১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আইসিসি মাসসেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ের নায়ক হাসান

‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এ বাংলাদেশের পেসারের অন্য দুই প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের অলি রবিনসন ও শ্রীলঙ্কার সোনাল দিনুশা।

আইসিসি মাসসেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ের নায়ক হাসান
হাসান মাহমুদ। ছবি: বিসিবি ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 05:28 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদের সামনে দারুণ এক স্বীকৃতির হাতছানি। ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ডানহাতি এই পেসার। অগাস্টের সেরার লড়াইয়ে তার অন্য দুই প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের অলি রবিনসন ও শ্রীলঙ্কার সোনাল দিনুশা।

গত মাসের সেরার লড়াইয়ে মনোনীত পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম বৃহস্পতিবার ঘোষণা করে আইসিসি। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন থাইল্যান্ডের সুলেপোর্ত লাওমি ও নান্নাপাত কনচারোয়েনকাই এবং আইল অব ম্যানের লুসি বার্নেট।

হাসান মাহমুদ

অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেটে দুটি ম্যাচ খেলেন হাসান। ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর পথে বড় ভূমিকা রাখেন তিনি। প্রথম ইনিংসে ৫৫ রানে নেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ধরেন আরও তিন শিকার।

অস্ট্রেলিয়ার মাটিতে এক টেস্টে ৯ উইকেট বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং। ম্যাকাইয়ে পরের ম্যাচে ৭ উইকেট নেন শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়াতে এখন পর্যন্ত কোনো টেস্ট জেতেনি শ্রীলঙ্কা। পাকিস্তান সবশেষে জিতেছে ১৯৯৫ সালে এবং এরপর থেকে টানা ১৭ টেস্ট হেরেছে। তাসমান সাগর পারের দেশটিতে নিজেদের তৃতীয় টেস্টেই জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাকাইতে পরে ইনিংস ব্যবধানে হারে দলটি।

ডারউইনে মহাকাব্যিক সেই জয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন হাসান। ম্যাকাইতে একমাত্র ইনিংসে কোনো উইকেটের দেখা পাননি তিনি। তাতে কি! ডারউইনের ওই দুর্দান্ত পারফরম্যান্সই তাকে জায়গা করে দিয়েছে সেরার লড়াইয়ে।

অলি রবিনসন

গত মাসে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলেন রবিনসন। দুর্দান্ত বোলিংয়ে দুই ম্যাচেই সেরার পুরস্কার জেতেন ইংলিশ পেসার। লিডসে প্রথম ইনিংসে পাঁচটিসহ মোট আট উইকেট নেন তিনি। ম্যাচটি ইনিংস ও ১০৩ রানে জেতে ইংল্যান্ড।

লর্ডসে দুই ইনিংসেই চারটি করে উইকেট নেন রবিনসন। ডানহাতি এই পেসারের নৈপুণ্যে ম্যাচটি ১৯৪ রানে জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে ইংলিশরা।

সোনাল দিনুশা

ভারতের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন দিনুশা। গলে ১৬৫ রানে হেরে যাওয়া ম্যাচে প্রথম ইনিংসে ঠিক ১০০ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৮৪ রান।

কলম্বোতে সতীর্থদের বাজে ব্যাটিংয়ে দলের হাল ধরেন দিনুশা। প্রথম ইনিংসে তার ১০৩ রানেও অবশ্য ফলো-অন এড়াতে পারেনি লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে ভারতীয়দের সামনে দেয়াল হয়ে দাঁড়ান দিনুশা। তার ১৩৩ রানের অপরাজিত ইনিংসে অবিশ্বাস্য এক ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

সুলেপোর্ত লাওমি

অগাস্টে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই বল হাতে আলো ছড়ান লাওমি। পাপুয়া নিউগিনির বিপক্ষে দুটি টি-টোয়েন্টিতে দুই উইকেট নেন থাইল্যান্ডের এই লেগ স্পিনার। পরে ওয়ানডে সিরিজে ধরেন চার শিকার।

হংকংয়ের বিপক্ষে এক উইকেট নিয়ে উইমেন’স এশিয়া কাপ শুরু করেন লাওমি। এরপর ভারতের বিপক্ষে চমৎকার বোলিংয়ে ৩ উইকেট নেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

নান্নাপাত কনচারোয়েনকাই

লাওমির সতীর্থ কানচারোয়েনকাই পাপুয়া নিউগিনির বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। দুই ম্যাচে যথাক্রমে ৩০ ও ৪৬ রান করেন তিনি। এখন খেলছেন এশিয়া কাপে। সব মিলিয়ে গত মাসে চার টি-টোয়েন্টিতে ৮৬.২২ স্ট্রাইক রেটে ১৪৪ রান এসেছে তার ব্যাট থেকে।

আর পাপুয়া নিউগিনির বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮০.১৩ স্ট্রাইক রেটে ১২১ রান করেন কানচারোয়েনকাই।

লুসি বার্নেট

আইসিসি প্লেয়ার অব দা মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া আইল অব ম্যানের প্রথম ক্রিকেটার বার্নেট। অগাস্টে চারটি টি-টোয়েন্টি খেলে সেরার লড়াইয়ে এসেছেন আইল অব ম্যানের অধিনায়ক।

উইমেন’স কন্টিনেন্টাল কাপে রোমানিয়ার বিপক্ষে অপরাজিত ৭১ রানের ইনিংস দিয়ে গত মাস শুরু করেন বার্নেট। পরে নরওয়ের বিপক্ষে অপরাজিত ১২৩ রান করেন তিনি। আর তুরস্কের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৫৯ রান।