২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলারদের ব্যর্থতায় ইমার্জিং দলের হতাশাময় দিন

টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন চার ক্রিকেটারকে নিয়েও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিনে হতাশ করল বাংলাদেশ।

বোলারদের ব্যর্থতায় ইমার্জিং দলের হতাশাময় দিন
ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 12:51 AM

Updated : 16 Sep 2026, 12:57 PM

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম চার দিনের ম্যাচের প্রথম দিনটা সুখকর হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের জন্য। সারা দিনে বল হাতে প্রতিপক্ষকে খুব একটা ভাবাতে পারেনি কেউ। দারুণ এক সেঞ্চুরিতে স্বাগতিকদের বড় সংগ্রহের ভিত গড়ে দেন মদিরি লিথেকো। 

রোববার টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ৩ উইকেটে ৩৩১ রান তুলে শেষ করেছে প্রথম দিন।

লিথেকো করেছেন ১১৩ রান। আর দলটির অধিনায়ক মিচেল ফন বুরেন অপরাজিত আছেন ৯৭ রানে। 

বাংলাদেশের হয়ে ৬০ রানে দুই উইকেট নেন ইকবাল হোসেন ইমন।

বাংলাদেশের একাদশে টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন চার জন ক্রিকেটার আছেন। প্রোটিয়া একাদশে এই সংখ্যা শূন্য।

দিনের তৃতীয় ওভারে মুহাম্মদ মানাককে ফিরিয়ে ভালো কিছুর ইঙ্গিত দেন ইকবাল। তার ইনসুইং বুঝতে না পেরে শূন্য রানে বোল্ড হন ডানহাতি ব্যাটসমান।

পাঁচ রানে প্রথম উইকেট হারানোর ধাক্কা সামলে, ওপেনার লিথেকো ও ড্যানিয়েল স্মিথ দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১১৮ রান। ৪৯ রান করা স্মিথকে দ্বিতীয় সেশনের শুরুতে ফেরান ইকবাল।

তৃতীয় উইকেটে ফন বুরেনকে নিয়ে আরও ৬২ রান যোগ করার পথে সেঞ্চুরি করেন লিথেকো। ৪৪তম ওভারে নাঈম হাসানের বলে মিড অফে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। 

১৩৮ বলে ১২ চার ও তিন ছক্কায় নিজের ইনিংস সাজান লিথেকো। 

এরপর, বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে চতুর্থ উইকেট জুটিতে ১৪৬ রান যোগ করেন ফন বুরেন ও রিচার্ড সেলেটসওয়েন। 

৬৯ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছেন সেলেটসওয়েন।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল: ৯০ ওভারে ৩৩১/৩ (লিথেকো ১১৩, মানাক ০, স্মিথ ৪৯, ফন বুরেন ৯৭*, সেলেটওয়েন ৬৯*; ইকবাল ১০-১-৬০-২, রিজওয়ান ৬-২-৩০-০, নাঈম ২৬-৩-৮০-১, এনামুল ১০-২-৩৭-০, আশরাফুল ২৮-৪-৮৩-০, আমিনুল ১০-১-৪০-০)