Published : 15 Jul 2026, 07:02 PM
আইসিসি সভায় প্রথমবার যোগ দিয়েই বড় দায়িত্ব পেয়ে গেলেন তামিম ইকবাল। স্কটল্যান্ডে সম্প্রতি আইসিসি সাধারণ সভায় নতুন দুটি উপ-কমিটি গঠিত হয়েছে। ‘ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটি’ নামে একটি কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিসিবি সভাপতিকে।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে কাঠামোর আওতায় আনা, সেগুলোর স্বীকৃতি দেওয়া বা না দেওয়া এবং বিস্তারিত সবকিছু দেখভালের জন্য এই কমিটি গঠন করেছে আইসিসি।
কমিটির অন্য সদস্যরা হলেন ক্রিকেট নামিবিয়ার সভাপতি রুডি ফন ফুরেন, বিসিসিআই সচিব দেভাজিৎ সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।
এই সভাতেই তামিমকে আইসিসি বোর্ডের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় ও বরণ করে নেওয়া হয়। তামিমের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদেরও আনুষ্ঠানিক বৈধতা মেলে এতে।
এরপর প্রথম সভাতেই তাকে দেওয়া হলো গুরু দায়িত্ব।
আরেকটি কমিটির নাম ‘গভর্ন্যান্স রিভিউ কমিটি’, যেটির চেয়ারম্যান বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এবং অন্য দুই সদস্য ক্রিকেট সাউথ আফ্রিকার প্রতিনিধি ড. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক রস রিভাজ।
এবারের সাধারণ সভায় আইসিসির ১১১তম সদস্য দেশ হিসেবে অনুর্ভুক্ত করা হয়েছে মরিশাসকে। সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বলছে, “বিশ্বজুড়ে খেলাটির অব্যাহত অগ্রগতির পথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি। মরিশাসের এই সংযোজন ক্রিকেটের প্রসার বৃদ্ধি, উদীয়মান বাজারগুলোতে এর উপস্থিতি শক্তিশালী করা এবং বিশ্বজুড়ে অংশগ্রহণ ও উন্নয়নের জন্য বৃহত্তর সুযোগ তৈরি করার ক্ষেত্রে আইসিসির অঙ্গীকারকে প্রতিফলিত করে।”
এছাড়াও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের আবেদনের প্রেক্ষিতে তাদের সদস্য বোর্ডগুলিকে সহায়তার জন্য ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ অনুমোদন করা হয়েছে।