২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮১ বছর পুরোনো স্মৃতি ফেরালেন ভারতীয় তরুণ ব্যাটসম্যান

প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে দ্বিশতক করে রিটায়ার্ড আউট হওয়া ছয় ক্রিকেটারের একজন দানিশ মালেওয়ার।

৮১ বছর পুরোনো স্মৃতি ফেরালেন ভারতীয় তরুণ ব্যাটসম্যান
প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে দারুণ শুরু করা দানিশ মালেওয়ারের ব্যাটে রানের জোয়ার চলছেই। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 07:57 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির হাতছানিতে খেলতে নামা দানিশ মালেওয়ার কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছাতে বেশি সময় নিলেন না। নতুন দিনের প্রথম ওভারেই পা রাখলেন দ্বিশতকের সীমানায়। এরপর রিটায়ার্ড আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে ভারতীয় ক্রিকেটের ৮১ বছর পুরনো এক স্মৃতি ফেরালেন তরুণ এই ব্যাটসম্যান।

ভারতের ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম শুরুর টুর্নামেন্ট দুলিপ ট্রফির কোয়ার্টার-ফাইনালে নর্থ ইস্ট জোনের বিপক্ষে ১৯৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেন মালেওয়ার। বাউন্ডারি মেরে ডাবল সেঞ্চুরিতে পা রাখার পর রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন সেন্ট্রাল জোনের টপ অর্ডার ব্যাটসম্যান।

১ ছক্কা ও ৩৬ চারে ২২২ বলে ২০৩ রানের চমৎকার এক ইনিংস খেলেন মালেওয়ার। ৪ উইকেটে ৫৩২ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিন প্রথম ইনিংস ঘোষণা করে তার দল।

প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরির পর রিটায়ার্ড আউট হওয়া তৃতীয় ভারতীয় ২১ বছর বয়সী মালেওয়ার। ভারতের ক্রিকেটে এর আগে এমন কিছু দেখা গেছে প্রায় ৭ যুগ আগে! ১৯৪৪ সালের ডিসেম্বরে তখনকার বোম্বেতে সার্ভিসেস একাদশের বিপক্ষে ২০১ রান করে রিটার্ড আউট হয়ে মাঠ ছেড়েছিলেন ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার ভিজায় মার্চেন্ট। 

আগের মৌসুমেই (১৯৪৩-৪৪) প্রথম শ্রেণির ইতিহাসে প্রথমবার এই নজির গড়েন গগুমাল কিশেনচান্দ। বারোদায় সিকে নাইডু একাদশের হয়ে ডিবি দেওধার একাদশের বিপক্ষে ২০৪ রান করে রিটায়ার্ড আউট হন তিনি।

সব মিলিয়ে প্রথম শ্রেণিতে ডাবল সেঞ্চুরি করে রিটায়ার্ড আউট হওয়া ষষ্ট ব্যাটসম্যান মালেওয়ার। টেস্ট ক্রিকেট এমন কিছুর সাক্ষী হয়েছে কেবল একবার। ২০০১-০২ মৌসুমে বাংলাদেশের বিপক্ষে কলম্বো টেস্টে ২০১ রান করে উঠে যান শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু। 

লাল বলের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন মালেওয়ার। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে সবশেষ চার ম্যাচে তার পঞ্চম পঞ্চাশ ছোঁয়া ইনিংস এটি। গত মৌসুমে রাঞ্জি ট্রফির কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালে ৭৫ ও ৭৯ রানের দুটি ইনিংস খেলেন তিনি বিদর্ভের হয়ে। পরে ফাইনালে ১৫৩ ও ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ছিলেন তিনিই।

গত রাঞ্জি ট্রফি দিয়েই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় মালেওয়ারের। ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচে ফিফটির পর সেঞ্চুরি করেন চতুর্থ ম্যাচে। অভিষেক আসরে ৯ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৫২.২০ গড়ে ৭৮৩ রান করে বিদর্ভের শিরোপা জয়ে তিন রাখেন উল্লেখযোগ্য অবদান। সেই ফর্ম বইয়ে আনলেন দুলিপ ট্রফিতেও।

বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সের গ্রাউন্ড ‘বি’তে বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় ওভারে ক্রিজে যান মালেওয়ার। দ্বিতীয় উইকেটে আরিয়ান জুয়ালের সঙ্গে ১৪৪ রানের জুটি গড়েন তিনি। ৬০ রান করে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন আরিয়ান।

পরে অধিনায়ক রাজাত পাতিদারকে নিয়ে গড়েন ১৯৯ রানের জুটি। আগ্রাসী ব্যাটিংয়ে ২১ চার ও ৩ ছক্কায় ৯৬ বলে ১২৫ রানের ইনিংস খেলে বিদায় নেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ী অধিনায়ক পাতিদার।

মালেওয়ার খেলে যান নিজের মতো। দারুণ ব্যাটিংয়ে ছাড়িয়ে যান নিজের আগের সেরা ১৫৩ রান। ডাবল সেঞ্চুরি থেকে ২ রান দূরে থেকে দিন শেষ করেন তিনি। আর নতুন দিনের প্রথম ওভারেই সেই মাইলফলক স্পর্শ করেন ডানহাতি এই ব্যাটসম্যান।

সব মিলিয়ে ১০টি প্রথম শ্রেণির ম্যাচে মালেওয়ারের পঞ্চাশ ছোঁয়া ইনিংস হলো ৯টি। যেখানে দুটি সেঞ্চুরি, একটি ডাবল সেঞ্চুরি ও ফিফটি আছে ৬টি। ১৬ ইনিংসে তার মোট রান এখন ৯৮৬।