২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাবল সেঞ্চুরির আশা জাগিয়েও হলো না নাঈমের

বিধ্বংসী ব্যাটিংয়ে ১৮ চার ও ৮ ছক্কায় ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন মোহাম্মদ নাঈম শেখ, কিন্তু লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটি হলো না।

ডাবল সেঞ্চুরির আশা জাগিয়েও হলো না নাঈমের
ক্যারিয়ার সেরা ইনিংস খেললেও ডাবল সেঞ্চুরি হলো না নাঈমের। ছবি: রতন গোমেজ/বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2025, 12:58 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

সালাউদ্দিন শাকিলের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ড্রাইভ করার চেষ্টা করলেন মোহাম্মদ নাঈম শেখ। কিন্তু ড্রাইভ খেলার লেংথে ছিল না বল, শট খেলার সময় নড়ে গেল তার ভারসাম্য, একটু ঘুরে গেল ব্যাট। তাতেই সর্বনাশ। কভারে সহজ ক্যাচ পেলেন অলক কাপালি।

হতাশায় কিছুক্ষণ ক্রিজেই দাঁড়িয়ে রইলেন নাঈম। পরে আকাশপানে তাকিয়ে রইলেন বাঁহাতি ওপেনার। ড্রেসিং রুমে ফেরার পথে পুরোটা সময় যেন নিজের শরীরটাকে কোনো রকমে টেনে নিচ্ছিলেন তিনি। অসাধারণ ব্যাটিংয়ে চার-ছক্কার ফোয়ারা ছুটিয়ে ক্যারিয়ার সেরা ইনিংস তিনি খেলছেন। কিন্তু ডাবল সেঞ্চুরি যে হলো না! 

দ্বিশতকের হতাশা থাকলেও ঢাকা প্রিমিয়ার লিগে রোববার যে ইনিংস খেললেন নাঈম, দেশের ক্রিকেটে তা বিরল। ব্রাদার্স ইউনিয়নের বোলারদের তুলাধুনা করে ১২৫ বলে তিনি করলেন ১৭৬ রান। স্ট্রাইক রেট ১৪০.৮০! ১৮ চারের সঙ্গে ৮টি ছক্কা মারেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার।

লিস্ট 'এ' ক্রিকেট বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এর চেয়ে বড় ইনিংস আছে আর মাত্র তিনটি। ২০১৯ সালে আবাহনী লিমিটেডের হয়ে ১৪ চার ও ১৬ ছক্কায় ১৫৩ বলে ২০৮ রান করেন সৌম্য সরকার। দেশের লিস্ট 'এ' ক্রিকেটে এখন পর্যন্ত এটিই একমাত্র ডাবল সেঞ্চুরি।

নাঈম আউট হওয়ার সময় বাকি ছিল আরও ৬৯ বল। যেভাবে তিনি খেলছিলেন, তাতে ডাবল সেঞ্চুরিকে মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু ক্লান্ত শটে বিদায় নিয়ে শেষ পর্যন্ত সৌম্যর সঙ্গী হতে পারলেন না তিনি। 

২০১৭ সালের লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে ১৩৮ বলে ১৭ চার ও ১০ ছক্কায় ১৯০ রানের ইনিংস খেলেন রকিবুল হাসান। ২০২২ সালে প্রাইম ব্যাংকের হয়ে ১৮৪ রান করেন এনামুল হক। প্রিমিয়ার লিগের লিস্ট 'এ' যুগে এর পরই এখন থাকবে নাঈমের নাম।

সব মিলিয়ে দেশের লিস্ট 'এ' ক্রিকেটে নাঈমের আগে থাকছে আরেকটি নাম। ২০১৮ সালে আয়ারল্যান্ড 'এ' দলের বিপক্ষে ১৮২ রান করেন মুমিনুল হক। এছাড়া ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৬ রানের ইনিংস খেলেন লিটন কুমার দাস। আন্তর্জাতিক ওয়ানডেতে সেটিই এখন বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস। 

এর বাইরে লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের দেড়শ ছোঁয়া ইনিংস আছে আরও বেশ কয়েকটি। তবে একটি জায়গায় সবাইকে ছাড়িয়ে নাঈম। আর কেউই ১৪০ স্ট্রাইক রেটে দেড়শ রানের ইনিংস খেলতে পারেননি। 

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু থেকেই ব্রাদার্সের বোলারদের ওপর চড়াও হন নাঈম। মাত্র ৩৮ বলে তিনি করেন ফিফটি। এরপর কিছুটা লাগাম টেনে শতরানের পথে এগিয়ে যান তিনি। ৮২ বলে পূর্ণ করেন লিস্ট 'এ' ক্যারিয়ারের নবম সেঞ্চুরি।

তিন অঙ্ক ছুঁয়ে আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠেন বাঁহাতি ওপেনার। পরের ৪৩ বলে তিনি করেন ৭৬ রান। একশ থেকে দেড়শতে পৌঁছতে বল খেলেন মোটে ২৪টি। 

ব্রাদার্সের স্লিঙ্গিং একশনের পেসার নুর মোহাম্মদের ওপর রীতিমতো টর্নেডো বইয়ে দেন ২৫ বছর বয়সী ওপেনার। ইনিংসের ৮ ছক্কার ৬টিই তিনি মারেন নুরের ওভারে। নাঈমের কাছে বাকি ২টি ছক্কা হজম করেন অভিজ্ঞ অফ স্পিনার সোহাগ গাজী।

বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিল কিছুটা সমীহ আদায় করে নেন নাঈমের কাছ থেকে। তার বলে মাত্র একটি বাউন্ডারি মারতে পারেন বাঁহাতি ওপেনার। আউট হওয়ার আগের ওভারেও শাকিলের দারুণ ইয়র্কারে কিছুটা ভড়কে গিয়েছিলেন নাঈম।

পরে শাকিলের বলেই শেষ পর্যন্ত ফিরতে হয় তাকে। তখন ক্যারিয়ার সেরা ইনিংসের তৃপ্তির চেয়ে ডাবল সেঞ্চুরি হাতছাড়া করার তাৎক্ষনিক হতাশাই বেশি।