভারেই আনরিক নরকিয়ার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল রাশিদ খানের। নতুন ওভারে বোলিংয়ে এসে দারুণ ডেলিভারিতে রাশিদকে বোল্ড করে যেন ব্যক্তিগত লড়াইটি শেষ করলেন নরকিয়া। 

২ চারে ৮ বলে ৮ রান করে ফেরেন রাশিদ। ৫০ রানে ৯ উইকেট হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে সেমি-ফাইনালে প্রথম দল হিসেবে একশ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় আফগানিস্তান।

ক্রিজে শেষ দুই ব্যাটসম্যান নাভিন-উল-হাক ও ফাজালহাক ফারুকি। ১১ ওভারে আফগানদের সংগ্রহ ৯ উইকেটে ৫৩ রান।

বোলিংয়ে এসেই শামসির জোড়া আঘাত

ত্রিশের আগে ৬ উইকেট হারানোর পর জুটি গড়ার অভিযানে কিছুটা পথ এগিয়েছিলেন রাশিদ খান ও কারিম জানাত। তবে তাদের বেশি দূর যেতে দিলেন তাব্রেইজ শামসি। দশম ওভারে আক্রমণে এসেই ২২ রানের জুটি ভাঙেন বাঁহাতি রিস্ট স্পিনার।

এক বল পর নুর আহমাদকেও ফেরান শামসি। ৫০ রানে ৮ উইকেট হারিয়ে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় আফগানিস্তান। 

শামসির ফুল লেংথে করা টার্নিং ডেলিভারি ব্যাটে লাগাতে পারেননি জানাত। জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। 

দ্রুত রিভিউ নেন আফগান অলরাউন্ডার। রিপ্লেতে দেখা যায়, 'উইকেট'র বেলায় এসেছে আম্পায়ার্স কল। অর্থাৎ আম্পায়ার নট আউট দিলে হয়তো বেঁচে যেতেন ১৩ বলে ৮ রান করা জানাত। 

ওভারের পঞ্চম বলে পেছনের পায়ে খেলার চেষ্টায় ব্যাট ছোঁয়াতে ব্যর্থ হন নুর। ফের আঙুল তুলে দেন আম্পায়ার। এবারও রিভিউ নিলে আসে আম্পায়ার্স কল। তাই রিভিউ না হারালেও হতাশা নিয়ে ফিরতে হয় নুরকে। 

১০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ৫০ রান। ৬ বলে ৮ রানে খেলছেন রাশিদ খান। নতুন ব্যাটসম্যান নাভিন-উল-হাক।

দক্ষিণ আফ্রিকার ব্যর্থ রিভিউ

আনরিক নরকিয়ার ভেতরে ঢোকা ডেলিভারি ব্যাটে লাগাতে পারলেন না কারিম জানাত। বল প্যাডে লাগতেই জোরাল আবেদন। তবে সাড়া দিলেন না আম্পায়ার। কিছুক্ষণ ভেবে রিভিউ নিলেন এইডেন মারক্রাম। 

রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পের বাইরে দিয়ে চলে যেত ওই বল। তাই নতুন কোনো বিপদ ঘটেনি আফগানিস্তানের। বৃথা যায় দক্ষিণ আফ্রিকার প্রথম রিভিউ।

৯ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৪৫ রান। রাশিদ খান ৬ বলে ৮ ও জানাত ১০ বলে ৪ রানে অপরাজিত।

ওমারজাইকে ফেরালেন নরকিয়া

চাপ সরাতে পাল্টা আক্রমণের চেষ্টা করলেন আজমতউল্লাহ ওমারজাই। কিন্তু সফল হলেন না। পাওয়ার প্লে শেষে আনরিক নরকিয়া আক্রমণে আসতেই ড্রেসিং রুমের পথ ধরলেন তরুণ অলরাউন্ডার।

অফ স্টাম্পের বাইরের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শটের খোঁজে ডিপ কভারে ক্যাচ দেন ওমারজাই। ২ চারে ১২ বলে ১০ রান করে ফেরেন তিনি। 

ত্রিশ ছোঁয়ার আগেই ৬ উইকেট হারিয়ে মহাবিপদে আফগানিস্তান। আট নম্বরে নেমেছেন অধিনায়ক রাশিদ খান। ক্রিজে অন্য ব্যাটসম্যান কারিম জানাত। 

৭ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২৯ রান।

ইয়ানসেনের তৃতীয় শিকার খারোটে

প্রোটিয়া পেসের কোনো জবাবই দিতে পারছে না আফগানিস্তান। পাঁচ ওভারের মধ্যে ড্রেসিং রুমের পথ ধরেছেন পাঁচ ব্যাটসম্যান। আউট হওয়ার তালিকায় সবশেষ যোগ দিয়েছেন নানগেলিয়া খারোটে।

