২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিশাদ-ওয়েডদের হৃদয় ভেঙে ফাইনালে স্মিথ-স্টার্করা

১৫ উইকেট নিয়ে বিগ ব্যাশে নিজের প্রথম আসর শেষ করলেন রিশাদ হোসেন।

রিশাদ-ওয়েডদের হৃদয় ভেঙে ফাইনালে স্মিথ-স্টার্করা
ফিফটি করার পর স্টিভেন স্মিথ (ডানে)। ছবি: সিডনি সিক্সার্স এক্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2026, 05:38 PM

Updated : 26 Aug 2026, 02:46 PM

দারুণ ব্যাটিংয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন স্টিভেন স্মিথ। সঙ্গে বাকিদের অবদানে প্রায় দুইশ রানের সংগ্রহ গড়ল সিডনি সিক্সার্স। পরে তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তাড়ায় জয়ের কোনো সম্ভাবনাই জাগাতে পারল না হোবার্ট হারিকেন্স। দারুণ জয়ে আবার বিগ ব্যাশের ফাইনালে উঠল স্মিথ-স্টার্করা।

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুক্রবার চ্যালেঞ্জার ম্যাচে ৫৭ রানে জিতেছে সিক্সার্স। ফাইনালে ওঠার লড়াইয়ে ৮ উইকেটে ১৯৮ রান করে শিরোপাধারীদের গুটিয়ে দিয়েছে তারা ১৪১ রানে।

বিগ ব্যাশে এনিয়ে অষ্টমবার ফাইনালে উঠল তিনবার শিরোপা জেতা সিক্সার্স। আগামী রোববার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স। প্রতিযোগিতাটিতে ষষ্ঠবার ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল।

এবারই প্রথম বিগ ব্যাশে খেলতে যান রিশাদ হোসেন। টুর্নামেন্টে অভিষেক আসরেই ফাইনালে খেলার দুয়ারে ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত হতাশা নিয়েই অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে হারিকেন্সের এই লেগ স্পিনারকে।

তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন রিশাদ। দারুণ ধারাবাহিকতায় ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে আসরে শেষ করলেন তিনি। চলতি বিগ ব্যাশে স্পিনারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট এখন পর্যন্ত নিতে পারেননি কেউ। সমান ১৫ উইকেট নিয়েছেন ফাইনালিস্ট পার্থ স্কর্চার্সের বাঁহাতি স্পিনার কুপার কনোলি ও অ্যাডিলেইড স্ট্রাইকার্সের লেগ স্পিনার লয়েড পোপ।

সিক্সার্সের বিপক্ষে হারের ম্যাচেও দারুণ বোলিং করেন রিশাদ। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ধরেন দুই বড় শিকার। সেটাও আবার একই ওভারে।

নিজের প্রথম দুই ওভারে ১৪ রান দেওয়া রিশাদ তৃতীয় ওভারের প্রথম ডেলিভারিতে ভেঙে দেন স্মিথের স্টাম্প। তাকে সুইপ হিট করে পুরোপুরি ব্যর্থ হন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান। পরে ওভারের শেষ বলে প্রতিপক্ষ অধিনায়ক মোইজেস হেনরিকেসকেও বিদায় করেন রিশাদ।

এদিন সপ্তদশ ওভারে কোটার শেষ ওভারটি করতে এসে কেবল চার রান দেন তিনি। ওই ওভারেও পেতে পারতেন উইকেট। কিন্তু কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় এবং নিজেদের রিভিউ বাকি না থাকায় উইকেটটি পাওয়া হয়নি তার।

স্মিথই এদিন সিক্সার্সকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ওপেনিংয়ে নেমে ১ ছক্কা ও ৯টি চারে ৪৩ বলে ৬৫ রান করেন তিনি। তাতে পরের ব্যাটসম্যানরা ক্রিজে গিয়েই দ্রুত রান তোলায় মনোযোগ দিতে পারে।

৮ বলে ১৯ রান করেন হেনরিকেস। দুটি করে ছক্কা-চারে ১২ বলে ২৭ রান আসে জোয়েল ডেভিসের ব্যাট থেকে। চারটি চারে ১৩ বলে ২১ রান করেন শ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় হারিকেন্স। তাদের ইনিংসে ফিফটি করতে পারেননি কেউ। ২৫ রান ছুঁতে পেরেছেন কেবল একজন। ১ ছক্কা ও তিনটি চারে ২৬ বলে ৪০ রান করেছেন বেন ম্যাকডারমট।

৯ নম্বরে নেমে একটি ছক্কায় ৮ বলে ১১ রান করেন রিশাদ। তাকে বিদায় করেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন জ্যাক এডওয়ার্ডস।

ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলার পর বল হাতেও আলো ছড়ান ডেভিস। বাঁহাতি স্পিনে ২ ওভারে ১৭ রান দিয়ে দুই শিকার ধরেন তিনি। টানা দুই বলে নিখিল চৌধুরি ও ম্যাথু ওয়েডকে ফেরান এই ক্রিকেটার। সঙ্গে দারুণ দুটি ক্যাচ নেন। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ডেভিস।

তিনি ছাড়াও দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক (২৯ রানে) ও শন অ্যাবট (১৮ রানে)। ৩ ওভারে ২৬ রান খরচায় ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার বেন ডোয়ার্শিস।