‘অস্ট্রেলিয়ারও এখন জো রুটকে গ্রেট মানতে হবে’
অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের মতে, এবার নিশ্চয় স্বস্তি পাবেন এই ইংলিশ তারকা ব্যাটসম্যান।
ব্যাট হাতে ক্যারিয়ারে অসংখ্য কীর্তি গড়লেও, কেবল অস্ট্রেলিয়ার মাটিতে কোনো সেঞ্চুরি না থাকায় কম খোঁচা হজম করতে হয়নি জো রুটকে। দীর্ঘ প্রতীক্ষার ইতি এবার টানতে পেরেছেন তিনি। ব্রিজবেনে পেসারদের দাপট সামলে খেলেছেন তিন অঙ্ক ছোঁয়া দারুণ ইনিংস। টেস্ট ক্রিকেটে তো আগে থেকেই তিনি গ্রেট, এবার অস্ট্রেলিয়ানদেরও সেটা মানতে হবে বলে মনে করেন অ্যালেস্টার কুক।
নামের পাশে ৩৯টি টেস্ট সেঞ্চুরি নিয়ে এবারের অ্যাশেজে খেলতে যান রুট। কিন্তু এর একটিও অস্ট্রেলিয়ার মাটিতে নয়। সেজন্য ঐতিহাসিক এই সিরিজের আগে তাকে কম কথা শুনতে হয়নি। বিশেষ করে, অস্ট্রেলিয়ার সাবেকদের কাছ থেকে।
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ও সাবেক কোচ ড্যারেন লিম্যান বলেছিলেন, ‘সর্বকালের সেরাদের একজন’ বিবেচিত হতে হলে রুটকে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করতেই হবে। একইভাবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি নেই বলে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের সর্বকালের সেরা একাদশে রুটকে রাখেননি সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্রেগ ব্লেওয়েট।
সব সমালোচনা জবাব কী দারুণভাবেই না দিলেন রুট! ব্রিজবেনে মিচেল স্টার্কের দিনভর ছোবল সামলে অপরাজিত ১৩৫ রানের ইনিংস খেলে প্রথম দিন শেষ করেছেন তিনি। তার ২০২ বলের ইনিংসটি সাজানো ১ ছক্কা ও ১৫ রানে।
অস্ট্রেলিয়ায় টেস্টে ২৯ ইনিংস পর পেলেন শতকের স্বাদ, এখানে প্রথমবার খেলার চার হাজার ৩৯৫ দিন পর।
তৃতীয় ওভারে পাঁচ রানে দুই উইকেট হারানোর পর ক্রিজে যান রুট। সিরিজের প্রথম টেস্টে ০ ও ৮ রান করা ব্যাটসম্যান এবারও ফিরতে পারতেন ব্যক্তিগত দুই রানে। স্লিপে বেশ কঠিন ক্যাচ হাতে জমাতে পারেননি স্টিভেন স্মিথ। জীবন পেয়ে নিজেক সামলে নেন রুট। ওপেনার জ্যাক ক্রলি ছাড়া অন্য পাশে কেউ সেভাবে দাঁড়াতে না পারলেও, দারুণ দৃঢ়তায় এগিয়ে যান ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান।
ফাইন লেগে ফ্লিক করে, কাঙ্ক্ষিত মাইলফলকে পা রেখে ব্যাট-হেলমেট উঁচিয়ে ধরেন রুট। তার অনবদ্য ইনিংসটি দেখে টিএনটি স্পোর্টসে উচ্ছ্বসিত প্রশংসা করেন তার এক সময়ের সতীর্থ কুক।
“চমৎকার এক ইনিংস এবং ঠিক যেটার দরকার ছিল ইংল্যান্ডের। সবসময়ের মতো চাপের মুহূর্তে সে অসাধারণ। সে ইংল্যান্ডের ইতিহাসের সেরা ব্যাটসম্যান। দিনে দিনে সে কেবলই আরও ভালো হয়ে উঠছে।”
“এখন এমনকি অস্ট্রেলিয়ানদের মানতে হবে, সে গ্রেট ক্রিকেটার।”
রুটকে প্রশংসায় ভাসিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এক্সে লিখেছে, “আগেও কোনো সন্দেহ ছিল না, এখনও নেই। এই খেলার সত্যিকারের এক গ্রেট।”
এই সেঞ্চুরির আগে অস্ট্রেলিয়ায় ৯টি ফিফটিসহ ৯০০ রান করেন রুট। গড় ছিল কেবল ৩৩.৩৩, কোনো দেশে দুই ইনিংসের বেশি ব্যাট করেছেন তার মধ্যে সবচেয়ে কম গড়।
তাই পশ্চিম অস্ট্রেলিয়ার পত্রিকায় তাকে হেয় করে লেখা হতো, ‘অ্যাভরেজ জো।’
এবার নিশ্চয় তার প্রতি দেশটির সাবেক ক্রিকেটারদের এবং গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বদলাবে।
এদিন বল হাতে আলো ছড়িয়ে ৭১ রান দিয়ে ৬ উইকেট নেন স্টার্ক। কিন্তু রুটের প্রতিরোধ ভাঙতে পারেননি তিনি। দিনের খেলা শেষে এই পেসারও প্রতিপক্ষ ব্যাটসম্যানের প্রশংসা করেন।
“অস্ট্রেলিয়ায় সে (রুট) অনেক পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছে এবং আমি নিশ্চিত, সেঞ্চুরি পেয়ে সে এবার স্বস্তি পাবে।”
“আজ সে খুবই চমৎকার খেলেছে এবং কন্ডিশন ঠিকঠাক বুঝেছে, চাপ সামলেছে এবং দিনের শেষভাগে এসে ফল পেয়েছে।”
রুটের ইনিংসের সৌজন্যেই ৯ উইকেটে ৩২৫ রান প্রথম দিন করেছে ইংল্যান্ড। দ্বিতীয় দিন দলটি আর কতটা এগোতে পারবে, সেটাও নির্ভর করছে রুটের ওপরই।