মার্কো ইয়ানসেনের শরীর বরাবর আসা শর্ট বলে পুল করতে গিয়ে অস্বস্তিতে পড়ে যান খারোটে। তার গ্লাভস ছুঁয়ে বল জমা পড়ে কুইন্টন ডি ককের গ্লাভসে। ৭ বলে ২ রান করেন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান।

৫ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২৩ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান আজমতউল্লাহ ওমারজাই ও কারিম জানাত।

নতুন বলে টানা ৩ ওভারে ১৬ রানে ৩ উইকেট নিলেন ইয়ানসেন।

খালি হাতে ফিরলেন নাবি

চাপ সামাল দেওয়ার অভিযানে উল্টো দলের বিপদ আরও বাড়ালেন মোহাম্মদ নাবি। রাবাদার ভেতরে ঢোকা ডেলিভারির কোনো জবাবই দিতে পারলেন না অভিজ্ঞ ব্যাটসম্যান। স্টাম্প উড়িয়ে নিজের প্রথম ওভারে জোড়া সাফল্যের আনন্দে মাতলেন রাবাদা।

৪ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২০ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান আজমতউল্লাহ ওমারজাই ও নানগেলিয়া খারোটে।

টিকলেন না জাদরান

চতুর্থ ওভারে আক্রমণে এসে প্রথম বলেই সাফল্য পেলেন কাগিসো রাবাদা। দারুণ এক ডেলিভারিতে বোল্ড ইব্রাহিম জাদরান। ৫ বলে ২ রান করেন তিনি। 

মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান। আজমতউল্লাহ ওমারজাইয়ের সঙ্গে চাপ সামাল দেওয়ার অভিযানে পাঁচ নম্বরে নামলেন মোহাম্মদ নাবি।

নাইবকেও ফেরালেন ইয়ানসেন

পরপর দুই ওভারে দুই উইকেট নিলেন মার্কো ইয়ানসেন। বাঁহাতি পেসার এবার ফেরালেন তিন নম্বরে নামা গুলবাদিন নাইবকে। বাঁহাতি পেসারের অফ স্টাম্প লাইনে পিচ করে হালকা ভেতরে ঢোকা ডেলিভারিতে পরাস্ত নাইব বোল্ড হয়ে ধরেন ড্রেসিং রুমের পথ।

২ চারে ৮ বলে ৯ রান করেন নাইব। চার নম্বরে নামলেন আজমতউল্লাহ ওমারজাই। ওভারের শেষ বলে অল্পের জন্য লেগ স্লিপের হাতে ধরা পড়ে থেকে বেঁচে যান তিনি। উল্টো পেয়ে যান সৌভাগ্যের বাউন্ডারি।

৩ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ২০ রান। ইব্রাহিম জাদরান ৪ বলে ২ রানে খেলছেন।

শুরুতেই ফিরলেন গুরবাজ

প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকাকে ব্রেক থ্রু এনে দিলেন মার্কো ইয়ানসেন। টানা দুটি শর্ট বলে 'ওয়াইড' করার পর ফুল লেংথ ডেলিভারি করলেন বাঁহাতি পেসার। কভার ড্রাইভের চেষ্টায় ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে ধরা পড়লেন রহমানউল্লাহ গুরবাজ।

৩ বল খেলে রান করতে পারেনি আফগানিস্তানের উইকেট-ব্যাটসম্যান। তিন নম্বরে নামলেন গুলবাদিন নাইব। 

প্রথম ওভারে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৪ রান। ৩ বলে ১ রানে অপরাজিত আরেক ওপেনার ইব্রাহিম জাদরান।

১৪০-১৫০ রানের উইকেট

পিচ রিপোর্টে রিকি পন্টিং ও শন পোলক জানিয়েছেন, ১৭ কিমি. প্রতি ঘণ্টায় বাতাস বইছে। দুই পাশেই সীমানা ৬৩ মিটার। সোজা বাউন্ডারি ৭৫ মিটার। পুরোপুরি নতুন উইকেটে খেলা। আগে এখানে সিম, সুইং ও স্পিনের দেখা মিলেছে। বেশ কিছু  ফাটল আছে উইকেটে। একইসঙ্গে ঘাসের ছোঁয়াও আছে। তাই অসম বাউন্স দেখা যেতে পারে। বিশ্বকাপে এই মাঠে ৫১ উইকেটের মধ্যে ৩৮টিই পেসারদের নেওয়া। এখানে টস জিতলে ব্যাটিং নেওয়ার উইকেট। ১৪০-১৫০ রান এই পিচে ভালো স্কোর হওয়া উচিত।

