২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা প্রিমিয়ার লিগের খেলা এবার সম্প্রচারিত হবে টিভিতে

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগে ১ কোটি টাকায় স্পন্সর হয়েছে মেঘনা ব্যাংক, এছাড়াও ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে সুখবর দিল বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2024, 08:51 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

প্রতিশ্রুতি বহু পুরোনো। আশা দেখানো হলো নতুন করে আরেকবার। ঢাকা প্রিমিয়ার লিগের খেলা এবার টিভিতে সম্প্রচার তাহলে হচ্ছেই! এখনও অবশ্য শতভাগ নিশ্চিত নয়। তবে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ফাহিম সিনহা জানালেন, টিভিতে সম্প্রচার নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার আয়োজনটি ছিল অবশ্য ঢাকা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ নিয়ে। দীর্ঘদিন পর এই তিন লিগের জন্য স্পন্সরশিপ পেয়েছে বিসিবি। এক কোটি টাকায় আগামী মৌসুমের জন্য এই তিন লিগের টাইটেল স্পন্সরশিপ ও গ্রাউন্ডস রাইটস কিনেছে মেঘনা ব্যাংক। ভবিষ্যতেও ক্রিকেটের পাশে থাকার আশাবাদ জানিয়েছে এই ব্যাংকের কর্মকর্তারা।

এই আয়োজনের প্রশ্ন হলো ঢাকা প্রিমিয়ার লিগের খেলা টিভিতে দেখানো নিয়ে। নাজমুল হাসান যখন বিসিবির সভাপতি ছিলেন, অনেকবারই বলেছেন এই উদ্যোগ নেওয়ার কথা। তবে সেটি সফল হয়নি। গত কয়েক বছর ধরে অবশ্য বিসিবির ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং করা হয় প্রিমিয়ার লিগ, জাতীয় লিগসহ ঘরোয়া নানা টুর্নামেন্টের খেলা।

তবে এবার ঢাকা প্রিমিয়ার লিগের খেলা টিভিতে দেখা যাবে বলে আশ্বাস দিয়ে রাখলেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা।

“এবার আমরা বলতে পারি, টিভিতে দেখা যাবে প্রিমিয়ার লিগের খেলা। আমাদের আলোচনা অনেক দূর এগিয়েছে। একটি টিভিতে তো আর একাধিক ম্যাচ দেখানো যাবে না। একটি খেলা টিভিতে সম্প্রচারিত হবে, দিনের অন্য ম্যাচগুলি আগের মতো স্ট্রিমিং করা হবে।”

এবার তৃতীয় বিভাগের খেলা শুরু হবে ২৫ অক্টোবর, দ্বিতীয় বিভাগ ২২ নভেম্বর ও প্রথম বিভাগ শুরু হবে আগামী ১২ জানুয়ারি। 

দেশের ক্রিকেটে বরাবরই একটু অবহেলিত এই লিগগুলি। কিন্তু ক্রিকেটার উঠে আসার পাইপলাইনের ক্ষেত্রে তিনটি লিগই মহাগুরুত্বপূর্ণ। প্রতিবারই এসব লিগ নিয়ে নানা অভিযোগ রয়ে যায়। কখনও অভিযোগ থাকে উইকেটের মান নিয়ে, কখনও বলের মান থাকে খারাপ, আম্পায়ারিং প্রশ্নবিদ্ধ হয় তো প্রায়ই। তবে এবার এসব অভিযোগ অনেক কমানোর চেষ্টা থাকবে বলে প্রতিশ্রুতি দিলেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা।