Published : 03 Sep 2026, 11:22 PM
৯৬ থেকে চার মেরে সেঞ্চুরি ছুঁয়ে একটি রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা। পরের ওভারে পরপর দুটি ছক্কা মেরে তিনি নাম লেখালেন আরেকটি রেকর্ডে। তার দুর্দান্ত ইনিংসটি যখন থামল, ততক্ষণে রেকর্ড হয়ে গেল একগাদা।
উইমেন’স এশিয়া কাপে বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ৬৪ বলে ১২৪ রান করেন মান্ধানা। ভারতীয় ব্যাটারের ইনিংসটি গড়া ১৪ চার ও সাত ছক্কায়।
দুবাইয়ে দলের ইনিংস শুরু করতে নেমে তিনি রান আউট হয়ে থামেন শেষ ওভারে। ২০ ওভারে ভারত তোলে ৫ উইকেটে ১৯৩ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান শেফালি ভার্মার।
৩০ বছর বয়সী বাঁহাতি ব্যাটার মান্ধানার ইনিংসটি জন্ম দিয়েছে রেকর্ডের পর রেকর্ড।
সেঞ্চুরির চূড়া
মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে এতদিন যৌথভাবে শীর্ষে ছিলেন মান্ধানা। ১৮তম সেঞ্চুরি করে তিনি উঠলেন নতুন চূড়ায়। অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং ও দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টের শতক আছে ১৭টি করে। তালিকায় তাদের পরে আছেন হেইলি ম্যাথিউস (১৫), সুজি বেটস (১৪) ও ট্যামি বাউমন্ট (১৪)।
রানের চূড়া
মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ডও নিজের করে নিলেন মান্ধানা। এখানে তিনি ছাড়িয়ে গেলেন ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজকে। ১০ হাজার ৮৬৮ রান নিয়ে ক্যারিয়ারের ইতি টানেন মিতালি। তাকে ছাড়িয়ে যেতে এ দিন মান্ধানার প্রয়োজন ছিল ১১৩ রান।
পঞ্চাশের চূড়া
মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ডের চূড়ায় মিতালি রাজের পাশে বসলেন মান্ধানা; দুজনেরই ৯৩টি করে। তালিকায় অনেকটা পেছনে থেকে তাদের পরে আছেন শার্লট এডওয়ার্ডস (৮০)।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ড আগে থেকেই মান্ধানার, যা এখন হলো ৩৭টি। দ্বিতীয় সর্বোচ্চ বেথ মুনির ৩৩টি।
অনন্য কীর্তি (১)
ভারতের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি করলেন মান্ধানা। বর্তমান অধিনায়ক হারমানপ্রিত কৌরের আছে একটি। দলটির আর কেউ তিন অঙ্কের দেখা পাননি।
মান্ধানা প্রথম সেঞ্চুরিটি করেছিলেন গত বছরের জুনে, ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে।
অনন্য কীর্তি (২)
টি-টোয়েন্টি সংস্করণের উইমেন’স এশিয়া কাপে সেঞ্চুরি করা ভারতের প্রথম ব্যাটারও মান্ধানা। হারমানপ্রিত তার সেঞ্চুরিটি করেন ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে।
এশিয়া কাপে মান্ধানা ছাড়া সেঞ্চুরি আছে আর কেবল শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুর, ২০২৪ সালে। লঙ্কান কিংবদন্তির অপরাজিত ১১৯ ছাড়িয়ে এশিয়া কাপে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড নিজের করে নিলেন মান্ধানা।
ছক্কার চূড়া
টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন মান্ধানার (৯৫)। তিনি ছাড়িয়ে গেলেন হারমানপ্রিতকে (৮৯)।
এ দিন মান্ধানার সাত ছক্কা ভারতের হয়ে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ। এখানে তার ওপরে আছেন হারমানপ্রিত, যিনি ২০১৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ছক্কা মারেন আটটি।