‘আমি আসলে একজন বোরিং পারসন’
ক্রিকেট আর জীবনে প্রায় একই রুটিন আর শৃঙ্খলাবদ্ধ জীবন বছরে পর বছর ধরে চালিয়ে গেলেও কোনো ক্লান্তি নেই মুশফিকুর রহিমের।
দলীয় অনুশীলন শুরুর অনেক আগেই মাঠে গিয়ে অনুশীলন করা তার জন্য প্রতি দিনের ঘটনা। ঐচ্ছিক অনুশীলনে তার উপস্থিতি নিয়মিত চিত্র। খেলা থাকুক বা না থাকুক, অনুশীলনে ছাড় নেই। নিজেকে ছুটি দেন তিনি সামান্যই। বছরের পর বছর ধরে চলে আসছে একই শৃঙ্খলাবদ্ধ জীবন, যেখানে বৈচিত্রের ছাপ নেই তেমন। তবু তার ক্লান্তি নেই। এই প্রক্রিয়াই চালিয়ে যেতে চান তিনি আরও অনেক দিন।
মুশফিকের ক্যারিয়ারে উত্থান-পথন অনেক এসেছে। মুদ্রার দুই পিঠ তিনি দেখেছেন বহুবার। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের সফলতম ব্যাটসম্যান তিনি, অর্জন-রেকর্ড-কীর্তি কম নেই। আবার হতাশা ও আক্ষেপের মুহূর্তও এসেছে অনেক। ক্যারিয়ার বিশ্লেষণে ফুটে উঠবে কিছু খামতি। সমালোচনার শিকারও নানা সময়ে কম হতে হয়নি তাকে। তবে একটি জায়গায় তার দিকে আঙুল তোলার অবকাশ নেই- তার প্রচেষ্টা ও নিবেদন।
অনুশীলন আর ঘাম ঝরানোয় তিনি সবসময়ই ছিলেন দলের অগ্রণীদের একজন। প্রস্তুতিতে কোনো কমতি তিনি রাখতে চান না। এখানে আপোস করেন সামান্যই। তার ক্যারিয়ার নিয়ে যে কোনো আলোচনায় এই নিষ্ঠা-নিবেদন-পরিশ্রম-নিরলস ছুটে চলা, এসবের কথাই সবার আগে তুলে ধরেন সবাই।
এই ৩৮ বছর বয়সেও তাই দলের সবচেয়ে ফিট ক্রিকেটারদের একজন তিনি। অনেক সময় বরং তার অনুশীলন অতিরিক্ত হয়ে যাচ্ছে কি না, এমন প্রশ্ন উঠেছে।
তিনি বাইরের এসব আলোচনায় কান দেননি। বাইরের জীবনের হাতছানিতে ক্রিকেটের সঙ্গে আপোস তিনি করেননি খুব একটা।
সাড়ে ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০০ টেস্টের ঠিকানায় পৌঁছে পেছন ফিরে তাকিয়ে মুশফিক বললেন, জীবনের সবকিছুতেই একটি ছকে নিজেকে পরিচালনা করেন তিনি।
“দেখুন, আমি একটা কথা বলি, সত্যি বলতে, আমি আসলে একজন বোরিং পারসন। আমি প্রত্যেকদিন অনুশীলন করি… যদি বলেন, একই জিনিস আমি বারবার করতে পারি। সেটা ২০ বছর হোক বা যদি বেঁচে থাকি আরও ৪০ বছর, একই কাজ করে যেতে পারি, যদি নিজের জন্য ও দলের জন্য প্রয়োজন হয়। পেশাদারিত্বে আমার কাছে কোনো ছাড় নেই।”
“আমি একশ করি বা শূন্য, আমার এই প্রক্রিয়া চলবেই। সাফল্য আমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু প্রচেষ্টা, প্রক্রিয়া ও সততা তো আমার হাতে। সেটিই আমার জীবনের একমাত্র ব্রত। এটা শুধু ক্রিকেটের ক্ষেত্রে নয়, সবকিছুতেই।”