প্রোটিয়া একাদশেও পরিবর্তন নেই

নিজেদের সবশেষ ম্যাচে একাদশে দক্ষিণ আফ্রিকাও কোনো পরিবর্তন করেনি। 

দুই ফাস্ট বোলার কাগিসো রাবাদা, আনরিক নরকিয়ার সঙ্গে আছেন পেস অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। আর দুই বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ ও তাব্রেইজ শামসির সঙ্গে হাত ঘোরাতে দেখা যেতে পারে এইডেন মারক্রামকে। 

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম, ডেভিড মিলার, হাইনরিখ ক্লসেন, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আনরিক নরকিয়া, তাব্রেইজ শামসি।

আফগানিস্তানের অপরিবর্তিত একাদশ

সুপার এইটে টানা দুই ম্যাচ জেতা একাদশে পরিবর্তন আনেনি আফগানিস্তান। দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে বোলিংয়ে একঝাঁক বিকল্প নিয়েই খেলতে নামছে তারা। 

পেস বিভাগে নাভিন উল হাক, ফাজালহাক ফারুকির সঙ্গে থাকছেন আজমতউল্লাহ ওমারজাই, গুলবাদিন নাইব ও কারিম জানাত। আর স্পিনে রাশিদ খানের সঙ্গে মোহাম্মদ নাবি, নানগেলিয়া খারোটে, নুর আহমাদ।

আফগানিস্তান একাদশ: ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, আজমতউল্লাহ ওমারজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নাবি, কারিম জানাত, রাশিদ খান, নানগেলিয়া খারোটে, নাভিন উল হাক, ফাজালহাক ফারুকি, নুর আহমাদ।

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

কয়েন নিক্ষেপ করলেন এইডেন মারক্রাম। 'হেড' ডাকলেন রাশিদ খান। উঠলও হেড। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত জানালেন আফগান অধিনায়ক। 

টুর্নামেন্টে এখন পর্যন্ত পাওয়া পাঁচ জয়ের চারটিতেই আগে ব্যাট করেছে আফগানিস্তান। ফাইনালে ওঠার লড়াইয়ে তাই ভালো একটা পুঁজি দাঁড় করিয়ে বোলারদের বাকি কাজের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন রাশিদ।

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম বলেছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিং নিতেন। তবে ফিল্ডিং পাওয়ায় উইকেটের শুরুর দিকে সুবিধা কাজে লাগাতে চান তিনি।

দ. আফ্রিকা-আফগানিস্তানের প্রথম ফাইনালের হাতছানি

বীরত্বপূর্ণ যাত্রায় নিজেদের ইতিহাসে প্রথমবার সেমি-ফাইনালে নাম লিখিয়েছে আফগানিস্তান। দাপুটে ক্রিকেট খেলে টুর্নামেন্টে অপরাজিত থেকে দশ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা চারে উঠেছে দক্ষিণ আফ্রিকা। দুই দলের কেউই এখন পর্যন্ত খেলেনি বিশ্বকাপে ফাইনাল। 

তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল থেকে নতুন ফাইনালিস্ট পেতে চলেছে ক্রিকেট বিশ্ব। নিজেদের সামগ্রিক ক্রিকেট ইতিহাসেই আগে কখনও সেমি-ফাইনাল খেলেনি আফগানিস্তান। তাই তাদের জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হতে চলেছে এটি।

আর ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সাতবার বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। প্রতিবারই তারা ছিল পরাজিত দল। এর দুইটি ২০০৯ ও ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সবশেষ ২০১৪ আসরে ভারতের কাছে ৬ উইকেটে হেরে শেষ হয় তাদের শিরোপার লড়াইয়ে নামার স্বপ্ন। 

আগেও সেমি-ফাইনাল খেলার অভিজ্ঞতার পাশাপাশি আফগানিস্তানের সঙ্গে মুখোমুখি লড়াইয়েও এগিয়ে দক্ষিণ আফ্রিকা। এই সংস্করণে দুবার মুখোমুখি হয়েছে দুই দল। দুটিই বিশ্বকাপে- ২০১০ ও ২০১৬ সালে। দুবারই সহজ জয় পেয়েছে প্রোটিয়ারা। তৃতীয়বারের দেখায় নিশ্চিতভাবেই ফল নিজেদের পক্ষে আনার চেষ্টা করবে আফগানরা।