২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বারবার অনুশীলনেও যেখানে ফল মিলছে না ভারতের

পরিসংখ্যানবিদদের মতে যেটা বাস্তবে ‘অসম্ভব’, সেটাই হয়েছে ভারতের ক্ষেত্রে।

বারবার অনুশীলনেও যেখানে ফল মিলছে না ভারতের
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে টস হারলেন ভারত অধিনায়ক রোহিত শার্মা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 05:44 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

একের পর এক ম্যাচ পেরিয়ে যাচ্ছে, কখনও জয়ের আনন্দ আবার কখনও পরাজয়ের হতাশা ভর করছে। কিন্তু একটা জায়গায় ভারত দলে নেই কোনো পরিবর্তন; ম্যাচের শুরুতে মুদ্রা নিক্ষেপে। ওয়ানডে ক্রিকেটে টানা ২০ ম্যাচে টসভাগ্য পক্ষে আসেনি তাদের!

এই হতাশাময় যাত্রায় সবশেষ বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরেছে ভারত। তাদের টানা টস হারের পথচলা শুরু হয়েছিল ২০২৩ সালের ১৯ নভেম্বরে, আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে হেরে শিরোপাস্বপ্ন ভাঙা ম্যাচটিতে ভারতকে নেতৃত্ব দেন রোহিত শার্মা। এরপর অধিনায়ক বদলেছে, ফল বদলেছে; কিন্তু টসের এই দৃশ্যপট বদলায়নি।

টানা টস হারের আগের ১৯ ম্যাচের ১২টি জিতেছে ভারত, ৬টিতে হেরেছে, বাকি একটি টাই হয়েছে।

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের দিন মুদ্রা নিক্ষেপের পর ‘হেডস’ ডাকেন সফরকারী অধিনায়ক টেম্বা বাভুমা এবং সেটাই হয়। পরিসংখ্যানবিদদের মতে, ভারতের এই টানা ২০ ম্যাচে টস হারের ঘটনা সম্ভাবনার বিচারে ১০ লক্ষ ৪৮ হাজার ৫৭৬ বারের মধ্যে একবার হওয়া সম্ভব, অবিশ্বাস্যভাবে সেটাই সম্ভব হয়েছে তাদের ক্ষেত্রে।

চোট পেয়ে ছিটকে পড়া নিয়মিত অধিনায়ক গিলের জায়গায় নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল। আরেকবার টস হেরে তার মুখে খেলে যায় অদ্ভূত এক হাসি। একটু মজা করার চেষ্টাও করেন তিনি।

“সত্যি বলতে, ক্যারিয়ারে এর চেয়ে বেশি চাপ আমাকে সইতে হয়নি। কারণ অনেক দিন আমরা টস জিতিনি। তাই আমি এটা অনুশীলনও করছি, কিন্তু স্পষ্টতই যে তা কাজে দিচ্ছে না।”