ভারত-নিউ জিল্যান্ড
Published : 12 Jan 2026, 03:43 PM
চোট যেন পিছু ছাড়ছে না ভারত দলের। তাদের চোটাক্রান্ত ক্রিকেটারের তালিকা কেবল দীর্ঘই হচ্ছে। সেখানে এবার নতুন সংযোজন ওয়াশিংটন সুন্দার। পাঁজরের সমস্যার সঙ্গে লড়ছেন এই স্পিনিং অলরাউন্ডার।
নিউ জিল্যান্ডের বিপক্ষে রোববার খেলা প্রথম ওয়ানডেতে বাঁ পাশের পাঁজরে চোট পান ওয়াশিংটন। এতে তিন ম্যাচের সিরিজের শেষ দুটি থেকে ছিটকে গেলেন তিনি।
ভাদোদারায় ৪ উইকেটে জেতা ম্যাচে কেবল ৫ ওভার বোলিং করতে পারেন ওয়াশিংটন। ২৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। কিউইদের ইনিংসের মাঝপথে মাঠ ছেড়ে যান তিনি। এরপর আর নামেননি।
৩০১ রানের লক্ষ্য তাড়ায় ৮ নম্বরে ব্যাটিংয়ে নামেন ওয়াশিংটন। ব্যাটিংয়ের সময়ও তার অস্বস্তি স্পষ্ট দেখা যায়। ৭ রানে অপরাজিত থাকেন তিনি।
কিউইদের বিপক্ষে মাঠের লড়াই শুরুর আগে অনুশীলন করার সময় সাইড স্ট্রেইনে চোট পান রিশাভ পান্ত। পরে পুরো ওয়ানডে সিরিজটি থেকেই ছিটকে পড়েন এই কিপার-ব্যাটসম্যান।
কুঁচকির সমস্যা থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন তিলাক ভার্মা। এর জন্য তার অস্ত্রোপচারও করাতে হয়। নিউ জিল্যান্ড সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টিতে তাকে পাবে না ভারত।
ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ আগামী বুধবার ও রোববার। আর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু ২১ জানুয়ারি।