ক্যাপিটালসের ‘মেন্টর’ শোয়েব আখতার এখন ঢাকায়
বিপিএল দল ঢাকা ক্যাপিটালসের ‘মেন্টর’ হিসেবে চলতি মৌসুমে কাজ করবেন ক্রিকেট ইতিহাসের দ্রুততম বোলার।
গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে শোয়েব আখতার লিখেছিলেন, ‘ঢাকা- আমি আসছি অনেক দিন পর।’ সেই দিনটিও চলে এলো দ্রুতই। পাকিস্তানের সাবেক গতি তারকা ঢাকায় পা রাখলেন রোববার প্রথম প্রহরে।
খেলোয়াড়ি জীবনে বেশ কবারই এদেশে এসেছেন তিনি। সেই অধ্যায় অতীত হয়ে গেছে অনেক আগেই। ৫০ বছর বয়সী সাবেক ফাস্ট বোলার এবার এসেছেন নতুন পরিচয়ে। বিপিএল দল ঢাকা ক্যাপিটালসের ‘মেন্টর’ হিসেবে তিনি কাজ করবেন এবারের আসরে।
শোয়েবের আসার খবর জানিয়ে ভোরে ক্যাপিটালসের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “নতুন অভিযানের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুশৃঙ্খল ইউনিট গড়ে তুলতে এই ফ্র্যাঞ্চাইজির তৈরি হওয়ার পথে তার অন্তর্ভুক্তি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। মাঠের ভেতরে ও বাইরে দলকে দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শোয়েব আখতারের বিপুল আন্তর্জাতিক অভিজ্ঞতা, জয়ী মানসিকতা ও নেতৃত্ব।”
এই দফায় অবশ্য মাত্র দিন দুয়েক ঢাকায় থাকবেন শোয়েব। পরবর্তীতে আসবেন আবার। বিপিএলের দ্বাদশ আসর শুরু আগামী ২৬ ডিসেম্বর।
পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলেছেন শোয়েব। ক্রিকেট খেলাটির সুদীর্ঘ ইতিহাসে আলাদা জায়গা নিয়ে আছেন তিনি গতির কারণে। আনুষ্ঠানিক হিসেবে ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির ডেলিভারিটি বের হয়েছে তার হাত থেকেই।
খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছেন তিনি ২০১১ বিশ্বকাপে। এখন পাকিস্তানের বিভিন্ন টিভিতে বিশেষজ্ঞ মতামত দিতে দেখা যায় তাকে।
বিপিএলের গত আসরে চিটাগং কিংসর ‘মেন্টর’ হিসেবে কাজ করেছেন আরেক পাকিস্তানি তারকা শাহিদ খান আফ্রিদি। পরে সেটি নিয়ে কেলেঙ্কারি কম হয়নি। পারিশ্রমিক না পেয়ে ও দলের সত্বাধিকারীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সাড়া না পেয়ে সংবাদমাধ্যমে ক্ষোভ জানান সাবেক এই পাকিস্তানি অধিনায়ক।
